একজন প্রচারবিমুখ স্টেজ পারফরমার ফেরদৌস ইমন
পৃথিবীতে অনেক মানুষই সারা জীবন গানকে পুজি করে থাকতে চেয়েছেন। গানের জন্য সয়েছেন অনেক বঞ্চনা, তবুও ছাড়তে পারেননি গান নামের সুধার পেয়ালা। এখন পর্যন্ত বিখ্যাত হওয়ার লোগোটি না লাগলেও প্রায় এক হাজারেরও বেশি স্টেজ পারফর্ম করা শিল্পী ফেরদৌস ইমন। দেশের গানের জগতের সব বিখ্যাত শিল্পীই এ মানুষটিকে চেনেন প্রতিভাবান হিসেবে। গানের নেশায় মাত্র ১৬ বছর বয়সে অনেক কষ্টে জমানো ১ হাজার ৬০০ টাকা দিয়ে কিনেছিলেন গিটার। জীবন সন্ধিক্ষণের অনেক চড়াই-উতরাই পার করা মিডিয়াবিমুখ এ মানুষটি সম্প্রতি এসেছিলেন যায়যায়দিন চে কাফেতে। তার সঙ্গে কথা বলে লিখেছেন সাদেক সামি ও ছবি তুলেছেন শরীফ সারওয়ার।
গানের জগতে এলেন কিভাবে?
ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম বড় হয়ে খুব বড় একজন গায়ক হবো। আসলে ছোটবেলা থেকেই আমার জীবনের লক্ষ্য ঠিক ছিল। আমার নিজের ওপর নিজের প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল এবং আছে। সেই আত্মবিশ্বাসের ওপর ভর করে অনেক প্রতিকূলতা পেরিয়ে গানের জগতে আমার বিচরণ।
এ পর্যন্ত কতোটি অ্যালবাম করলেন?
এ পর্যন্ত বেশক’টি অ্যালবাম করেছি। এর মধ্যে বেশকিছু মিক্সড অ্যালবামে কাজ করেছি। আর এ পর্যন্ত তিনটি সলো অ্যালবাম রিলিজ পেয়েছে। এর মধ্যে ২০০৩ সালে রিলিজ পায় আমার প্রথম সলো অ্যালবাম নীরবে কাদে, যেটি ওয়ার্ল্ড মিউজিকের ব্যানারে রিলিজ পেয়েছিল। আর অপর দুটি সলো অ্যালবাম রিলিজ পেয়েছে ২০০৪ ও ২০০৫ সালে।
আপনার চতুর্থ অ্যালবামটি কবে রিলিজ পাবে?
আমার সর্বশেষ সলো অ্যালবামটি এবারের রোজায় রিলিজ পেতে যাচ্ছে। অ্যালবামটির প্রায় সব কাজই শেষ হয়ে গেছে। তবে নাম এখনো ঠিক হয়নি। অ্যালবামটির নাম খুব সম্ভবত দুঃখিনী মায়ের ছেলে বা ভালোবাসার পত্র। এর যে কোনো একটি হতে পারে।
অ্যালবাম থেকে আপনি স্টেজে বা কনসার্টেই বেশি জনপ্রিয়। এ পর্যন্ত কতোটি স্টেজ পারফর্ম করেছেন?
স্টেজ পারফর্ম বলতে গেলে এ পর্যন্ত এক হাজারেরও বেশি স্টেজ পারফর্ম করেছি। সেই ১৯৯৫ সাল থেকে শুরু করে যতোদিন বাচবো স্টেজেই পারফর্ম করবো।
প্রথম স্টেজ পারফর্মের অনুভূতি কেমন ছিল?
প্রথম যখন স্টেজ পারফর্ম করি সত্যি বলতে আমি বিশ্বাসই করতে পারছিলাম না এতোদিন যাদের গান আমি দর্শক সারিতে বসে শুনেছি আজ তাদের সঙ্গেই এক কাতারে গাইছি। সে অনুভূতির কথা বলে বোঝানো যাবে না।
এ পর্যন্ত করা সব স্টেজ পারফর্মে দর্শক মাত করায় আপনি সফল। এর পেছনে কারণ কি?
এ পর্যন্ত আমি বাংলাদেশের প্রায় সব শিল্পীর সঙ্গে স্টেজ পারফর্ম করেছি। আসলে দর্শক মুগ্ধ করতে পারাটাই একজন শিল্পীর সবচেয়ে বড় আত্মতৃপ্তি। এটি আমার গড গিফটেড। সব পারফর্মেই আমি আমার সবটুকু ঢেলে দিতে চাই।
অনেকেই বলেন, শুধু স্টেজ পারফর্ম করে গানকে পেশা হিসেবে নেয়া যায় না। আপনি কি মনে করেন?
আমি এ মতামতের পুরোপুরি বিপক্ষে। কারণ ভালো পারফর্ম করতে পারলে মাসে কমপক্ষে ১০ থেকে ১৫টি শোর টাকা পাওয়া যায়। তাই এটি পেশা হিসেবে নেয়া যায়।
সূত্রঃ যায়যায়দিন, সেপ্টেম্বর ০৫, ২০০৭


Post Your Comments