রাঙামাটি আইডল হলেন অপর্ণা দেব রায়
প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো রাঙামাটির আলোচিত সঙ্গীত প্রতিভা অন্বেষণ কর্মসূচি, যা রাঙামাটি আইডল হিসেবেই পরিচিতি পেয়েছিল। আর প্রথমবারের মতো এ আয়োজনে আইডল হয়েছেন অপর্ণা দেব রায়। গতকাল রাঙামাটি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী আয়োজনে উপস্থিত ছিল প্রায় ২০ হাজার দর্শক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল মুবিন। গতকাল দুপুর ২টা থেকেই হাজারো মানুষের পদভারে মুখর হয়ে ওঠে রাঙামাটি স্টেডিয়াম। শীর্ষ ১০ প্রতিযোগী শেষবারের মতো দর্শকদের সামনে গাইলেন তাদের নিজেদের পছন্দের গান। এরপর মঞ্চে আসে রাঙামাটির সালমা খ্যাত ১০ বছরের বালিকা মিলি। এরপর মঞ্চে আসেন একসঙ্গে ১০ প্রতিযোগীই। এ সময় ফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়। এতে দর্শক ভোট এবং বিচারকের রায়ে প্রথম স্থান অর্জন করে প্রথম রাঙামাটি আইডল হন অপর্ণা দেব রায়। প্রথম রানার আপ হন শেখর মল্লিক ও দ্বিতীয় রানার আপ হন বাঘাইছড়ির কোয়েল চাকমা। এরপর যথাক্রমে চতুর্থ বাঘাইছড়ির শেফালী আক্তার, পঞ্চম রাজস্থলীর উথিংথিং মারমা, ষষ্ঠ কাপ্তাইয়ের সঞ্জয় বণিক, সপ্তম রাঙামাটি পৌরসভার সুভদ্রা ত্রিপুরা, অষ্টম কাপ্তাইয়ের প্রদীপ কুমার মল্লিক, নবম কাউখালীর মিঠুন সাহা এবং দশম স্থান অর্জন করেন বিলাইছড়ির কৃষ লাল পাংখোয়া। প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয় নগদ ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা এবং বাকি সাতজনের সবাইকে তিন হাজার টাকা করে দেয়া হয়। এছাড়া প্রত্যেককে দেয়া হয় সম্মাননা স্মারক এবং সনদপত্র।
পুরস্কার বিতরণকালে মেজর জেনারেল আবদুল মুবিন ছাড়াও মঞ্চে ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নুরুল আমিন, রাঙামাটি সদর জোন কমান্ডার মাসুদ রাজ্জাক, মেজর মশহুর এবং উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক সুগত চাকমা। পুরস্কার বিতরণীর পর শুরু হয় অতিথি শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। ১০ শিল্পীর গানে বিমোহিত দর্শকের মুগ্ধতা কাটতে না কাটতেই মঞ্চে আসে ক্লোজআপ তারকা নিশীতা। এরপর মঞ্চে আসে চট্টগ্রামের শিল্পী কেয়া এবং আরেক ক্লোজআপ শিল্পী মেহরাব। জমে ওঠে প্রাণের আনন্দে দর্শক গ্যালারি। গানের তালে তালে মেতে ওঠে সমগ্র স্টেডিয়াম। উল্লেখ্য, রাঙামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউটের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার প্রায় ছয়শত প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে থেকে দীর্ঘ দুই মাস ধরে নানাভাবে বাছাই প্রক্রিয়া শেষে গতকালের বিজয়ীদের নির্বাচিত করা হয়।
সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments