শহীদুল্লাহ ফরায়জীর নতুন প্রজেক্টে আসিফ-মুহিন
গীতিকার শহীদুল্লাহ ফরায়জী একের পর এক সফল অ্যালবাম উপহার দিয়ে নিজেকে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় তার আগামী প্রজেক্টে একটি দ্বৈত অ্যালবামে জুটি হয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ ও ক্লোজআপ ওয়ান তারকা মুহিন। প্রথমবারের মতো জুটি হলেন তারা। সম্প্রতি অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। শহীদুল্লাহ ফরায়জীর কথায় অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন পল্লব স্যান্নাল। পপ, ফিউশন-মেলোডিয়াস আধুনিক ঘরানার কিছু গান দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। এ প্রসঙ্গে গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, আসিফ এর আগেও আমার লেখা বেশ কিছু হিট গানে কণ্ঠ দিয়েছেন। তবে মুহিনের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আশা করছি ভালো কিছু করতে পারবো। এ প্রসঙ্গে আসিফ বলেন, মুহিন একজন সম্ভাবনাময় শিল্পী, এটা সে বহু আগেই প্রমাণ করেছে। নবীন-প্রবীণ শিল্পীর ভেদাভেদ ভুলে তার সঙ্গে জুটি হয়ে দ্বৈত অ্যালবাম করছি। মুহিন বলেন, আসিফ ভাই শুধু জনপ্রিয় শিল্পীই নন বরং অসাধারণ একজন ব্যক্তিত্ববান মানুষও বটে। তার মতো শিল্পীর সঙ্গে দ্বৈত অ্যালবামে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। শিগগিরই সাউন্ডটেক থেকে অ্যালবামটি প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আসিফ আকবর, মুহিন, শহীদুল্লাহ ফরাজী
Post Your Comments