কুমার বিশ্বজিত্ ও মিতালী মুখার্জীর স্বপ্ন উড়াই
গানচিলের ব্যানারে বাজারে এসেছে কুমার বিশ্বজিত্ ও মিতালী মুখার্জীর ডুয়েট অ্যালবাম স্বপ্ন উড়াই। আধুনিক, ফোক ও ফিউশনধর্মী ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। কুমার বিশ্বজিৎ এককভাবে গেয়েছেন তিনটি গান, মিতালী মুখার্জী গেয়েছেন চারটি এবং বাকি তিনটি গান দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও মিতালী মুখার্জী। কুমার বিশ্বজিতের গাওয়া গানগুলো হলো আমি তোমার জন্যে বৈশাখী ঝড়ে, ভাবনার হাওয়াতে উড়াই এ মন এবং ভালোবাসা হলো। আমি তোমার জন্যে বৈশাখী ঝড়ে গানটিতে কুমার বিশ্বজিৎ এর সঙ্গে কণ্ঠ দিয়েছেন নকীব খান। মিতালী মুখার্জীর গাওয়া গানগুলোর মধ্যে রয়েছে আমায় এক ফোটা ঘুম ধার দেনারে কেউ, জন্মদিন, এ ভাঙা গড়ার খেলায় এবং কি ভুলে ভুল বুঝেছো। কুমার বিশ্বজিত্ ও মিতালী মুখার্জীর গাওয়া দ্বৈত গানগুলোর শিরোনাম তুমি কি জীবনের গল্পগুলো, বহুদূর পাড়ি দিব এবং বদলে যাবে তুমি। আর এ গানগুলো লিখেছেন আসিফ ইকবাল, কবির বকুল, লিটন অধিকারী রিন্টু, সুমন কল্যাণ, ঋত্বক নয়ন, ও মিতালী মুখার্জী। সুর করেছেন প্রিন্স মাহমুদ, শওকত আলী ইমন, কুমার বিশ্বজিত্, সুমন কল্যাণ ও মিতালী মুখার্জী। আর পুরো অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, প্রিন্স মাহমুদ ও সুমন কল্যাণ।
অ্যালবাম সম্পর্কে কুমার বিশ্বজিত্ বলেন, মিতালী মুখার্জীর সঙ্গে এটাই আমার প্রথম দ্বৈত অ্যালবাম। এ অ্যালবামের গানগুলো হয়েছে অন্যরকম, সুরকার শওকত আলী ইমন তার প্রতিভা আর পরিণত হওয়ার সবটুকু নিদর্শনই এ অ্যালবামে রেখেছেন। সুমন কল্যাণ তার সুরগুলোতে রেখেছে তারুণ্যের দৃপ্ততা। প্রিন্সের গানটার অনবদ্যতার জন্য তাকে অভিনন্দন। চাওয়া-পাওয়ার হিসাব চুকিয়েছি অনেক দিন হলো, এখন আমি গান গাই আপনাদের জন্য, ভালো যদি লাগে, তবেই এ রকম আরো ভালো কাজ করার বেশি বেশি প্রেরণা পাবো।
মিতালী মুখার্জী বলেন, অনেক দিন পর বাংলাদেশে এসে একটা মনের মতো অ্যালবামে প্রাণ জুড়িয়ে গান গাইলাম। সুরকার শওকত আলী ইমন, শিল্পী কুমার বিশ্বজিৎ আর গানচিল এ অ্যালবামের সময় আমাকে ফিরিয়ে দিয়েছিল কিছু মুগ্ধ সময়, যা ফিতাবন্দি হলো স্বপ্ন উড়াই অ্যালবামে। জয়তু বাংলাদেশ। এখানেই ফিরে আসতে চাই বারবার, আমার সত্তার তুমুল আলোড়নে।
উল্লেখ্য, এ অ্যালবামের বিক্রিত অর্থের একটি অংশ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সহায়তা তহবিলে প্রদান করবে গানচিল।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Kabir Bakul, Kumar Bishwajit, Mitali Mukherjee, Shawkat Ali Emon, কবির বকুল, কুমার বিশ্বজিৎ, মিতালী মুখার্জী, শওকত আলী ইমন
Post Your Comments