২০০ পরিবারের মধ্যে রিলিফ বিতরণ করলেন হাবিব
বাগেরহাটের শরণখোলায় সর্বনাশী সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে রিলিফ বিতরণ করলেন কণ্ঠশিল্পী হাবিব। এ সময় তার সঙ্গে ছিলেন হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ এবং গীতিকার-নাট্যকার অনুরূপ আইচ। গতকাল রাতে শরণখোলার উদ্দেশে রওনা দিয়ে সকাল ৯টায় খুলনা শহরে পৌছেন তারা। খুলনার ডিএল কলেজ ও হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা খুলনা বিভাগের পক্ষ থেকে হাবিবকে সংবর্ধনা প্রদান করেন। এরপর তারা খুলনা ছেড়ে বাগেরহাটের উদ্দেশে রওনা দেন এবং পথিমধ্যে বিভিন্ন স্থানের দুর্গতদের মধ্যে রিলিফ হিসেবে টাকা বিতরণ করেন। দুপুর ২টায় তারা শরণখোলায় পৌছেন এবং শরণখোলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম রায়েন্ডার প্রায় ২০০ পরিবারের মধ্যে টাকা বিতরণ করেন। এছাড়া আসা-যাওয়ার পথে বিভিন্ন মসজিদেও আর্থিক সহায়তা দেন হাবিব।
এ প্রসঙ্গে হাবিব বলেন, পত্রপত্রিকার মাধ্যমে সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশার কথা পড়ে আমার খুব মন খারাপ হয় এবং মনে হয় আমারও কিছু করা উচিত। বাবার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করলে বাবাও আমাকে উৎসাহিত করেন। আমি কোনো প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো রিলিফ বিতরণ কেন্দ্রের পক্ষ থেকে এ উদ্যোগ নিইনি। একজন মানুষ হিসেবে এবং একজন শিল্পী হিসেবে মানুষের দুর্দশা আমাকে নাড়া দিয়েছে বলেই দুর্গত মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করেছি।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Habib Wahid, হাবিব ওয়াহিদ
Post Your Comments