সেলিব্রেটির মুখোমুখি মিউজিশিয়ান তাহসান
এন্টারটেইনমেন্ট বিভাগের নিয়মিত আয়োজন সেলিব্রেটির মুখোমুখির নবম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন মিউজিশিয়ান তাহসান। চে কাফেতে তার সঙ্গে খোশমেজাজে জমিয়ে আড্ডা দিয়েছেন নির্বাচিত পাঠকদের মধ্যে জিনাত মৌ খান, নওমী রুহীন মোনা, সুমন আহম্মেদ ও মাঈশা আমিন। যায়যায়দিনের রেডিও পার্টনার রেডিও টুডে আড্ডাটি লাইভ প্রচার করে। আড্ডাটি কোঅর্ডিনেট করেন এন্টারটেইনমেন্টের বিভাগীয় সম্পাদক রেজাউর রহমান রিজভী ও ছবি তুলেছেন শরীফ সারওয়ার। আড্ডায় সঙ্গে ছিলেন এন্টারটেইনমেন্ট বিভাগের সাদেক সামি, টি আই অন্তর ও বাবুল হৃদয়। পাঠকদের পাঠানো এসএমএসের নির্বাচিত প্রশ্নের জবাব দিয়েছেন তাহসান। সেগুলো এখানে দেয়া হলো-
আপনার স্মরণীয় মুহূর্ত কোনটি?
- বেলাল ও বিপ্লব মিয়া, চট্টগ্রাম।
তাহসান : বেশ কয়েক বছর আগে খুলনাতে একটি কনসার্ট করেছিলাম। সময়টা ছিল সূর্য ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্ত। আকাশেও ছিলো ঘন কালো মেঘের ছোয়া। বৃষ্টি নামবে নামবে করছে। ঠিক যখন আমরা স্টেজে উঠলাম, তখনই নামলো ঝুম বৃষ্টি। অথচ বৃষ্টির মধ্যে ভিজে কয়েক হাজার দর্শক আমাদের কনসার্ট উপভোগ করলেন। সেই কনসার্টটিই আমার সবচেয়ে স্মরণীয় স্মৃতি।
কোন গানের লিরিক ও মিউজিক আপনার ফেভারিট?
- ইমরান, আগ্রাবাদ, চট্টগ্রাম।
তাহসান : লিরিক আর মিউজিক মিলিয়ে বলতে গেলে প্রেমাতাল গানটিই আমার ফেভারিট।
আপনি কোন বিষয়ে এবং কোথায় পড়ালেখা করেছেন?
- মৃত্তিকা, কিশোরগঞ্জ।
তাহসান : আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করার পর আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। বর্তমানে আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিবিএ’র লেকচারার হিসেবে কর্মরত রয়েছি।
আপনার নতুন নেই অ্যালবামের কোন গানটি আপনি বেশি পছন্দ করেন?
- যুথী, ব্রাহ্মণবাড়িয়া।
তাহসান : নতুন নেই অ্যালবামের নেই, জীবিকার খোজে ও মুঠো গানগুলোই বেশি ভালো লাগে আমার।
আপনি সব সময় ডুয়েটে মিথিলা আপুর সঙ্গে গান করেন কেন, নতুন আর্টিস্ট দেখতে পাই না কেন?
- হাসিব রেহমান, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
তাহসান : মিথিলার সঙ্গে ডুয়েট গান করেছি আমি তিনটির মতো। আর নতুন কোনো আর্টিস্টের গায়কি ভালো লাগলে তার সঙ্গেও গাইবো অবশ্যই।
এফএম রেডিওতে নিয়মিত হিন্দি গান প্রচার হচ্ছে- এ বিষয়ে আপনার মতামত কি?
- সজল, নোয়াখালী।
তাহসান : শ্রোতারা মূলত যে ধরনের গান শুনতে চায় তাই-ই এফএম রেডিওগুলো প্রচার করছে। সুতরাং হিন্দি গান কেউ শুনতে চাইলে হিন্দি গান প্রচার করাটা তো দোষের কিছু নয়। তবে অবশ্যই দেশীয় মিউজিককে অগ্রাধিকার দিতে হবে সবসময়।
সে আরেক জীবন তোমায় নিয়ে- গানটির সৃষ্টি সম্পর্কে বলুন।
- টিটো, বরিশাল।
তাহসান : এ গানটি মূলত সৃষ্টিকর্তাকে নিয়ে লেখা। মানুষ তার সৃষ্টিকর্তার সঙ্গে যোগাযোগ করতে চায় প্রার্থনার মাধ্যমে। এখানে এ গানের মাধ্যমে সৃষ্টিকর্তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি আমি।
চাদের আলো কেন কখনো আমার হবে না?
- হেমন্ত হাসান, টাঙ্গাইল।
তাহসান : কারণ চাদ রয়েছে বহু ক্রোশ দূরে। চাদকে ছোয়া যাবে না বলেই চাদের আলো কখনো আমার হবে না।
আপনি একজন শিল্পী হিসেবে কেমন গান গাইতে পছন্দ করেন এবং কেমন গানের শিল্পীকে আপনি অনুসরণ করেন?
- রাসেল, গাজীপুর।
তাহসান : সব ধরনের গানই পছন্দ করি আমি। সেটা পপ, রক, মেটাল বা ফোক যে ঘরানারই হোক না কেন। আর তেমন কাউকে আমি অনুসরণ করি না, তবে বড় বড় শিল্পীর গান আমাকে অনুপ্রাণিত করে।
আমি গান গাইতে চাই কিন্তু আমার গলায় সুর নেই। ভালো গায়ক হতে হলে আমাকে কি করতে হবে?
- তারিক, ঠাকুরগাও।
তাহসান : সঙ্গীতের ক্ষেত্রে চর্চা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই। তাই চেষ্টা করুন গান শিখে তারপর গায়ক হতে।
আপনি এ পর্যন্ত যতোগুলো গান গেয়েছেন তাতে কি সন্তুষ্ট?
- পাভেল, রাজশাহী।
তাহসান : আমার মনে হয় কোনো সঙ্গীত শিল্পীই তার গান নিয়ে কখনো সন্তুষ্ট হতে পারে না। কারণ আরো ভালো কিছু করার একটা অতৃপ্তি সবসময়ই শিল্পীকে তাড়িয়ে বেড়ায়। তাই আমিও চেষ্টা করে চলেছি আরো ভালো কিছু করতে।
আপনার কণ্ঠ আমার খুব ভালো লাগে। আমি জানি আপনি একজন শিক্ষক, গায়ক এবং অভিনেতা। কোনটি বেশি পছন্দ করেন আপনি?
- মনির, সিলেট।
তাহসান : শিক্ষকতা ও মিউজিক এ দুটিই বেশি পছন্দ আমার। আর শখের বশে মাঝে মধ্যে অভিনয় করেছি, সেটুকুই।
আপনার সঙ্গে মিথিলাকে বেশ মানায়, আপনারা দুজনেই অনেক সুন্দর। জানতে চাচ্ছি, আপনাদের বিয়ে কি প্রেম করে নাকি পারিবারিক আয়োজনে হয়েছে?
- রাবেয়া, পিরোজপুর।
তাহসান : শুরুতে প্রেম ছিল, পরে পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে।
কে কাকে বেশি ভালোবাসেন আপনি মিথিলাকে নাকি মিথিলা আপনাকে?
- তানি, ঢাকা ও তানভীর, কুমিল্লা।
তাহসান : প্রেম কখনো পরিমাপ করা যায় না। আর অন্যের প্রেম নিয়ে প্রশ্ন করলে উত্তরদাতা স্বাভাবিকভাবেই বিব্রতবোধ করেন-এটি স্মরণ রাখা জরুরি।
কে বেশি সুন্দরী, মিথিলা নাকি ঐশ্বরিয়া?
- আসিফ, বিবিএ, ঢাকা ইউনিভার্সিটি।
তাহসান : অবশ্যই সারা পৃথিবীর কাছে ঐশ্বরিয়া সুন্দরী।
আপনি কখন গান গাইতে বেশি পছন্দ করেন?
- মাঈশা, উত্তরা, ঢাকা।
তাহসান : সত্যি বলতে কি কোনো শিল্পীই সঠিক কোনো সময় বলতে পারবেন না, যে কখন তিনি গাইতে বেশি পছন্দ করেন। কারণ পুরোটাই তো মনের ব্যাপার। তাই মনের খেয়াল আসতেই পারে যখন-তখন।
ক্যারিয়ার গড়ে তোলার জন্য স্মার্টনেস কতোটা জরুরি বলে আপনি মনে করেন এবং স্মার্টনেসের ডেফিনেশন কি বলে মনে করেন?
- কানন, রাজশাহী।
তাহসান : ক্যারিয়ার বিল্ডআপের জন্য স্মার্টনেস অবশ্যই জরুরি। আর স্মার্টনেস মানে এমন নয় যে, সুন্দর জামাকাপড় পরে নিজেকে উপস্থাপন করা। এটি হলো জ্ঞানের ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতাকে অন্যের সামনে উপস্থাপন করা। বুদ্ধিদীপ্ত বাচনভঙ্গির মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করার মাধ্যমেই একজনের স্মার্টনেসের পরিচয় পাওয়া যায়।
আপনাকে মডেল হিসেবে দেখতেই ভালো লাগে। আপনার কোনটা ভালো লাগে? গান নাকি মডেলিং? আর প্লেব্যাক করার ইচ্ছা আছে কি?
- রমিজ, মিরপুর-১, ঢাকা।
তাহসান : মডেলিং করি শখে। গানটাই প্রধান আমার কাছে। আর প্লেব্যাক এখনো করা হয়ে ওঠেনি, তবে ইচ্ছা আছে।
আপনাকে ওপেন এয়ার কনসার্টে তেমন দেখা যায় না কেন?
- রিপন, গুলশান-২, ঢাকা।
তাহসান : দুই বছর আগে ব্ল্যাক ব্যান্ড ছাড়ার পর থেকে কোথাও লাইভ কনসার্ট করা হয়নি। এর মূল কারণ একটা নির্দিষ্ট সেটআপ ছাড়া লাইফ কনসার্ট করা যায় না। সেজন্য কোনো মিউজিক সেটআপের সঙ্গে শিক্ষকতার পাশাপাশি সময় দেয়াটা বাস্তবিকই বেশ কঠিন। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হলে আবার লাইভ কনসার্টে অংশ নেবো।
সলো অ্যালবামে অন্যদের সুরে গান করেন না কেন?
- গালিব সর্দার, রাজশাহী।
তাহসান : নিজের সুরে গান করি বলেই আলাদা একটা স্টাইল তৈরি করতে পেরেছি আমি। অন্যের সুরে গাইলে হয়তো এ স্টাইলটি গড়া সম্ভব হবে না।
দেশ নিয়ে আপনার কোনো স্বপ্ন আছে?
- নিপু, ঢাকা।
তাহসান : দেশ নিয়ে অনেক স্বপ্ন আমার। তবে স্বপ্নের দুটি মূল ধারা রয়েছে। একটি হলো দেশের এডুকেশন লেভেল বাড়ানো ও অন্যটি হলো মানুষের দারিদ্র্যসীমা কমানো। শিক্ষকতা পেশা গ্রহণের মাধ্যমে আমি ক্ষুদ্র অ্যাফোর্ড দেয়ার চেষ্টা করে চলেছি। দেশের মানুষ যাতে শিক্ষার লেভেল বাড়িয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারে, সেই স্বপ্ন দেখি আমি। টেকনিকাল লেভেলে এডুকেশনের মাধ্যমে তৃতীয় বিশ্বের লেভেল থেকে উন্নত বিশ্বের সঙ্গে যাতে আমরা পাশাপাশি চলতে পারি, সেজন্য সবারই কাজ করা উচিত।
তাহসান ভাই, আমি আপনার একজন ভক্ত। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
- নাঈম, শ্রীপুর, গাজীপুর।
তাহসান : ছোট্ট, সুন্দর আর সাজানো একটা ছিমছাম জীবনের স্বপ্ন আমার। বড় কোনো প্ল্যান আমার নেই। শিক্ষকতা করছি। এর মাধ্যমে অল্প কিছু ছাত্রও যদি উপকৃত হয় তবে তা দেশের জন্য সামান্য কিছু অবদান বলে মনে করবো।
প্রোফাইল
পুরো নাম : তাহসান রহমান খান
জন্ম তারিখ : ১৮ অক্টোবর
প্রিয় রঙ : কালো
শখ : পিয়ানো বাজানো
অবসর কাটে : গান শুনে ও বই পড়ে
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Mithila, Tahsan, তাহসান, মিথিলা
Post Your Comments