স্বাধীনতা দিবসে স্বাধীনতার আনন্দ ছড়িয়ে দেয়ার জন্যই এ কনসার্ট : তানভীর খান
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজন করা হয়েছে লাইভ কনসার্টের। এনটিভির আয়োজনে এ কনসার্টটির প্রযোজক হিসেবে রয়েছেন তানভীর খান। আজকের কনসার্টসহ সমসাময়িক অন্য কাজ নিয়ে তানভীর খানের সঙ্গে কথা বলে লিখেছেন মনজুর জিয়া।
২৬ মার্চে কক্সবাজারের মতো এমন জায়গায় কনসার্ট করার চিন্তা এলো কেন?
তানভীর খান : আসলে আমরা যে কোনো উপলক্ষে চেষ্টা করি কোনো ইভেন্ট করার। তারই অংশ হিসেবে আমরা বিভিন্ন ডেতে কিছু ইভেন্ট করার চেষ্টা করি। গত ২৬ মার্চেও আমরা সংসদ ভবন চত্বরে একটি কনসার্টের আয়োজন করেছিলাম। এবার চিন্তা করেছি ঢাকার বাইরে কোথায় করা যায়। পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নিলাম, কক্সবাজারে এবারের কনসার্টটি করবো। আমি মনে করি, এ ধরনের ইভেন্ট নিয়মিতই করা উচিত। দেখা যায়, স্বাধীনতা বা অন্যান্য দিবস যেমন ২১ ফেব্রুয়ারি এগুলো এলে আমরা বেশ গুরুগম্ভীর হয়ে যাই। যেন এই দিন আমাদের আনন্দ-উল্লাস করা নিষেধ। আমি মনে করি, এ দিনটিতে যেহেতু আমাদের স্বাধীনতা দিবসের ঘোষণা হয়েছে, তাই এ দিনটিকে আমরা উৎসবের দিন হিসেবে সেলিব্রেট করবো। আমি কনসার্টটির মাধ্যমে সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। স্বাধীনতা আমাদের গর্ব করার বিষয়। তাই ঘরে মন খারাপ করে বসে থাকার কোনো কারণ নেই এ দিনটিতে। স্বাধীনতা দিবসে স্বাধীনতার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস।
আপনার এ কনসার্টে কারা পারফর্ম করছেন?
তানভীর খান : আমার এ লাইভ কনসার্টটিতে পারফর্ম করবেন সোলস, ফুয়াদ, ক্লোজ-আপের সালমা, সোনিয়া, মুহিন, রন্টি, সাব্বিরসহ আরো কয়েক শিল্পী।
এনটিভিতে আপনার মিউজিক জ্যাম অনুষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছিলাম।
তানভীর খান : আমি ক্লোজ-আপ ওয়ানের মাধ্যমে বাংলাদেশের ৯৫ পারসেন্ট দর্শককে টাচ করতে পেরেছি বলে মনে করি। আর বাকি ৫ পারসেন্টকে টাচ করার জন্য আমার এ চেষ্টা। সেটা আমি করতেও পেরেছি বলে মনে করি। আসলে এ ধরনের অনুষ্ঠান করার আরেকটি কারণ হচ্ছে, আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম তখন সেখানকার অনেকে আমাকে ইংলিশ ঢঙে একটি প্রোগ্রাম করতে বলে এবং আমার প্রস্তাবটি ভালো লাগে। বিষয়টি আসলে আমি গ্লোবালি চিন্তা করেই করেছি এবং এর রেসপন্সটাও ভালো পাচ্ছি।
দুইবার ক্লোজ-আপ ওয়ান অনুষ্ঠান সফলভাবে করার পরও এবার সেখানে আপনাকে দেখা যাচ্ছে না কেন?
তানভীর খান : সত্যি কথা বলতে কি, আমি একটি রিয়ালিটি শো নিয়ে ভাবছি। এটার কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিরই হয়তো এটির কাজ শুরু করবো। আর ক্লোজ-আপ ওয়ানের অনুষ্ঠানের বিষয়টি চ্যানেল কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।
আপনার পরবর্তী কাজ কি?
তানভীর খান : কক্সবাজার থেকে ২৭ তারিখ ফিরেই ব্যস্ত হয়ে পড়বো সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভাল নিয়ে। এটি হবে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে। এখানে দক্ষিণ এশিয়ার নামকরা শিল্পী ও আমাদের দেশের টপ ক্লাস শিল্পীরা গান গাইবেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: ফুয়াদ, মুহিন, সাব্বির, সোনিয়া, সোলস
Post Your Comments