মুম্বাইয়া বাউল জেমস

প্রীতম চক্রবর্তীর সঙ্গে মুম্বাইয়ে জেমস বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জগতে লেজেন্ডারি ব্যান্ড হলেও নগর বাউল জেমসের সাম্প্রতিক পরিচয়টা মুম্বাইয়া বাউল হিসেবেই বেশি। বলিউডি মুভিতে প্লে ব্যাক করে ভিগি ভিগি রাতে ভিগি ভিগি রাতে এবং চাল চালে, চাল চালে গান দুটির ব্যাপক সাফল্যের মাধ্যমে জেমস মুম্বাইয়ে রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন। গ্যাংস্টার মুভিতে গাওয়া জেমসের ভিগি ভিগি রাতে গানটি ২০০৬ সালে বলিউডের শীর্ষ ১০ গানের মধ্যে এক নাম্বারে ছিল। এরপরই জেমস আলোচিত হন ইউ টিভির ব্যানারে নির্মিত মেট্র মুভিতে গান গেয়ে এবং অভিনয়ের মাধ্যমে। অনুরাগ বসুর পরিচালনায় বহুল আলোচিত মেট্র মুভিটি ১১ মে ইনডিয়াসহ বিশ্বের মোট ১৩টি দেশে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশের নগর বাউল জেমস ছাড়াও বিগ ব্রাদার্সের মুকুটজয়ী শিল্পা শেঠি আর বলিউড কাপানো সঙ্গীত পরিচালক প্রীতমের কারণে মুভিটি এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। মেট্র মুভিটির আলবিদা আলবিদা আব কেহে না হ্যায় অর কেয়া, যাব তুনে ক্যাহে দিয়া আলবিদা… শীর্ষক গানটির মাধ্যমেই মার্চের শেষের দিকে শুরু হয়েছে মুভিটির প্রাথমিক প্রচারণা। বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে জেমসের দরাজ কণ্ঠ ইতিমধ্যে আরেকবার দর্শক-শ্রোতাদের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছে। মুম্বাইয়ের দর্শকদের কাছে ঝাকড়া চুলওয়ালা পাঞ্জাবি-জিন্সের নগর বাউল ইতিমধ্যে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। অনুরাগ বসু, মহেশ ভাট, প্রীতমরা তো বটেই শিল্পা শেঠি ও কাঙ্গনারাও জেমসের ভক্ত বনে গেছেন। মেট্র মুভিতে জেমসের তিনটি গান করার কথা থাকলেও শেষ পর্যন্ত গান থাকছে দুটি। অন্য গানটি হলো রিস্তে তো নেহি, রিস্তো কি পার ছাইয়া মিলে, ইয়ে ক্যায়সে ভির হ্যায় বাস ইয়াহা তানহাইয়া মিলে। মেট্রোর এ দুটি গানেই জেমসকে রুপালি পর্দায় পারফর্ম করতে দেখা যাবে। গ্যাং স্টারের পর মেট্র মুভিতে জেমস-প্রীতম-অনুরাগ বসুর কম্বিনেশন কতোটা সফল হয় তা দেখা যাবে মুভি মুক্তির পরই।

এদিকে প্রায় দুই-তিন বছর ধরে দেশের অডিও বাজারে জেমসের কোনো অ্যালবাম নেই। মাছে মাছে কোলাহল অ্যালবামটি বারবার বাজারে আসার সম্ভাবনা তৈরি হলেও খোদ জেমসই অ্যালবামটি মুক্তির ব্যাপারে দ্বিধান্বিত। এখন তিনি আগামী রোজার ঈদে অ্যালবামটি মুক্তির কথা ভাবছেন। এর মধ্যে জেমস ঘোষণা দিয়েছিলেন আর কোনো মিক্সড কিংবা দ্বৈত অ্যালবামে গান গাইবেন না। একই সময়ে আইয়ুব বাচ্চু একই ঘোষণা দিলেও সম্প্রতি বাচ্চু তার কথা থেকে সরে এসেছেন। তবে জেমস তার কথায় অটল। এভাবে মুম্বাইয়ে ব্যস্ত থাকা আর দেশে অনুপস্থিতি জেমসকে দিন দিন মুম্বাইয়া বাউলে পরিণত করছে। তারপরও সবার দৃষ্টি এখন জেমসের দিকে, দেখা যাক তিনি কোন দিকে পা ফেলেন।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Bangla Music Tags: ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms