মিউজিক জ্যাম উপস্থাপনার মজাটা একদমই আলাদা : তিশমা
তিশমার প্রথম অ্যালবাম তারা যখন প্রকাশিত হয় তখন তিনি ছিলেন একেবারেই একজন কিশোরী। কিন্তু তার নতুন ধারার ওয়েস্টার্ন গায়কী সবার এতোই ভালো লেগে গেল যে সবাই তাকে বাংলার শাকিরা বলতে শুরু করলো। এরপর একে একে বাজারে আসে চাদ, সূর্য, বাউলা প্রেম, শ্যাম রাখি না কুল রাখি, ছলনার দাবাসহ মোট সাতটি সলো অ্যালবাম। সর্বশেষ গত ঈদে মুক্তিপ্রাপ্ত সলো ছলনার দাবা শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে। তিশমা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা করছেন। সমপ্রতি তিশমা এসেছিলেন যায়যায়দিন চে কাফেতে। তার সঙ্গে কথা বলে লিখেছেন রণক ইকরাম ও ছবি তুলেছেন শরীফ সারওয়ার।
সমপ্রতি কি কাজ করছেন?
কাজ করার সময় কোথায়, পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত আছি। একেবারে সন্ধ্যা পর্যন্ত ক্লাস করতে হয়। এ সেমিস্টারে ম্যাথ আর ইঞ্জিনিয়ারিং মিলিয়ে আমার কোর্স সংখ্যা মোট চারটি। সেই সঙ্গে চারটি ল্যাব ক্লাস। একেবারে শ্বাস নেয়ারও সময় পাচ্ছি না। আর জানেনই তো নর্থ সাউথে প্রচুর কড়াকড়ি। একদিন অ্যাবসেন্ট থাকলেই মার্কস কাটা যায়। তাছাড়া এ পেতে হলে মিনিমাম ৯৩ পারসেন্ট মার্কস পেতে হয়।
আপনি তো অনেক ভালো ছাত্রী?
সে রকম কিছু না। তবে চেষ্টা করে যাচ্ছি। আমার প্রফেশনের কথা বললে আমি কিন্তু এখনো পড়াশোনার কথাই বলবো। পড়াশোনাটাই আমার কাছে আসল। ফ্যামিলি থেকেও আমার পড়াশোনা নিয়ে সব সময় চাপে থাকি। এরপর সময় পেলে গান করি।
এনটিভিতে আপনার উপস্থাপনায় মিউজিক জ্যাম নামে একটি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে?
হ্যা, এর আগেও আমি কলকাতার তারা মিউজিকের জন্য উপস্থাপনা করেছি। সেই অনুষ্ঠান বেশ ভালো সাড়াও জাগিয়েছিল। এখন আগের অনুষ্ঠান পুনঃপ্রচার হচ্ছে।
অনুষ্ঠানের ব্যাপারে সাড়া কেমন?
নিজের অনুষ্ঠান বলেই বলছি তা নয়। সত্যিকার অর্থেই অনুষ্ঠানের দুই-তিন পর্ব প্রচারিত হওয়ার পর থেকেই যে সাড়া পেয়েছি তাতে আমি সত্যি অভিভূত। এখনো খুবই আশাব্যাঞ্জক সাড়া পাচ্ছি। আর সাড়া আছে বলেই এতো বেশি ব্যস্ত থাকার পরও সময় বের করে কাজটা করছি।
নতুন অ্যালবাম কবে আসছে?
কম্পানি তো এখনই অ্যালবাম করতে চাইছে। কিন্তু কম্পানি চাইলেও আমি এখনই অ্যালবাম করার ব্যাপারে রাজি নই। কারণ আমার সপ্তম সলো ছলনার দাবা বাজারে এসেছে খুব বেশি দিন হয়নি। পড়াশোনার চাপ থাকায় এখন কিছু ভাবছি না। এপ্রিলের মাঝামাঝি সময়ে আমার এই সেমিস্টার শেষ হওয়ার পর আমি এ নিয়ে ভাবতে চাই। তবে এর ফাকে আমার নতুন অ্যালবামের ভিসিডির কাজটা এগিয়ে নিতে চাই।
আপনাকে সবাই বাংলার শাকিরা বলে, এ ব্যাপারটাকে কিভাবে দেখেন?
আসলে আমি শাকিরা বা ব্রিটনি নই আমি তিশমা। আর তিশমা হয়েই থাকতে চাই। তবুও শ্রোতারা যেহেতু ভালোবেসে একটা কিছু বলে সেটাকে মেনে না নিয়ে পারা যায় না।
কিন্তু আপনি ওয়েস্টার্ন ঘরানার গান করেছেন?
হ্যা, এটা আপনি ঠিক বলেছেন। সম্ভবত এ কারণে সবাই আমাকে শাকিরার সঙ্গে তুলনা করে। কিন্তু আমি যখন প্রথম এ ধরনের অ্যালবাম করি তখন কিন্তু অনেকেই অনেক কথা বলেছিল। বলেছিল আমাদের এখানে এ ধরনের গান- এ ধরনের গেটআপ কিছুই মানানসই নয়। তবুও আমি আমার ধারা থেকে সরে যাইনি।
অথচ এখনকার অধিকাংশ ফিমেল আর্টিস্ট সেই চেষ্টাটাই করছে?
হ্যা, বিষয়টি ভাবতে ভালোই লাগে। আসলে খুব অল্প সময়ে আমাদের মিউজিকে একটা রিভলিউশনারি চেইঞ্জ এসেছে। গোটা সঙ্গীতের ধারাতেই পরিবর্তন এসেছে। সম্ভবত সেই পরিবর্তনের রেশ ধরেই সবাই একই চেষ্টা করে যাচ্ছে।
প্রথম দিকে আপনি শুধু পপ ও রক ঘরানার গানই গাইতেন। এখন ক্লাসিকাল-ফোকিশও গাইছেন, এটা কেন?
আমি মনে করি কোনো শিল্পীরই গণ্ডিবদ্ধ হয়ে থাকা উচিত নয়। আমিও বৈচিত্র্য আনতে চেয়েছি। যেমন আমি কিশোরী ছিলাম বলে আমার প্রথম দিকের অ্যালবামে একটা বাচ্চা-বাচ্চা টোন ছিল। এখন কিন্তু সেটা একদমই নেই। সে রকমই শ্রোতাদের রুচির কথা ভেবে ভিন্ন ঘরানার গান করেছি।
আপনার সর্বশেষ অ্যালবামে একটি ইংরেজি গান ছিল। আর গানটি আপনারই লেখা, এ বিষয়ে বলুন?
আমার লাইফের অধিকাংশ সময় কেটেছে বিভিন্ন দেশে। তাই ছোটবেলা থেকেই খুব ভালো ইংরেজি গান গাই। এমনকি বিদেশি গানের সবচেয়ে জটিল গান অপেরাও গাইতে পারি আমি। দূরত্ব মুভিতে আমি একটি অপেরা গেয়েছি। সে কারণেই সবাই আমাকে ইংরেজি গান করার জন্য বলতো। এবার সাহস করে একটা করে ফেললাম। বয়ফ্রেন্ড শীর্ষক সেই গানে সাড়াও পেয়েছি দারুণ। অন্যদিকে লেখালেখির অভ্যাসটা আমার ছোটবেলা থেকেই ছিল।
লেখালেখি নিয়ে আপনার ভাবনা কি?
তেমন কোনো ভাবনা নেই। তবে একটি ইংরেজি বইয়ের পাণ্ডুলিপি রেডি আছে। এর জন্য একজন ভালো অনুবাদক খুজছি। আর বইটি ইংরেজিতেও প্রকাশের ইচ্ছা আছে।
উপস্থাপনা তো ভালোই করছেন, নাটক কিংবা মডেলিং করার ইচ্ছা আছে?
খবরদার, ওই কথা মুখেও আনবেন না। কারণ এসবের অফার পেতে পেতে আমি পুরোপুরি বিরক্ত। তাই আবারো নতুন করে বলতে চাই ভিজুয়ালে কাজ করার কোনো ইচ্ছা আমার একদমই নেই।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: কিশোর, তিশমা
Post Your Comments