মুম্বাই ইন্ডাস্ট্রির এখন নাম্বার ওয়ান গায়ক শান। পৃথিবীজুড়ে ছড়িয়ে আছে শান ভক্তরা। বাংলাদেশে শান ভক্তদের জন্য দারুণ সুখবর হচ্ছে ২০ জুন ঢাকায় লাইভ শোতে শানের অংশগ্রহণ চূড়ান্ত হয়েছে। ২০ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রধান হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে শানের লাইভ শো। এতে বাংলাদেশি শিল্পীদের মধ্যে ড্রিমল্যান্ড ব্যান্ডের স্বপন চৌধুরী, গায়িকা নাসরীন চৌধুরী এবং জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীনও অংশগ্রহণ করবে। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজক ডি-জোনের পক্ষে গতকাল মধ্য দুপুরে গুলশানের ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ড্রিমল্যান্ড ব্যান্ডের ভোকালিস্ট ও অন্তর শো বিজের প্রধান স্বপন চৌধুরী বলেন, আমি আসলে গানের লোক। গান গাইতে এসে ইভেন্টের সঙ্গে জড়িয়ে পড়ি। সত্যিকার অর্থে বাংলাদেশে ইভেন্ট কনসেপ্টের আমিই পথপ্রদর্শক। সর্বপ্রথম আমিই আর্মি স্টেডিয়াম, শাহিন কলেজ মাঠ কিংবা ওমান কমপ্লেক্সে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করি। এখন ইভেন্ট শিল্পে পরিণত হয়ে গেছে। তিনি বলেন, এ লাইনে আমি অনেক করেছি। এখন ছোট ভাইয়েরা করছে। আমি এখন প্রতিটি ইভেন্টে গান গাইবো।
আয়োজক ডি জোনের সিইও আশফাক খলিল দিপু বলেন, গানের ক্ষেত্রে বাংলাদেশ ভারতকে একই চোখে দেখা উচিত। ভারতীয় শিল্পীরা যেমন এখানে গাইতে আসেন তেমনি আমাদের শিল্পীরাও ভারতে নিয়মিত গাইতে যাচ্ছেন। তিনি বলেন, ভারতের একটি চ্যানেল একটি সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য শিল্পী রুনা লায়লাকে বিচারক বানিয়েছে। তিনি আরো বলেন, সরকারি সব নিয়মকানুন মেনেই শানকে বাংলাদেশে আনা হচ্ছে। ২৫ মার্চ শান বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু বিডিআর পিলখানা ঘটনা এবং পরবর্তী সময়ে বর্ষা মৌসুমের কারণে এ অনুষ্ঠান পিছিয়ে যায়। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিরোনামহীন ব্যান্ডদলের ভোকালিস্ট তুহিন ও লিড গিটারিস্ট ইয়াসির তুষার। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে লিটন চৌধুরী, সাকিব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টিকেটের মূল্য কতো হবে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে আয়োজকরা জানান, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। শানের লাইভ শোর প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তর ও ইলেকট্রনিক মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রয়েল টাইগার শানের লাইভ শোর স্পন্সর কোম্পানি।
সূত্র: যায়যায়দিন, জুন ১৫, ২০০৯
Tags: শান
Related News:
apue you are my favourite singer