সল্টলেকে নগর বাউল জেমস
বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আমাদের নগর বাউল জেমসের জনপ্রিয়তা এখন সারা ভারতে। বলিউডের ছবিতে জেমসের গাওয়া প্রায় সব গান তো আছেই, পাশাপাশি জেমসের গাওয়া বাংলা গানগুলোও এখন কলকাতার শ্রোতাদের মুখে মুখে। এ কারণে ইতিমধ্যে বেশ কবার গান গাইতে কলকাতা যেতে হয়েছে তাঁকে।
আরেক দফা যাচ্ছেন আগামী মাসে। কলকাতার সল্টলেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চারটি দেশের জনপ্রিয় চারটি ব্যান্ডের অংশগ্রহণে কনসার্ট ‘রক যুগলবন্দী’। কনসার্টে অংশ নেবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন, ভারতের অগ্নি, থাইল্যান্ডের টাটাইয়াং এবং বাংলাদেশের জেমস ও তাঁর ব্যান্ড নগর বাউল। কনসার্টটির আয়োজক কলকাতার আইডিয়া ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের রুবাইয়াত ঠাকুর রবীন।
৪ অক্টোবর দলের চার সদস্যকে নিয়ে জেমস কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন। তাঁর সঙ্গে যাচ্ছেন নগর বাউলের সদস্য ফান্টি (ড্রামস), বুলবুল (বেজ গিটার), তমাল (কিবোর্ড) এবং জেমসের মুখপাত্র রবীন।
এ কনসার্টটি সম্পর্কে জেমস বলেন, ‘রক যুগলবন্দী হবে একটি ব্যতিক্রমী কনসার্ট। চার দেশের চারটি ব্যান্ডই তাঁদের সেরা পারফর্ম করার চেষ্টা করবে। আমি মনে করি এ ধরনের কনসার্ট আরও হওয়া উচিত। এতে এক দেশের সঙ্গে অন্য দেশের সম্প্রীতি আরও বাড়বে।’
এদিকে আগামী ২৮ সেপ্টেম্বর সিএমভির ব্যানারে বাজারে আসছে জেমসের নতুন একক অ্যালবামতুফান । জেমসের এই অ্যালবামটি নিয়ে ইতিমধ্যে অডিও-শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, ২০ সেপ্টেম্বর ২০০৭
Bangla Music Tags: James
Post Your Comments