আনরিলিজড অ্যালবামের গান নিয়ে বাংলাদেশের প্রথম সিডি রেডিও ম্যানিয়া
এমন কি কখনো শুনেছেন, গানের অ্যালবাম রিলিজ পায়নি অথচ সেই গানগুলো দিব্বি বেজে চলেছে শ্রোতাদের সিডি প্লেয়ারে, কিংবা এমপি থ্রি প্লেয়ারে? তাও একজনের গান নয়, নয়জন শীর্ষস্থানীয় গায়কের এবং যে গানগুলোর কথা লিখেছেন ও সুর করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সব গীতিকার ও সুরকাররা। সেই ব্যতিক্রম ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। পান-সিগারেটের দোকানে পালমাল সিগারেটের প্যাকেটের ভেতরের সাদা অংশের পাচটি টুকরো জমা দিলেই পাওয়া যাচ্ছে (অবশ্য সব দোকানে সহজলভ্য হয়নি) মার্কা ও জি-সিরিজ-এর ব্যানারে একটি গানের সিডি, যেটি নট ফর সেল, অর্থাৎ বিক্রির জন্য নয়। সিডির নাম রেডিও ম্যানিয়া। আর এটি হলো আনরিলিজড অ্যালবামের গান নিয়ে বাংলাদেশের প্রথম সিডি। অ্যালবামে সে সব গান রয়েছে যে গুলোর অ্যালবাম রিলিজ পাবে আরো কিছুদিন পরে (উল্লেখ্য, জংলী পার্ট ওয়ান গানটির অ্যালবাম এরই মধ্যে মুক্তি পেয়েছে)। এ অ্যালবামের অন্যতম বৈশিষ্ট্য হলো, রেডিও ক্যারি না করেই আপনি পাবেন রেডিও শোনার ফিলিংস কারণ গানগুলো শোনার সময় মনে হবে আপনি গান শুনছেন এফএম রেডিওতে; কেননা, গান শুরু হওয়ার আগে আপনি শুনতে পাবেন দুর্লভ ও এক্সক্লুসিভ সব তথ্য নিয়ে কিছু উপস্থাপনা, বক্তব্য- যাতে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের শীর্ষস্থানীয় এফএম রেডিও চ্যানেল রেডিও টুডে এফএম ৮৯.৬-এর দুই রেডিও জকি কিবরিয়া ও নুদরাত। আর দেরি না করে অ্যালবামটির গানগুলো সম্পর্কে কিছু তথ্য সংক্ষেপে জেনে নেয়া যাক।
১. অন্বেষণ : কথা, সুর ও কণ্ঠ সুমন, সঙ্গীত ফুয়াদ। ৫ মিনিট ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি একজন একাকী প্রেমিকের অনুভূতির কথা নিয়ে, যিনি একাকী বসে ভাবছেন তার হারানো প্রেমিকার কথা। স্যাড রোমান্টিক মুডের মেলোডিয়াস এ গানটি শ্রোতাদের ভালো লাগবে।
২. রোদেলা দুপুর : কথা মিথিলা, সুর ও সঙ্গীত তাহসান, কণ্ঠ তাহসান ও মিথিলা। চার মিনিট দৈর্ঘ্যের এ গানটি যেন এক সুখী প্রেমিক-প্রেমিকা জুটির (নাকি দম্পতির) কথোপকথন। মেলোডিয়াস মিউজিকের শ্রোতার তৃষ্ণা ভালোভাবেই মেটাবে গানটি। এটি সম্ভবত এ সিডির সেরা গান।
৩. জংলি পার্ট ওয়ান : কথা, সুর, সঙ্গীত ও কণ্ঠ ফুয়াদ। ৫ মিনিট ৫০ সেকেন্ড দৈর্ঘ্যের এ গানটিতে পাবেন জঙ্গল থিমের মিউজিক। ব্যতিক্রম ও আধুনিক চটুল কথার গানটিতে মানুষের ভেতরের অবচেতন একটি সত্তার আবির্ভাবের পাশাপাশি পাবেন সুরের বিভিন্ন ভেরিয়েশন। বাংলা গানে এ ধরনের কনসেপ্টের গান নেই বললেই চলে।
৪. প্রথমা : কথা নুরুল মোমেন, সুর টিপু, সঙ্গীত পার্থ মজুমদার ও রাজীব, কণ্ঠ এস আই টুটুল। ৪ মিনিট ৫৫ সেকেন্ড দৈর্ঘ্যের এ গানটিতে প্রেমিক অন্যত্র বিয়ে হয়ে যাওয়া প্রেমিকাকে বলছে অতীত স্মৃতি ও দুঃখ-কষ্ট ভুলে নতুন করে জীবন শুরু করার কথা। গানটির সুর ও সঙ্গীতে রয়েছে বুকচাপা দীর্ঘশ্বাসের অসাধারণ এক ফ্লেভার।
৫. রুপালী রোদ : কথা, সুর ও সঙ্গীত কমল, কণ্ঠ অর্ণব। ৫ মিনিট ৫ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে প্রেমিকের কাছে রুপালি রোদ থাকলেও কাছে নেই মনের মানুষটি। মিষ্টি সুরের গানটিতে অর্ণবের মোলায়েম ও কোমল কণ্ঠের সঙ্গে বেশ মানিয়ে গেছে মেয়ে কণ্ঠের সাপোর্টিং আনক্রেডিটেড ব্যাকভোকাল।
৬. খেলাঘর : কথা ও কণ্ঠ রাজীব, সুর ও সঙ্গীত ওয়ারফেয়ার। ৩ মিনিট ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি খাটি ব্যান্ড সং হার্ড রক। ফাস্ট বিটের গানটির মিউজিকে কিছু ভেরিয়েশনও রয়েছে। হার্ড রক-প্রিয় শ্রোতাদের কথা ভেবে গানটি সম্ভবত এ কালেকশনে স্থান করে নিয়েছে।
৭. বিষাদী আকাশ : কথা রানা, সুর, সঙ্গীত ও কণ্ঠ বাপ্পা মজুমদার। ৫ মিনিট ৫৮ সেকেন্ড দৈর্ঘ্যের এ গানটি আরেকটি বাপ্পা মজুমদার এক্সক্লুসিভ। ব্যতিক্রমী কথার এ গানটির সুর ও গায়কীতে অন্য রকম আধুনিকতার রোমান্টিক এক ছোয়া এনেছেন বাপ্পা মজুমদার।
৮. সীমানা : কথা জাহিদ আকবর, সুর ও সঙ্গীত অবসকিউর, কণ্ঠ টিপু। ৪ মিনিট ৫৫ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি অ্যালবামের ব্যান্ড ক্যাটেগরির সেকেন্ড ওয়ান। গানটি মাঝ রাতে রোমান্টিক থিমে এক প্রেমিক তার মনের মানুষের মনের সীমানায় গিয়ে গেয়ে চলেছেন তার মনের কথা।
৯. মেয়ে : কথা, সুর ও কণ্ঠ তপু, সঙ্গীত ফুয়াদ। ৪ মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে একটি ছেলে একটি মেয়েকে প্রশ্ন করছে, মেয়েটি তাকে এখনো বন্ধু ভাবে কি, না কি কখনো তাকে বন্ধুর চেয়েও একটুখানি বেশি কিছু ভেবেছে, না কি তাকে আজও চেনেনি। ছেলেটির নিজেকে চেনানোর মেলোডিয়াস এ গানটি অবশ্যই ভালো লাগার মতো।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: এস আই টুটুল, তাহসান, পার্থ মজুমদার, রাজীব

Post Your Comments