মিডিয়া নিউজ নিয়ে প্রোগ্রাম করছেন তমাল

Tamalওয়ার্ল্ড মিউজিকের ব্যানারে ২০০৪ সালে পপি তুমি সুখী হবে না শীর্ষক অ্যালবামের মাধ্যমে অডিও বাজারে অভিষেক ঘটে তার। প্রথম অ্যালবামেই মোটামুটি ভালো সাড়া জাগানোর পর একে একে জিতে নেন সিজেএফবি অ্যাওয়ার্ড, বাবিশাস অ্যাওয়ার্ড, একতা পুরস্কার, ইন্দো-বাংলা অ্যাওয়ার্ড, বাচসাস অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার। গানের পাশাপাশি কর্মরত আছেন দেশের প্রথম এবং একমাত্র মিউজিক চ্যানেল ফাল্গুন মিউজিকের নিউজ প্রডিউসার হিসেবে। সম্প্রতি যায়যায়দিন চে কাফেতে এসেছিলেন গায়ক তমাল।

পহেলা বৈশাখে আপনার একটি ডুয়েট অ্যালবাম বাজারে এসেছিল?
হ্যা। বাংলা সিনেমা শীর্ষক এ অ্যালবামটি একটি ডুয়েট অ্যালবাম। মিডিয়া ভিশনের ব্যানারে বাজারে আসা অ্যালবামটিতে আমার সহশিল্পী সাধক বাবু।

নতুন অ্যালবামের কি খবর?
আমার তৃতীয় একক অ্যালবামের কাজ শেষ। পূর্ণিমা শীর্ষক এ অ্যালবামটি সংগীতা থেকে বের হবে। বাজারের অস্থিরতা কাটার পরই অ্যালবামটি দ্রুত প্রকাশ করা হবে।

এ পর্যন্ত কয়টি অ্যালবাম বেরিয়েছে আপনার?
আসলে আমার সময়ের অন্যদের তুলনায় আমি কাজ একটু কমই করেছি। প্রচুর মিক্সড অ্যালবামে কাজ করলেও আমার একক অ্যালবাম বেরিয়েছে দুটি। ২০০৪ সালে ওয়ার্ল্ড মিউজিকের ব্যানারে ডেবু অ্যালবাম পপি তুমি সুখী হবে না এবং ২০০৫ সালে এটিএন মিউজিকের ব্যানারে সুখে থেকো রাজকুমারী।

মাঝখানে নীরবতা কেন?
আসলে বাজারে না থাকলেও আমি গানের সঙ্গে ছিলাম ঠিকই। ফাল্গুন মিউজিকের সঙ্গে জড়িয়ে যাওয়ায় একটু বিরতি পড়েছে আর কি!

আপনাদের চ্যানেলটি তো বর্তমানে বন্ধ রয়েছে?
জি। একসঙ্গে যে সাতটি চ্যানেল বন্ধ হয়েছে এর মধ্যে আমাদেরটাও আছে। তবে আপাতত বন্ধ থাকলেও আশা করছি চ্যানেলটি শিগগির আবারো সম্প্রচার শুরু করবে।

এ ক্ষেত্রে আইনি জটিলতার কি অবস্থা?
আসলে সব কিছুই প্রক্রিয়াধীন। সব ঠিকঠাকমতো চললে আইনি জটিলতা আর অর্থনৈতিক দৈন্যতাকে পাশ কাটিয়ে ফাল্গুন মিউজিক নতুন করে চালু হবে ইনশাল্লাহ।

স্টেজ প্রোগ্রামিংয়ের কি খবর?
আপনাদের দোয়ায় দেশে ও দেশের বাইরে আমি প্রচুর স্টেজ প্রোগ্রাম করেছি এবং করছি। দেশের বাইরে অস্ট্রেলিয়া, চায়না, দুবাই, সউদিসহ নানা দেশে আমি পারফর্ম করেছি।

প্লে-ব্যাকের বিষয়ে আপনার কি মত?
আসলে যখন থেকে আমি গাইতে শুরু করি তখন থেকেই ফিল্মি গানের দুরবস্থা চলছিল। তাই সে রকমভাবে প্লে-ব্যাক করা হয়নি। তবু ৮-১০টি মুভিতে প্লে-ব্যাক করেছি। সে রকম অফার থাকলে ভবিষ্যতেও করার ইচ্ছা আছে।

গান ছাড়া নতুন আর কি করছেন?
আমার প্রযোজনায় অল মিডিয়া নিউজ নামে একটি অনুষ্ঠান করছি। বাংলাদেশে এ ধরনের অনুষ্ঠান এটাই প্রথম। অনুষ্ঠানটি শিগগির টিভিতে আসছে। আর মিডিয়া নিউজ নিয়ে আরো এক্সক্লুসিভ কিছু একটা করার ইচ্ছা আছে।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms