টুটুল-শ্রেয়াস : দুই প্রজন্মের গল্প
শ্রেয়াসকে আমি খুব মিস করি : এস আই টুটুল
শ্রেয়াসের জন্ম মিলেনিয়াম ইয়ারে, ২০০০ সালের ২০ জুলাই ঢাকার হলি ফ্যামিলি হসপিটালে। ওর জন্মের পর কিছুক্ষণের জন্য আমি একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। আনন্দে আমার সব অনুভূতি তখন বিবশ হয়ে গিয়েছিল। এ অনুভূতি একেবারেই ভাষাহীন। প্রথম বাবা হওয়া, প্রথম ভালোলাগা, প্রথম ভালোবাসার সে সময়টা ছিল জীবনের এক আনন্দময় অদ্ভুত সময়। ডাক্তার তখন বলেছিল, ও আল্লা, ও তো দেখি একদম টুটুলের মতো। আসলেই শ্রেয়াস দেখতে আমার মতো হয়েছে। আমি অবশ্য চেয়েছিলাম ও দেখতে তানিয়ার মতো হোক।
হাটি হাটি পা পা’র সেই শ্রেয়াস আজ দেখতে দেখতে কখন যেন অনেক বড় হয়ে গেছে। এখন সে সাউথ ব্রিজ স্কুলে কেজি টু শেষ করে ক্লাস ওয়ানে উঠতে যাচ্ছে। পড়াশোনায় মোটামুটি ভালো, যে কোনো কিছু খুব দ্রুত ক্যাচ করতে পারে। তবে পড়াশোনায় ওর যতোটা না মনোযোগ, তার চেয়ে বেশি খেলাধুলায়। ক্রিকেট খেলা খুব পছন্দ করে সে, খেলা থাকলেই টিভির সামনে বসে পড়ে।
বাবা হিসেবে ওর সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুর মতো। বাবা হিসেবে আমার সফলতা জিরো পয়েন্ট মাইনাস ফাইভ। কারণ একজন আদর্শ বাবা বলতে যা বোঝায় আমি তা হতে পারিনি। নিজের প্রফেশনে এতোই ব্যস্ত থাকি যে, শ্রেয়াসকে একেবারেই সময় দিতে পারি না। তাই মিউজিক করতে গিয়ে আমি ফ্যামিলিক্যাল হতে পারছি না। তাতে কি, আমার তো ফ্যামিলির প্রতি ভালোবাসা আছে শতভাগ। আমার ধারণা, শ্রেয়াস সেটা বুঝতে পারে।
বাবা আমাকে খু-উ-ব ভালোবাসে : শ্রেয়াস
বাবা চায় আমি যেন বাবার মতো মিউজিক করি। সে জন্য বাবা আমাকে একটা কি-বোর্ড কিনে দিয়েছে। প্রথম প্রথম মিউজিক আমার ভালো লাগতো, আমি চাইতাম বড় হয়ে আমি শিল্পী হবো, মিউজিশিয়ান হবো। কিন্তু এখন আমার মিউজিক ভালো লাগে না। আমার এখন সবচেয়ে ভালো লাগে ক্রিকেট। বড় হয়ে আমি বড় ক্রিকেটার হতে চাই, আশরাফুলের মতো। একবার বাবা আমাকে বাংলাদেশ ও ইনডিয়ার ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছে। চাচার সঙ্গে গিয়ে আমি বাংলাদেশ ও ইনডিয়ার ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছি, ছবি তুলেছি। তখন না সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমার খুব ভাব হয়ে গিয়েছিল। তবে ইনডিয়ার খেলা আমার বেশি ভালো লাগে না। বাংলাদেশের পর শ্রী লংকা আর অস্ট্রেলিয়া আমার প্রিয় দল। বাবাও ক্রিকেট খেলা পছন্দ করে একটু একটু। আমি যদি ক্রিকেটার হতে পারি, তাহলে আমাদের ফ্যামিলির নাম হবে CAS। মানে CRICKETER+ ACTRESS+ SINGER.
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: SI Tutul, এস আই টুটুল

Post Your Comments