![]()
গত কোরবানির ঈদে এটিএন মিউজিকের ব্যানারে বাজারে আসে রবি চৌধুরীর সর্বশেষ একক অ্যালবাম ইয়া হাবিবী। অ্যালবামটি আশানুরূপ সফলতা না পেলেও অ্যালবামের টাইটেল ইয়া হাবিবী, ভেজা চুল এবং তুমি আমি আর বৃষ্টি গানগুলো প্রশংসা কুড়ায় অনেকের। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করেছেন রবি চৌধুরী। বর্তমান ব্যস্ততা এবং অন্যান্য বিষয়ে রবি চৌধুরীর সঙ্গে কথা বলেছেন টি আই অন্তর।
বর্তমান ব্যস্ততা সম্পর্কে বলুন?
বর্তমান ব্যস্ততা স্টেজ শো নিয়ে। প্রায় প্রতি সপ্তাহেই দেশের কোথাও না কোথাও শো থাকছে। সম্প্রতি ওয়ার্ল্ড ট্যুরে গিয়ে জার্মানি, স্পেন, লন্ডন, যুক্তরাষ্ট্র ও কোরিয়ায় শো করে এলাম। দেশের বাইরে বসবাসরত প্রবাসী বাঙালিদের মধ্যে বাংলা গানের এখনো দারুণ কদর রয়েছে। আমি খুবই অবাক হয়েছি স্টেজে গান করার সময় শ্রোতাদের রেসপন্স দেখে। তবে অধিকাংশ শ্রোতাই অনুরোধ করেন আমার গাওয়া পুরনো গানগুলোর জন্য। নতুন গানের মধ্যে ইয়া হাবিবী গানটার জন্য অনেকেই অনুরোধ করেন। স্টেজের ব্যস্ততা ছাড়াও আমার পরবর্তী একক অ্যালবামের যাবতীয় পরিকল্পনা, কথা সংগ্রহ ও সুর করা নিয়ে কিছুটা ব্যস্ততা রয়েছে।
পরবর্তী একক অ্যালবাম কবে প্রকাশিত হচ্ছে?
এখনো ঠিক করিনি। তবে আশা করছি, আগামী ঈদে শ্রোতাদের হাতে অ্যালবামটি দিতে পারবো। এখন আমি একটু একটু করে গানগুলোর সুর করছি। বারবার সংযোজন-বিয়োজন করে সেগুলোকে ভালো থেকে আরো ভালো করার চেষ্টা করছি। এবারের অ্যালবামটি একটু ভিন্ন আঙ্গিকে করতে চাই। আশা করি, এ গানগুলোর মধ্যে শ্রোতারা এবার অন্য এক রবি চৌধুরীকে খুঁজে পাবেন।
শোনা যাচ্ছে, চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করছেন?
হ্যাঁ। গাজী মাজহারুল আনোয়ারের কাহিনী ও চিত্রনাট্য এবং নার্গিস আক্তারের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্র পুত্র এখন পয়সাওয়াল-র সঙ্গীত পরিচালনা করছি। এ চলচ্চিত্রে ছয়-সাতটি গান থাকবে। টাইটেল গানটি এর মধ্যেই সম্পন্ন হয়েছে। এতে কণ্ঠ দিয়েছি আমি নিজে। বাকি গানগুলো তৈরির কাজ চলছে। এ গানগুলোতে কণ্ঠ দেবেন রুনা লায়লা, ইভা রহমান এবং আরো একজন শিল্পী, যার নাম এখনো চূড়ান্ত হয়নি। এ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও শাকিবা। ফেরদৌসের লিপসিংয়ের সঙ্গে মানিয়ে যাবে এমন একজন পুরুষ কণ্ঠ নেয়া হবে। চলচ্চিত্রে এটিই হতে যাচ্ছে আমার প্রথম সঙ্গীত পরিচালনা। এ সেক্টরে নিয়মিত হওয়ার ইচ্ছে নেই, তবে ভালো চলচ্চিত্রের অফার পেলে আরো দু’একটা হয়তো করতে পারি।
সম্প্রতি শান্তনু নামে এক নতুন শিল্পীর অ্যালবাম এসেছে বাজারে, যার সব গানের সুর করেছেন আপনি…।
শান্তনু আমার এলাকার ছেলে। তার অনুরোধ রক্ষা করতে গিয়ে অ্যালবামটি করে দিয়েছি। অ্যালবামের নাম কেমন করে পারো তুমি। এটি প্রকাশ করেছে সঙ্গীতা। আধুনিক ও ফোক ধারার ১২টি গান রয়েছে এ অ্যালবামে। গানগুলো শান্তনু খুবই ভালো গেয়েছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে। আমি সাধারণত অন্যদের জন্য সুর করি না। ১২ বছর আগে বেবী নাজনীনের প্রথম সিডির জন্য দুটি গান করেছি। টাইটেল এবং অল্প করে গল্প বলো। ডলি সায়ন্তনীর প্রথম অ্যালবামের জনপ্রিয় গান কালিয়ারে কালিয়া আমার সুর করা। শাকিলা জাফর এবং সামিনা চৌধুরীর কয়েকটি গান করেছিলাম। কিছুদিন আগে অরুণ চৌধুরীর একটি নাটকের টাইটেল গানের সুর করে দিয়েছি। তবে সুর করাটা আমার পেশা নয়। আমি শিল্পী, শিল্পী হিসেবেই থাকতে চাই। মাঝে মধ্যে শখের বশে অন্যদের জন্য দু’একটি সুর করি।
সূত্রঃ যায়যায়দিন।
Tags: ইভা রহমান, গাজী মাজহারুল আনোয়ার, টি আই অন্তর, ডলি সায়ন্তনী, বেবী নাজনীন, রবি চৌধুরী, রুনা লায়লা, শাকিলা জাফর, সামিনা চৌধুরী
Related News:
Leave a Reply