খ্যাতির লোভ যেন শিল্পীকে গ্রাস না করে : মাসুদ আলী খান
পঞ্চাশের দশকে মাসুদ আলী খান ছিলেন একজন নামকরা সঙ্গীত শিল্পী। নজরুল, পল্লীগীতি, এমনকি আধুনিক গানেও তিনি ছিলেন পারদর্শী। চাকরি করতেন একটি সরকারি প্রতিষ্ঠানে। অবসর নেয়ার পর দীর্ঘদিন ধরেই পরিবারসহ কানাডা প্রবাসী। আত্মপ্রচার বিমুখ এ প্রবীণ শিল্পী দেশে বেড়াতে আসার পরে সম্প্রতি এসেছিলেন যায়যায়দিনের চে কাফেতে। সঙ্গীত জীবন নিয়ে তার সঙ্গে কথা বলেছেন আমীন আল রশীদ এবং ছবি তুলেছেন শেখ হাসান।
সঙ্গীতের প্রতি ঝুকলেন কিভাবে?
পারিবারিক বাধা ছিল না। বাবা ছিলেন প্রগতিশীল। আমাদের সময়ে মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ বাবার উল্টো। বলতে পারো পারিবারিক সাঙ্গীতিক আবহই আমাকে উদ্বুদ্ধ করেছে।
শুরুটা কিভাবে?
স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় গান গাইতাম। বেশ বাহবা পেতাম। পরে ঘনিষ্ঠজনদের পরামর্শে শ্রদ্ধেয় গফুর খানের কাছে ক্লাসিক শিখলাম। ১৯৫৪-তে রেডিওতে গান গাইলাম। তবে ওস্তাদের অনুমতি ছিল না। রেডিওতে গান গাইবো শুনে তিনি বলেছিলেন, তুই কি গাইবি?
কোন গানটি গেয়েছিলেন মনে আছে?
আধুনিক গান- প্রিয় তুমি কি আমার হবে।
নজরুল সঙ্গীতের প্রতি ঝুকলেন কিভাবে?
কেন যেন নজরুল আমাকে টানতো। আবার ওই সময় ভালো নজরুল সঙ্গীত শিল্পীর অভাবও ছিল। এটাও একটা কারণ হতে পারে।
পরে তো পল্লীগীতিও গেয়েছেন।
হ্যা, ভাবলাম ভাটির দেশের মানুষ হিসেবে পল্লীগীতি গাওয়া উচিত। চার-পাচ বছর গেয়েছি। তবে আবার নজরুলেই ফিরে যাই।
আপনি রেডিও এবং টেলিভিশন, দুই মাধ্যমেই গান গেয়েছেন। পার্থক্যটা কোথায়?
রেডিও মাধ্যমটা রেগুলার। কিন্তু টেলিভিশনটা তা নয়। একটা গান গাওয়ার পরে দেখা গেল ছয় মাসেও কোনো প্রোগ্রাম নেই। আবার টেলিভিশনে রাজনৈতিক লবিংয়ের যে বিষয়টা থাকে, রেডিওতে তা ছিল না। এখন অবশ্য দুটো মাধ্যমেই রাজনীতি ঢুকে গেছে। আমার মেয়ে তামান্না রেডিও টিভির তালিকাভুক্ত শিল্পী। অথচ তদবির করতে পারি না বলে কোনো প্রোগ্রাম পায় না।
টেলিভিশনে সর্বশেষ কবে গেয়েছেন?
সম্ভবত ১৯৮০ সালে।
মুভিতে প্লে-ব্যাক করেছেন কখনো?
হ্যা, খান আতার একটা সিনেমায়। নাম মনে নেই।
আপনি তো অনেক গানের সুরও করে থাকেন?
আমার মেয়ে জামাই মতিউর রহমানের লেখা ও আমার সুর করা তুমি শুধু তুমি নামে একটি সিডি বের হয়েছে। কেমন হয়েছে তা শ্রোতারাই ভালো বলতে পারবে।
প্রবাসে বসেও কি সঙ্গীত চর্চা হয়?
চর্চা ঠিক না। তবে মাঝে মধ্যে দু একটা অনুষ্ঠানে যাই। তাছাড়া শরীরও তো পারমিট করে না।
বাংলাদেশে এখন যে তরুণরা গাইছে, শুনেছেন কারোটা?
খুব একটা শোনা হয় না। তবে যা শুনেছি তাতে মনে হয়েছে, সবাই দ্রুত খ্যাতি চায়। অল্প ইনভেস্টে বেশি লাভ চায়। এটা শিল্পের জন্য ক্ষতিকর। প্রকৃত শিল্পী হতে হলে সাধনা থাকতে হয়। লেগে থাকতে হয়। খ্যাতির লোভ থাকা খারাপ না। কিন্তু তা যেন শিল্পীকে গ্রাস না করে।
ব্যক্তি হিসেবে এবং শিল্পী হিসেবে কোনো অপূর্ণতা আপনাকে ব্যথিত করে?
ব্যক্তি হিসেবে হয়তো করে না। কিন্তু শিল্পী হিসেবে আসলে কিছুই করতে পারিনি বলে মনে হয়।
আপনার এখন বয়স কতো হলো?
আশির কাছাকাছি। তবে নিশ্চিত থাকো মনের বয়স আমার সবে আঠারো।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।


Post Your Comments