রেডিও জকি হতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী বালাম
বালামের সঙ্গীত ক্যারিয়ার অনেক দিনের। দীর্ঘদিন ওয়ারফেজ ব্যান্ডদলের সঙ্গে ছিলেন। কিন্তু বালাম শিরোনামে প্রথম সলো অ্যালবামটি রিলিজ পাওয়ার পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন প্রতিভাধর এই শিল্পী। তার গাওয়া একমুঠো রোদ্দুর হাতে কিংবা লুকোচুরি গানটি এখন লোকজনের মুখে মুখে। রেডিও ফুর্তি শ্রোতাদের ভোটে ২০০৭ সালের সেরা ১০০ গান নির্বাচন করে। সেই ১০০ গানের তালিকায় বালামের গাওয়া লুকোচুরি গানটি প্রথম স্থান পেয়েছে। এছাড়া সেরা দশের তালিকায় আরো একটি গান রয়েছে। এতেই পরিস্কার হয় শিল্পী হিসেবে বালামের জনপ্রিয়তা। আর এখন বালাম হতে যাচ্ছেন রেডিও জকি। রেডিও ফুর্তির বিশেষ একটি অনুষ্ঠানে আরজে হচ্ছেন হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বালাম। রেডিও ফুর্তির হট সিট প্রোগ্রামটিতে বালাম সরাসরি স্টুডিওতে উপস্থিত থাকছেন আগামী ২৬ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭টা থেকে ১০ টা পর্যন্ত। অনুষ্ঠানে শুনতে পারবেন বালামের জনপ্রিয় কিছু গান। বালামের সঙ্গীত জীবনের নানা ধরনের অজানা বিষয় জানতে পারবেন এই অনুষ্ঠান থেকে। সেই সঙ্গে আরো কিছু চমক থাকছে। বালামের সাথে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন রেডিও ফুর্তির শ্রোতারা। অনুষ্ঠানের আগেই ৯৮৪০ নাম্বারে এসএমএস এর মাধ্যমে নির্বাচন করা হবে দুইজন শ্রোতা। এছাড়া শ্রোতারা অনুষ্ঠান চলাকালে এসএমএসের মাধ্যমে বালামকে প্রশ্ন করতে পারবেন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Balam
Post Your Comments