আমি কিশোর কুমারকে অনুসরণ করে উঠে এসেছি : কুমার শানু

Kumar Sanu - Bangla Musicকেদার ভট্টাচার্য ওরফে কুমার শানু বর্তমানে হিন্দি গানের একটি উজ্জ্বলতম নাম। মান্না হেমন্ত যুগের পর হিন্দি গানের জগতে কলকাতার বাঙালি কণ্ঠ আবার প্রাধান্য পেতে শুরু করলো কুমার শানুর কণ্ঠ ধরে। এখন পর্যন্ত ৮০০র বেশি মুভিতে প্রায় ৯ হাজার গান গেয়েছেন এ মানুষটি
 
কুমার শানু প্রায় এক যুগেরও বেশি সময় আগে আশিকি মুভি থেকে সাফল্যের শুরু, হিন্দি সিনেমার গানের জগতে একটা যুগ কাটিয়ে দিলেন, কেমন লাগছে?
হ্যা, শ্রোতারা যে জায়গা দিয়েছেন সেখানে টিকে থাকা সহজ কাজ ছিল না। স্ট্রাগল করেছি, এখনো করতে হচ্ছে।
প্রথম সুযোগ পেলেন কিভাবে?
আমাকে প্রথম সুযোগ করে দেন জগজিৎ সিং তার সঙ্গীত পরিচালনায় আধিয়া মুভিতে। প্রথম যে নামি সঙ্গীত পরিচালক সুযোগ দেন তারা হলেন কল্যাণজি, আনন্দজি, জাদুকর মুভিতে অমিতাভ বচ্চনের লিপে। আর প্রথম জনপ্রিয়তা পাই গুলশান কুমারের আশিকি মুভিতে।
রাহুল দেব বর্মণের সঙ্গে কাজ করতে গিয়ে কি মনে হয়েছে?
পঞ্চমদা সম্পর্কে কিছু বলে শেষ করা কঠিন। ইন্ডাস্ট্রিতে তিনি নিজে একটা স্কুল ছিলেন বলা যায়। একটা ওয়ান ম্যান ইন্ডাস্ট্রির মতো। তার কাছে অনেক শেখার, অনেক জানার আছে, আর ওই রকম একটা রেঞ্জ।
এখন তো অনেক মুভিতেই একাধিক সুরকার…
আগেও ছিল, এখনো আছে। তবে আগে যারা ছিলেন তারা দুজনে মিলে একটা কম্বিনেশন তৈরি করে সুর দিতেন। তার মানে এই নয় তারা এককভাবে সুর দিলে সাফল্য পেতেন না। আর আজকাল ব্যাপারটা সব সময় তা নয়। এখন একটা মুভিতে তিন-চারজন পর্যন্ত মিউজিক ডিরেক্টর থাকেন। এখন খুব কম মিউজিক ডিরেক্টরের গাটস আছে, একটি মুভির সব গান একা হ্যান্ডেল করার।
নতুন সুরকারদের মধ্যে কাদের প্রমিজিং মনে হয়?
নতুনদের মধ্যে হিমেশ রেশমিয়াকে মনে হয় প্রমিজিং। এ আর রহমান তো এখন সিনিয়র। এছাড়া সঞ্জীব দর্শন, সাজিদ, ওয়াজিদ, আনন্দ রাজ আনন্দ তারা ভালো কাজ করছে।
এখনকার গানের জনপ্রিয়তার লংজিভিটি কি কম? নতুন হিট গান তো পাচ বছর বাদে কেউ টাকা দিয়ে কিনে শোনে না।
পাচ বছর কি! তিন মাস! ব্যাস হাওয়া। প্রত্যেক মুভিতে নতুন নতুন গায়ক-গায়িকা আসছেন, তারপরে তারা গায়েব হয়ে যাচ্ছেন। টিভি চ্যানেলগুলো তাদের টাইম স্লট ভর্তি করার জন্য যে কোনো ধরনের সিঙ্গারদের গানকে ব্যবহার করছে। নতুনদের প্রোমোট করা হলো, আর তার বদলে সিঙ্গারদের কাছ থেকে একটা মোটা টাকা নিয়ে নেয়া হলো। টাকাও হলো, টাইম স্লটও ভর্তি হলো। দিনের মধ্যে পঞ্চামবার চালিয়ে দিচ্ছে গানটাকে। নতুন প্রজন্মের শ্রোতাদের কন্টিনিউয়াস হ্যামার করে দিচ্ছে সেই গান।
আর গান হিট হোক বা না হোক, সিঙ্গাররা, মানে যারা টিভি চ্যানেলকে দুই-তিন লাখ টাকা দিয়ে ভিডিও গান বানাচ্ছে, তারা শো-টো করে মোটামুটি পয়সা কামিয়ে নিচ্ছে। কোয়ালিটির দরকার নেই। এর ফলে ট্রেন্ডটা বদলে যাচ্ছে আস্তে আস্তে। নতুন প্রজন্মের সঙ্গে ফিল্মি গানের প্রথম মোলাকাতই হচ্ছে ওয়েস্টার্ন পপ মেশানো এক ধরনের খিচুড়ি সঙ্গীতের মধ্য দিয়ে। ইনডিয়ান সঙ্গীতের মূল ধারা থেকে সরে আসছে হিন্দি গান।
ছোটবেলায় বাড়িতে গান শিখতেন?
বাড়িতে গান-বাজনার পরিবেশ ছিল। আমার বাবা ছিলেন ক্লাসিকাল গানের মানুষ, বড়ে গোলাম আলি ঘরানার। ভালো ঠুংড়ি, খেয়াল গাইতেন বাবা। বাড়িতে দুটো গানের স্কুলও ছিল। বাবার থেকে একটু-আধটু শিখেছি, সে রকমভাবে বিশেষ কিছু শেখা হয়নি। বরং কাছ থেকে বাবাকে এক বিভিন্ন লোকেদের কাছ থেকে দেখে-শুনে বেশি শিখেছি। তাছাড়া বড়দা (যাত্রা থিয়েটারের নায়ক তপন ভট্টাচার্য) অভিনয় করতেন। দিদি ভালো গাইতেন, আকাশবাণীতে গান। এখনো দিদির বাড়িতে গানের স্কুল আছে।
একটা সময় কুমার শানু গাইতেন কিশোরকুমারের গান, আর এখন অন্যরা গায় কুমার শানুর গান। এ ব্যাপারটা কেমন লাগে?
ভাবতে ভালো লাগে। আমি কিশোরদাকে অনুসরণ করে উঠে এসেছি, এখন নতুনরা কেউ কেউ আমাকে ফলো করে উঠে আসতে চায়- এটা ভেবে ভালো লাগে বইকি! একটা অ্যাচিভমেন্ট মনে হয়।
আপনার প্রিয় শিল্পী কে?
এক নাম্বারে অফ কোর্স কিশোরদা, মেয়েদের মধ্যে লতাজি, আশাজি। বাংলাতে ভালো লাগে মান্না দের গান, মানবেন্দ্রর গান, দেবব্রত বিশ্বাসের রবীন্দ্র সঙ্গীত।
আপনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড আর নেবেন না বলেছিলেন, কেন?
হ্যা, বলেছিলাম। পাচ বছর একটানা বেস্ট মেল প্লে-ব্যাক সিঙ্গারের পুরস্কার পাওয়ার পর ওই সিদ্ধান্ত নিয়েছিলাম। একটা রেকর্ড হয়ে আছে। তবে এবার তাদের সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছি যে এখন আর আমার আপত্তি নেই।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর সম্পর্কে কিছু বলবেন?
হ্যা, একদিনে ২৮টা গান রেকর্ড করার পর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম ওঠে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms