শহীদুল্লাহ ফরায়জীর অ্যালবাম ভালোবাসতেও দিলে না
![]()
সাউন্ডটেকের ব্যানারে বাজারে এসেছে অডিও শিল্পের নির্ভরযোগ্য গীতিকার শহীদুল্লাহ ফরায়জীর কথায় মূলধারার গায়ক বারী সিদ্দিকী ও তারুণ্যের হার্টথ্রব আসিফের দ্বৈত অ্যালবাম ভালোবাসতেও দিলে না। আধুনিক, লোকজ, আধ্যাত্মিক, রোমান্টিক ও বিরহ ধারার ১২টি গান রয়েছে অ্যালবামে। সব গানই লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। আর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বারী সিদ্দিকী ও পল্লব সান্যাল। বারী সিদ্দিকীর গাওয়া গানগুলো হলো এতো দুঃখ কেমন করে, পাপী আমি তোমার প্রেমে, ওগো রাই কাছে পাবো না তাই, সব মানুষের ধর্ম আছে, ওরে জোছনার মতন ও পৃথিবীতে আসবো বারেবারে।
আসিফ গেয়েছেন মনের দামে মন কিনে, চোখ বেচে দিব বাজারে, তুমি এমনই, আমার স্বপ্ন করে চুরি, রূপবতী ও তোমার মায়া না পেলে।
অ্যালবাম সম্পর্কে বারী সিদ্দিকী বলেন, শহীদুল্লাহ ফরায়জীর লেখা গান কেমন হতে পারে এ নিয়ে শ্রোতাদের মতো আমারো কোনো সংশয় নেই। তার লেখা গান চোখ বুজেই গেয়ে ফেলার সিদ্ধান্ত জানিয়ে দিই। কিন্তু এবারের গানগুলোতে যেহেতু গাওয়ার পাশাপাশি সুরের দায়িত্বও অর্পিত হয়েছে, তাই একটু অন্যরকম ভাবনায় ছিলাম। আমার সব ভাবনাকে উড়িয়ে দিয়ে প্রত্যাশারও বেশি বিস্ময় উপহার দিয়েছেন তিনি।
আসিফ বলেন, এবারের অ্যালবামটিতে শহীদুল্লাহ ফরায়জী যে গানগুলো লিখেছেন তার প্রশংসা কোনো বিশেষণেই প্রকাশ করার মতো নয়। তার লেখা গান মানেই বাজারে ভালো ও জনপ্রিয় অ্যালবামের আগমন।
উল্লেখ্য, ভালোবাসতেও দিলে না শহীদুল্লাহ ফরায়জীর ১৪তম একক অ্যালবাম। গত বছর শহীদুল্লাহ ফরায়জীর লেখায় বারী সিদ্দিকী ও আসিফের দ্বৈত অ্যালবাম প্রেমের জুয়াড়ি ব্যাপক সফলতা পেয়েছিল।
সূত্রঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Asif Akbar, Bari Siddiqui

Post Your Comments