সঞ্জীব চৌধুরী আর নেই
সঞ্জীব চৌধুরী আর নেই। চলে গেলেন তিনি চিরতরে এ পৃথিবীর থেকে বিদায় নিয়ে। ব্রেন ষ্টোকে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তিনি যেভাবে অচেতন হয়ে পড়েছিলেন তা থেকে ফিরিয়ে আনার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে।
যন্ত্রও আর তার শরীরকে কৃত্রিমভাবে ধরে রাখতে পারলো না। স্তব্ধ হয়ে গেছে সব কিছু। রোববার মধ্যরাত উত্তীর্ণ হতেই রাত ১২টা ১০ মিনিটে চিকিৎসকরা জানালেন সঞ্জীব চৌধুরীর জীবনপ্রদীপ নিভে গেছে। ভেন্টিলেশন, লাইফ সাপোর্ট সিস্টেম কোনো কিছুই আর কাজ করছে না। তিনি মৃত।
‘গাড়ি চলে না - চলে না’ গান গেয়ে মিডিয়া ভুবনে অসম্ভব জনপ্রিয়তার সঙ্গে যিনি ‘এক্সপোজার’ পাচ্ছিলেন, তার জীবনের চাকা হঠাৎ এভাবে থেমে যাওয়ায় এটাও অজানাই থেকে যাবে যে খ্যাতির পেছনে ছোটার বিন্দুমাত্র ঝোঁক ছিল না তার, অথচ ছিলেন একজন সঙ্গীতগুণী। গলায় গান যেমন ছিল সঞ্জীবের চিরচেনা, তেমনি ছিল কবিতার টান; আর সৃজনশীলতার বড়ো অংশটি ঢেলে দিয়েছিলেন সাংবাদিকতায়। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই প্রচণ্ড মাথাব্যথায় ভুগছিলেন। চোখে ঝাপসা দেখছিলেন। একসময় বমি করলে ধারণা করা হয় তার স্ট্রোক করেছে। এ পর্যায়ে তাকে প্রথমে গত শুক্রবার তার দুপুর ২টায় মিরপুরের আল হেলাল হার্ট হসপিটালে ভর্তি করানো হয়। পরে রাতে অ্যাপোলো হাসপাতালে নিয়ে এলে রাত ১১টায় হাসপাতালের নিউরো আইসিইউতে নিয়ে তার শরীরে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ব্রেন হেমারেজের কারণে তার মস্তিষ্কে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এ্যাপোলো হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছিলেন ৭২ ঘণ্টা পার না হলে সঞ্জীব চৌধুরীর অবস্থা সম্পর্কে, তারা কিছু বলতে পারবেন না। তবে অবস্থা অপরিবর্তিত। তার পরিবারের পক্ষ থেকেও গতকাল রোববার বলা হয়েছিল, তারা ৭২ ঘণ্টা পার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ৭২ ঘণ্টা পার হওয়ার কথা ছিল আজ সোমবার রাত ১১টায়। সঞ্জীব চৌধুরীর আত্মীয়স্বজনরা গতকালও হাসপাতালের করিডোরে সার্বক্ষণিক অবস্থান করেছেন।
এ ছাড়া সকাল থেকেই সাংবাদিক, ভক্ত, সহকর্মী, শিল্পী, অভিনেতা-অভিনেত্রীরা হাসপাতালে গেলেও নিউরো আইসিইউতে থাকা সঞ্জীব চৌধুরীর কাছে কেউ যেতে পারেননি। বিকাল ৫টায় তার শরীরের বর্তমান অবস্থা করিডোরে অবস্থানরতদের মনিটরে দেখানো হয়েছিল।
কিন’ কোনো চেষ্টাই আর সঞ্জীব চৌধুরীকে বাঁচিয়ে রাখতে পারেনি। রাত ১২টা ১০ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতালে অপেক্ষমাণ তার স্ত্রী শিল্পী, ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যরা এবং সহকর্মী শিল্পী, বন্ধুবান্ধব, শুভার্থী-ভক্ত, সংবাদপত্র, সংস্কৃতি ও মিডিয়া জগতের সবার মধ্যে কান্নার রোল ওঠে। বিভিন্ন মহলে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
সূত্রঃ ইএনএস।
Bangla Music Tags: Sanjeeb Chowdhury, সঞ্জীব চৌধুরী

Post Your Comments