সিএমভির ব্যানারে জেমসের তুফান
প্রায় দুই বছর ধরে শোনা যাচ্ছিলো জেমসের একক অ্যালবাম আসছে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানারে। অ্যালবামের নাম মাছে মাছে কোলাহল। শুরু থেকে এ পর্যন্ত শ্রোতাদের অপেক্ষার অন্ত ছিল না অ্যালবামটি নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত নানা জটিলতার কারণে অ্যালবামটি বাজারে আসেনি। এরই মধ্যে পেরিয়ে গেছে বেশ কয়েকটি ঈদ উৎসব। আর প্রতি ঈদ উৎসবেই শ্রোতারা আশা করেছিল এবার অ্যালবামটি হাতে পাবে এবং প্রতিবারই শ্রোতাদের হতাশ হতে হয়েছিল। অবশেষে সব ঝামেলা মিটিয়ে সামনের ঈদে মুক্তি পেতে যাচ্ছে অ্যালবামটি। তবে সঙ্গীতা নয়, অ্যালবামটি প্রযোজনা করছে সিএমভি। এ ব্যাপারে সিএমভির কর্ণধার পাপ্পু বলেন, আমরা জানি না অ্যালবামটি সঙ্গীতা বা অন্য কোনো ব্যানারে আসার কথা ছিল কি না সেটা আমাদের জানার বিষয়ও নয়। আমাদের সঙ্গে জেমসের কথা হয়েছে এবং অ্যালবাম প্রযোজনার ব্যাপারে উভয়ের সম্মতিক্রমে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
অ্যালবামটির ব্যানার পরিবর্তনের পাশাপাশি অ্যালবামের নামও পরিবর্তিত হয়েছে। মাছে মাছে কোলাহল নয়, অ্যালবামের নাম তুফান। এ ব্যাপারে পাপ্পু বলেন, মাছে মাছে কোলাহল নামে এ অ্যালবামে কোনো গান নেই। অ্যালবামে গান থাকছে ১০টি। কয়েকটি গানের শিরোনাম হচ্ছে সুরাইয়া, সন্ন্যাসী, অবরোধ, নগরআলী, তুফান প্রভৃতি। সব ক’টি গানই সুন্দর। অ্যালবামটি নিয়ে আমরা খুবই আশাবাদী। সুর আর মিউজিকের দিক থেকে এ অ্যালবামটি একেবারেই ব্যতিক্রম। সব মিলিয়ে আমাদের বিশ্বাস এবারের ঈদ অডিও বাজারের সেরা আকর্ষণ হবে তুফান। উল্লেখ্য, জেমসের সর্বশেষ একক অ্যালবাম ছিল জনতা এক্সপ্রেস।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: James
Post Your Comments