১১ বছর পর শাহনাজ রহমতউল্লাহ
প্রায় ১১ বছর পর মিক্সড অ্যালবামে গান করেছেন আধুনিক গানের জনপ্রিয় শিল্পী শাহনাজ রহমতউল্লাহ। এম এস রানার কথা ও ডা. ইকবালের সুর-সঙ্গীতে গত ৯ ফেব্রুয়ারি নগরীর বাজনা স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। এতোদিন পর দেখা হলো যদি/ বুকের ভেতর উছলে পড়ে আবেগী এক নদী/ কি যে সুখে আছো তুমি জানতে ইচ্ছে হয়/ শেষে তুমি কি যে ভাবো মনে জাগে ভয়- এ রকম রোমান্টিক কথার সঙ্গে ইনডিয়ান ক্ল্যাসিক ও ওয়েস্টার্ন ক্ল্যাসিকের মিশ্রণে ফিউশনধর্মী কম্পোজিশনের এ গানটি স্থান পাচ্ছে জিপসী মেঘে শিরোনামে একটি মিশ্র অ্যালবামে। এ অ্যালবামে আরো গান করেছেন বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, রূপম, মিজান ও এস আই সান্টু। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে অ্যালবামটি। প্রায় ১১ বছর আগে আলাউদ্দিন আলীর সুর ও সঙ্গীত পরিচালনায় একটি মিশ্র গান করেছিলেন শাহনাজ রহমতউল্লাহ। এরপর একক অ্যালবামের পাশাপাশি কিছু দ্বৈত অ্যালবামে গান করলেও আর কোনো মিশ্র অ্যালবামে গান করেননি তিনি। এ প্রসঙ্গে শাহনাজ রহমতউল্লাহ বলেন, আমি সাধারণত মিক্সড অ্যালবামে গান করি না। ভিন্ন প্রফেশনে থেকেও মিউজিকের প্রতি ডেডিকেটেড বলেই ডা. ইকবালের গানটি করলাম। গানটি খুবই সুন্দর, অসম্ভব মেলোডিয়াস গান। আশা রাখি, শ্রোতাদের ভালো লাগবে।
Bangla Music Tags: Alauddin Ali, Bappa Majumdar, Fahmida Nabi, Shahnaz Rahmatullah, আলাউদ্দিন আলী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, শাহনাজ রহমতউল্লাহ
Post Your Comments