‘ব্যক্তিগত কারণে আমি আর মাইলস ব্যান্ডের সঙ্গে থাকছি না।’ গতকাল মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য শাফিন আহমেদের মুঠোফোন থেকে এমন একটি খুদে বার্তা আসে। মুঠোবার্তাটির সত্যতা যাচাই করতে তাঁর সঙ্গে প্রথমে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাঁকে না পাওয়ায় প্রথম আলোর পক্ষ থেকে মাইলসের আরেক সদস্য মানাম আহমেদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তিনি বিষয়টি নিয়ে ব্যান্ডের পক্ষ থেকে এ মুহূর্তে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। শুধু বলেন, ‘কী কারণে শাফিন মাইলস ছাড়ছে, সেটা ও-ই ভালো বলতে পারবে।’
পরে আবারও যোগাযোগ করে মুঠোফোনে পাওয়া যায় শাফিন আহমেদকে। তিনি বলেন, ‘মাইলস ব্যান্ডটি এত দিন চলেছে গণতান্ত্রিক পদ্ধতিতে। সবাই সবার প্রতি ছিল শ্রদ্ধাশীল এবং ছিল সবার মধ্যে চমত্কার সমন্বয়।’
শাফিন আরও বলেন, ‘বর্তমানে দলে সেই পরিবেশ আর নেই। ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধাশীল নয়। দল এখন চলছে কারও একক সিদ্ধান্তে। কনসার্টগুলোতে সেই একই গান। নতুন গান নেই। ধীরগতিতে চলার কারণে অনেকটাই পিছিয়ে পড়েছি আমরা। তা ছাড়া ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমার আরও অনেক কিছু করার আছে। তাই বেশ কিছুদিন আগেই দলকে জানিয়ে দিয়েছি, আমি আর দলের সঙ্গে কাজ করব না।’
সিদ্ধান্ত বদল করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সে ধরনের সম্ভাবনা আপাতত নেই।’
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১২, ২০১০
Tags: মাইলস, মানাম আহমেদ, শাফিন আহমেদ
Related News:
Leave a Reply