জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভ্রদেবের নতুন একক অ্যালবাম ‘তুমি আর আমি’ প্রকাশ হয়েছে সম্প্রতি। অ্যালবামসহ অন্যান্য প্রসঙ্গে ‘নির্বাচিত’ বিভাগে কথা বলেছেন শুভ্রদেব।
অনেক দিন পর আপনার একক অ্যালবাম প্রকাশ হল?
–হ্যাঁ। অনেক দিন পর আমার একক অ্যালবাম প্রকাশ হয়েছে। কিন্তু এই দীর্ঘ সময় কিন্তু আমি চুপচাপ বসে থাকিনি। গান করেছি। ‘তুমি আর আমি’র কাজ দুই বছর ধরে করেছি। আমি বিশ্বাস করি, ভালো গান তৈরির জন্য সময় দিতে হয়। রাতারাতি ভালো গান তৈরী করা অসম্ভব।
গানগুলো কোন স্বাদের?
–রোমান্টিক স্বাদের গানই বেশি। আর গানগুলো মেলোডি প্রধান।
এই অ্যালবামের কি কোনও বিশেষত্ব আছে?
–আমার সব অ্যালবামেরই বিশেষত্ব আছে। আর তা হল ভালো গান। আমি শ্রোতাদের ভালো গান উপহার দিতে চাই। এই অ্যালবামের গানগুলোর রেকর্ডিং হয়েছে মুম্বাইতে। রকেট মন্ডল, তাপস এবং আমার নিজের সুর করা গানগুলোর মিউজিক প্রোগ্রামিং করেছে মুম্বাইয়ের কুট্টি চৌধুরী। তিনি একজন দক্ষ মিউজিক প্রোগ্রামার।
আপনি সাধারণত বিদেশী সঙ্গীতজ্ঞদের সঙ্গে কাজ করে থাকেন। আমাদের দেশের সঙ্গীত কর্মীদের কি তবে অবহেলা করছেন?
–কখনোই না। আমি সবসময় ভালো সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করতে চাই, আন্তর্জাতিক মানের শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই। কিন্তু আমাদের দেশে মানাম আহমেদ ছাড়া আর কাউকে আমার সে মানের মনে হয়নি। দেখা যায়, আন্তর্জাতিক সঙ্গীত বাজারে যে টেকনোলজি এখন ব্যবহার হচ্ছে তা আমাদের দেশে আর বছর দুয়েক পড়ে ব্যবহার হচ্ছে। আমি দুই বছর কেন অপেক্ষা করবো?
অ্যালবামের রেসপন্স কেমন পাচ্ছেন?
–খুবই ভালো। টরেন্টোতে কিছু দিন আগে কনসার্টে গান করলাম। সবাই এই অ্যালবামের গান শুনে মুগ্ধ।
এখন কি করছেন?
–মাউন্টেইন ট্রাভেলস এ্যান্ড ট্যুরস নামের একটি বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছি। আগামী দুই বছর তাদের বিভিন্ন কনসার্টে গান গাইতে হবে। কনসার্টগুলো সাধারণত নেপাল, কানাডা, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। আর একটি বড় প্রজেক্ট আছে।
কি সেটা?
–মিস আমেরিকা জুনিয়র নোরা আলীর সঙ্গে একটি মিউজিক ফিউশনের অ্যালবাম করবো। নোরা খুব ভালো বেহালা বাজায়। আরও কিছু ইন্সট্র-মেন্ট বাজাতে পারে সে। আমি রিদমিং প্রোগ্রাম করি। সবমিলিয়ে আমরা ফিউশনের জন্য প্রস্তুতি নিচ্ছি।
এতে কি গান থাকবে?
–আসলে এটি মিউজিক প্রধান অ্যালবাম হবে। হয়তো ৩০ শতাংশ গান থাকবে, বাকীটা মিউজিক।
নোরার সঙ্গে পরিচয়?
–ওর সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি। তাছাড়া ও আমার গানের ভক্ত। বাংলাদেশী মেয়ে। দেশে এসেও আমার সঙ্গে মিটিং করেছে।
সূত্রঃ যুগান্তর, নভেম্বর ১৭, ২০০৮
Tags: মানাম আহমেদ, শুভ্র দেব
Related News: