বাজারে এলো হাবিব-শিরিনের অ্যালবাম পাঞ্জাবীওয়ালা
![]()
জনপ্রিয় সঙ্গীত পরিচালক হাবিবের সঙ্গীত আয়োজনে চলতি সপ্তাহে বাজারে এসেছে প্রবাসী শিল্পী বাউল কুইন শিরিনের রিমেক অ্যালবাম পাঞ্জাবীওয়ালা। কৃষ্ণ ও মায়ার পর হাবিবের এটি তৃতীয় রিমেক অ্যালবাম। অ্যালবামটি বাজারে এনেছে ভিন্ন ধারার প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। চট্টগ্রাম ও সিলেটের জনপ্রিয় লোকগানের বিশাল ভাণ্ডার থেকে বাছাই করা আটটি লোকগান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। পাঞ্জাবীওয়ালা, মনের বাগানে, ওরে আমার ময়না, শিখাইয়া পিরিতি, শাহ জালাল শাহ পরান, না জেনে ভুল বোঝ না, খাজা তোমার প্রেমে আমি ও প্রেম নদীতে শিরোনামের লোকগানগুলোর পাশাপাশি শ্রোতাদের জন্য বিশেষ চমক হিসেবে রাখা হয়েছে হাবিব ও ন্যান্সির দ্বৈত কণ্ঠে বলে তো দিয়েছি হৃদয়ের কথা শিরোনামের একটি মৌলিক গান।
অ্যালবামটি নিয়ে খুবই আশাবাদী হাবিব। তিনি বলেন, আমাদের দেশের লোকগানের শিল্পীরা অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন, যা আমাদের বেচে থাকার একটা অংশ হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আমি এসব গানের মধ্য থেকে কিছু সংখ্যক গানকে মিউজিকালি মডার্নাইজ করে উপস্থাপন করেছি শ্রোতাদের সামনে। গানগুলো যদি শ্রোতাদের সামান্যতম আনন্দও দেয়, আমার প্রচেষ্টা সার্থক বলে মনে করবো।
শিরিনের গায়কী সম্পর্কে বলতে গিয়ে হাবিব বলেন, মিউজিকের মাধ্যমেই শিরিনের সঙ্গে পরিচয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আমার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, শিরিনের গায়কী সম্পূর্ণ বিধাতা প্রদত্ত। তার মতো ন্যাচারালি ট্যালেন্টেড একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। আশা করি, এ অ্যালবামের মাধ্যমে শিরিন তার নিজের একটি অবস্থান করে নিতে পারবে।
শিরিন বলেন, আমি হাবিবের কাছে কৃতজ্ঞ। তার আন্তরিক সহযোগিতা না পেলে এমন একটি চমৎকার অ্যালবাম করা সম্ভব হতো না। আমি আশা করি, দীর্ঘদিন ধরে আমার হৃদয়ে লালিত এ গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।
সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ২৭, ২০০৭
Bangla Music Tags: Habib Wahid

Post Your Comments