ঈদে আসছে বালামের একক অ্যালবাম
শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যানারে বাজারে আসছে জনপ্রিয় সঙ্গীত পরিচালক বালামের প্রথম একক অ্যালবাম। বালাম বাংলাদেশের রক সঙ্গীতে এক অনন্য নাম। দীর্ঘদিন খ্যাতনামা রক ব্যান্ড ওয়ারফেইজের গায়ক ও গিটারিস্ট হিসেবে পরিচিতি লাভের পর এখন তিনি একজন সফল সুরকার ও সঙ্গীত পরিচালক। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলালিংকের দিনবদলের জিঙ্গল ও মিশ্র অ্যালবাম প্রেম শিকারীর সঙ্গীত পরিচালনার পর এবার তিনি উপস্থিত হচ্ছেন তার প্রথম একক অ্যালবাম নিয়ে। আশা করা হচ্ছে, এতেও তিনি সফল হবেন। তার নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে বালাম। অ্যালবামটিতে আটটি গান ও একটি ইনস্ট্রুমেন্টাল থাকবে বলে জানিয়েছেন বালাম। অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজে। প্রযোজনা সূত্রে জানা গেছে, অ্যালবামটি এবারের ঈদে প্রকাশ করা হবে। অ্যালবামটির সফলতার ব্যাপারে শিল্পী বালাম প্রচণ্ড আশাবাদী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে খুব যত্ন সহকারে গানগুলো করেছি আমি, তাই গানের কথা, সুর ও মিউজিক কম্পোজিশনে থাকছে নতুনত্ব। সব ধরনের শ্রোতাদেরই গানগুলো ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন, ২০ সেপ্টেম্বর ২০০৭


Post Your Comments