![]()
বাংলাদেশ বেতার ও টিভির নিয়মিত শিল্পী অনিমা মুক্তি। সব গানেই তিনি সমান পারদর্শী হলেও লোকসঙ্গীতকে ধ্যানে-জ্ঞানে-স্মৃতিতে আঁকড়ে রেখেছেন। বাজারে রয়েছে তার একাধিক অ্যালবাম। সম্প্রতি তিনি এসেছিলেন যায়যায়দিনে। তার সঙ্গে সঙ্গীতের নানান বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন বাবুল হৃদয় এবং ছবি তুলেছেন শেখ হাসান।
সঙ্গীতে সম্পৃক্ত হলেন কীভাবে?
নয় মাস বয়স থেকে আমি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। বাবা নাচের শিক্ষক ছিলেন। মা গান করতেন। মা ও বাবার বংশের অনেকেই সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই পরিবেশের মধ্যেই জন্ম হয়েছে আমার। যখন একটু বড় হই, বুঝতে শিখি তখন পাড়ায় পাড়ায় গান করার জন্য অনেকেই ডেকে নিয়ে যেতো আমাকে। ছোটবেলায় সারাদিন গান করতাম। ফাইভে পড়ার সময় স্কুলে গান করতে গিয়ে টিচারদের নজরে পড়ি। তারা নিয়মিত গান করার জন্য উৎসাহিত করেন। এভাবে সবার অনুপ্রেরণা পেয়ে আজ এ পর্যন্ত এসেছি।
সঙ্গীতে হাতে খড়ি কি মায়ের কাছেই?
পারিবারিকভাবে সঙ্গীতে হাতে খড়ি যদি বলি তা মায়ের কাছেই। তবে আনুষ্ঠানিক হাতে খড়ি বলতে গেলে হয়েছে মায়া গাঙ্গুলির কাছে। আমার প্রথম শেখাটা হয়েছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে।
পরে গানে তালিম নিয়েছেন আর কোন কোন ওস্তাদের কাছে?
শ্রদ্ধেয় নীনা হামিদ, কৃষ্ণকান্ত আচার্য, ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, মোস্তাফা জামান আব্বাসী, ইন্দ্রমোহন রাজবংশীসহ বেশ কয়জন গুণী ওস্তাদের কাছে তালিম নিয়েছি।
আপনার প্রিয় সঙ্গীতশিল্পীর কথা বলবেন?
সব গানই টুকটাক গাইলেও স্পেশালি আমি লোকসঙ্গীত শিল্পী। সব ধ্যান-জ্ঞান ভালোবাসা লোকসঙ্গীতকে ঘিরে। আর প্রিয় শিল্পী নীনা হামিদ, ফেরদৌসী রহমান, ইন্দ্রমোহন রাজবংশী, মোস্তাফা জামান আব্বাসী, সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, কনকচাঁপাসহ অনেকে।
লোকসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন কোথায়?
লোকসঙ্গীতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী আমি। বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ আনসার একাডেমীরও তালিকাভুক্ত শিল্পী। এছাড়া টিভি এসে সা-রে-গা-মা। জিটিভি ইন্ডিয়ায় এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। বাংলাদেশ বেতারে অনুষ্ঠান ঘোষিকা হিসেবে এবং নাটকে তালিকাভুক্ত শিল্পী। বাংলাদেশ আনসার কর্তৃক আয়োজিত বিভিন্ন জাতীয় অনুষ্ঠান উপস্থাপনা করছি।
স্টেজ শোর কথা বলবেন?
স্টেজে অনেক শো করেছি। এর মধ্যে ১৯৯৫ সালে বিশ্বসাহিত্য কেন্দ্রে একক সঙ্গীতসন্ধ্যা, ১৯৯৬-৯৭, ১৯৯৮-২০০০ সালে শিল্পকলা একাডেমীর আয়োজনে জাতীয় লোকসঙ্গীত উৎসবে জনপ্রিয় লোককাহিনী রূপবান গীতি নৃত্যনাট্যে মূল চরিত্র রূপবানের গানে কণ্ঠ দিয়েছি। শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত জাতীয় অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়েছি। এছাড়া ভারত, ফিলিপাইন, জার্মানি, অস্ট্রিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলোতে স্টেজ প্রোগ্রাম করেছি।
বাজারে আপনার কোনো অ্যালবাম আছে?
২০০৩ সালে মনের মানুষ বিউটি কর্নার থেকে বের হয়। দ্বিতীয় সাগর কূলের নাইয়া জনপ্রিয় বাংলা লোকসঙ্গীতের অ্যালবামটি বের হয়েছিল সিটি কোন থেকে। ইছামতির তীরে ডুয়েট অ্যালবাম করেছি শিল্পী আবু বকর সিদ্দিকের সঙ্গে। মিক্সড অ্যালবাম করেছি আমায় এতো রাতে কেন ডাক দিলি।
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
১০টি প্রাচীন লোকসঙ্গীত নিয়ে একক অ্যালবামটির কাজ শেষ করলাম। অ্যালবামটির নাম এখনো ঠিক হয়নি। শিগগির এটা বাজারে আসবে। এছাড়া জনপ্রিয় ১০টি লোকসঙ্গীত নিয়ে আধুনিক মিউজিকে শিগগির শুরু করবো।
সঙ্গীতে পুরস্কার সম্পর্কে বলবেন?
আমি ছোটবেলা থেকে থানা, জেলা, বিভাগীয় পর্যায়ে কোথাও দ্বিতীয় হইনি। জাতীয় শিশু প্রতিযোগিতায় রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধকে সব সময় প্রথম হয়েছি। জাতীয় শিক্ষা সপ্তাহে লোকসঙ্গীতে ঢাকা জেলা বিভাগে লোক, আধুনিক, নজরুলসঙ্গীতে ১৯৯০-৯১ সালে প্রথম হয়েছি। এছাড়া ছোটখাটো অনেক পুরস্কার পেয়েছি।
বর্তমান সঙ্গীতের অবস্থা সম্পর্কে বলবেন?
বর্তমানে সঙ্গীতে কেমন যেন একটা বাণিজ্য চলে এসেছে। যার কারণে আমাদের এখনকার গানগুলো স্থায়ী হচ্ছে না। না শিখে শিল্পী হওয়ার প্রবণতা বেশি।
আগামীর ভাবনা কী?
ধ্যান-জ্ঞান সব লোকসঙ্গীতকে ঘিরে। লোকসঙ্গীতকে আজীবন ধরে রাখতে চাই। শুদ্ধ লোকসঙ্গীত সারাবিশ্বে পৌঁছে দিতে চাই।
সূত্রঃ যায়যায়দিন।
Tags: কনকচাঁপা, ফেরদৌসী রহমান, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, রুনা লায়লা, লোকসঙ্গীত
Related News:
Leave a Reply