সম্প্রতি একটি মিক্সড অ্যালবাম দিয়ে আবারো শ্রোতাদের সামনে এসেছেন বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সন্দীপন। এই অ্যালবাম এবং সন্দীপনের সাম্প্রতিক সময়ের ব্যস্ততা নিয়ে লিখেছেন হাসান মাহমুদ
সময়ের হিসেবে চার থেকে পাঁচ বছর হয়তো খুব বড় কোনো সময় নয়। তবে শ্রোতাদের ভালোবাসা আর ভাললাগা যে এই অল্প সময়েও একজন শিল্পীকে অনেক বড় কোনো অর্জনের দিকে নিয়ে যেতে পারে সেটা শ্রোতাধন্য শিল্পী মাত্রই জানেন। আর এমনই একজন শ্রোতাধন্য শিল্পী হিসেবে গেল চার বছরে দেশীয় সংগীতে নিজের পরিচিতির গণ্ডিটাকে একটু একটু করে বাড়িয়ে নিয়েছেন সন্দীপন। ২০০৫ এ প্রথম অ্যালবাম ‘সোনা বন্ধু’ বাজারে আসার পর সন্দীপন শ্রোতাদের যে আনুকূল্য পেয়েছিলেন সেই আনুকূল্যকে কাজে লাগিয়েই গেল ক’বছরে আরো চারটি একক অ্যালবাম উপহার দেন তিনি। এর মধ্যে সর্বশেষ গেল রোজার ঈদে বাজারে এসেছিল সন্দীপনের একক অ্যালবাম ‘চাঁনমুখে মধুর হাসি’। এছাড়া ইতোপূর্বে তার গান শ্রোতাদের কানে পৌঁছেছিল দু’টি মিক্সড অ্যালবামের সুবাদেও। আর সেই ধারাবাহিকতা বজায় রেখেই সম্প্রতি বাজারে এসেছে ‘সাদা ক্যানভাস’ শিরোনামে তার আরো একটি মিক্সড অ্যালবাম।
‘সাদা ক্যানভাস’ শিরোনামের মিক্সড অ্যালবামটিতে সন্দীপনের পাঁচটি গান স্থান পেয়েছে। এছাড়া অনিকেত পান্থ’র কথা ও সুরে এই অ্যালবামে আরো যারা গেয়েছেন তাদের মধ্যে রয়েছেন নির্ঝর, আরজে রাজু এবং অনিকেত পান্থ। অ্যালবামটি সম্পর্কে জানতে চাইলে সন্দীপন বলেন, ‘ইতোপূর্বে আমি দু’টি মিক্সড অ্যালবামে কাজ করলেও সেগুলোতে মূলত অন্যদের গানের রিমেক হিসেবে আমার গান স্থান পেয়েছিল। তবে সাদা ক্যানভাস অ্যালবামে আমার যে পাঁচটি গান রয়েছে এর সবগুলোই মৌলিক। আর এ পাঁচটি গানেরই কথা ও সুর করেছে অনিকেত পান্থ। পাঁচটি গানের মধ্যে তুমি সাদা ক্যানভাস নামের টাইটেল ট্র্যাকটিতে আমার সাথে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী নির্ঝর। এছাড়া এই একই গানের একটি সলো ভার্সন করেছে রেডিও আমার এর আরজে ও কণ্ঠশিল্পী রাজু। অ্যালবামে আমার করা অন্য গানগুলোর মধ্যে রয়েছে আকাশ থেকে দেবো পেড়ে, বৃষ্টি নেমেছে দেখো, সে যেন আসে কাব্যের পদ্মে এবং কন্যা যাইয়ো না। অনিকেত পান্থ’র লেখা এই প্রতিটি গানের কথাই শ্রোতাদের ভাল লাগবে বলে আমি আশাবাদী। আর সুরের ক্ষেত্রে এখানে মূলত আধুনিক ধারার রোমান্টিক মেলোডিকেই প্রাধান্য দেয়া হয়েছে।’
সংগীত নিয়ে তার অন্যান্য ব্যস্ততার কথা জানতে চাইলে সন্দীপন জানান, গেল ঈদে প্রকাশিত হওয়া সলো অ্যালবাম ‘চাঁনমুখে মধুর হাসি’র জন্য তিনি এখনো নানা স্থান থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। আর শ্রোতাদের এই অনুপ্রেরণাকে সঙ্গী করেই এখন তিনি কাজ করে যাচ্ছেন আপকামিং একটি সলো ও মিক্সড অ্যালবামের জন্য। এর মধ্যে ভালোবাসা দিবসে মুক্তি প্রত্যাশিত ‘হৃদয় মিক্সড ২’ অ্যালবামে তার একটি গান থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া হৃদয়ের সুর ও সংগীতে কাজ চলছে তার একটি সলো অ্যালবামেরও। সন্দীপন জানান, সবকিছু ঠিক মতো এগুলে আসছে পহেলা বৈশাখেই শ্রোতারা শুনতে পাবেন তার এই সলো অ্যালবামের গান। অন্যদিকে গানের বাইরে তার অন্যান্য ব্যস্ততার কথা জানতে চাইলে সন্দীপন জানান, গেল কিছুদিন ধরেই তিনি অভিনয় করছেন শামীম শাহেদের ধারাবাহিক নাটক প্রভাতী সবুজ সংঘে। এছাড়া শামীম শাহেদের পরবর্তী ধারাবাহিক নাটক হাবলু-ডাবলু’তেও কাজ করার কথা রয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকা সন্দীপনের। একই সাথে চলছে বাংলাভিশনের সংগীত অন্বেষণমূলক কার্যক্রম ‘অন্য আলোর গান’ এর বিচারক হিসেবে দায়িত্ব পালনও।
সবশেষে সংগীত নিয়ে তার আগামীর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সন্দীপন জানান, গান গাইবার পাশাপাশি গানের চর্চাটাও একইভাবে চালিয়ে যেতে চান তিনি। সেই সাথে আগামীতে গান লেখা ও সুর করার প্রতি মনোযোগী হবার ইচ্ছেও রয়েছে শ্রোতাপ্রিয় এই শিল্পীর।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জানুয়ারী ১৪, ২০১০
Tags: অ্যালবাম, নির্ঝর, সন্দীপন, হাসান
Related News:
Leave a Reply