সিঙ্গাপুরে হাসপাতালে সাবিনার পরীক্ষা চলছে
উন্নত চিকিৎসার জন্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন সিঙ্গাপুরে পেঁছেছেন গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায়। সকাল সাড়ে নয়টায় তাঁকে সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৭৮ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর কক্ষে আছেন। গতকালও তাঁর অবস্থা অপরিবর্তিত ছিল বলে জানা গেছে।
সাবিনা ইয়াসমীনের ভগ্নিপতি সংগীতজ্ঞ মোবারক হোসেন খান জানান, সিঙ্গাপুরে সাবিনা জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক থ্রো হার্ন চংয়ের অধীনে চিকিৎসা নিচ্ছেন। ভর্তির পর পরই তাঁর এমআরআই এবং রক্ত পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। আজ পরীক্ষাগুলোর প্রতিবেদন পাওয়ার পর মূল চিকিৎসা শুরু করবে হাসপাতাল কতৃপক্ষ। গতকাল তাঁকে কেমোথেরাপি দেওয়া যায়নি। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
সাবিনা ইয়াসমীনের চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য সরকারের সহযোগিতা চেয়েছে দেশের শিল্পীসমাজ। কণ্ঠশিল্পী হিসেবে ১১ বার জাতীয় পুরস্কার, স্বাধীনতা পদক, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত এ শিল্পীর জটিল রোগের চিকিৎসার খরচ অনেক। সুরকার আলম খান, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, শাকিলা জাফর, আবিদা সুলতানা, আইয়ুব বাচ্চু, জেমস, উপস্থাপক হানিফ সংকেত প্রমুখ এক সুরে দাবি তোলেন-সাবিনা ইয়াসমীন দেশের সম্পদ। তাই তাঁর চিকিৎসার সিংগভাগ ব্যয় বহন করা উচিত সরকারের।
নন্দিত ও জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমীন ‘নন হজকিন্স লিম্ফোমা’ নামের জটিল রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, এটি এক ধরনের টিসু ক্যান্সার।
Bangla Music Tags: Sabina Yasmin
Post Your Comments