মনের কথার অনুরণন

Posted by Bangla Music on Oct 8th, 2009 and filed under Artists. 26 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

মনের কথার অনুরণন

কথা ও সুর সাবরিনার মনের আকাশে গানের এক পায়রা উড়িয়ে দেয়। আর সেই পাখির ডানায় ভেসে নিজের কণ্ঠে সুর তুলে নেন সাবরিনা। গান তার কাছে আত্মার খোরাক। তবে তিনি কখনোই অনুশীলনের বাইরে পথ চলেন না গান নিয়ে তরুণ এই গায়িকাকে নিয়ে আমাদের এবারের আয়োজন-

ফেলে আসা জীবনের স্মৃতির মাঝে যে স্বপ্ন ক্ষয়ে গেছে অজান্তে, সেখানেই হয়ত লুকিয়ে থাকে মনের কতনা কথা। হারিয়ে যাওয়া বেদনায় চোখের কোণে যখন জমে ওঠে অশ্রু বিন্দু তখন অভিমানী মন আনমনে ছবি আঁকে প্রিয় সেই মানুষের। যার ছবি যাপিতজীবনের প্রতিটি পথের ক্যানভাসে রয়েছে আঁকা। পথ থেকে পথে, নাগরিক ব্যস্ততায় কখনো সখনো নিসর্গ অনুপ্রাণিত করে মনের কথাকে অনুরণন করতে, সুরের সারাবেলায় বন্দী রাখতে মনের মানুষের স্মৃতিকে। এমনি স্বপ্ন আর স্মৃতির সাথে বসত যার, তিনি সাবরিনা। মনের দখিনা দুয়ারে যিনি অজান্তেই খুলে দিয়েছেন সুরের সব ক’টি দরোজা। ছোট্টটি থেকেই গানের সাথে সখ্যতা সাবরিনার। আট বছর বয়সে মা লায়লা বশিরের কণ্ঠের গান সাবরিনাকে পুষ্টি জুগিয়েছে সুরের সাথে চলতে। লায়লা বশির কাজের অবসরে কিংবা সকালে নজরুলগীতির চর্চা যখন করতেন তখন সাবরিনা অজান্তেই আনমনে হেঁটে গেছেন সুরের পথ ধরে। মূলত মায়ের কাছেই সাবরিনার হাতেখড়ি। নজরুলগীতি, ক্লাসিক্যাল আর আধুনিক গানের প্রাথমিক পাঠটা সাবরিনা পেয়েছেন মা লায়লা বশিরের কাছ থেকেই। পরবর্তীতে দশ বছর বয়সে প্রথমবারের মত ওস্তাদের শরনাপন্ন হয়েছিলেন তিনি। ওস্তাদ কামালের কাছে বেশ কিছুদিন নজরুলগীতিতে তালিম নেন সাবরিনা। তারপর অবশ্য নিজের সাথে নিজের বোঝাপড়ায় সাবরিনা এগিয়ে গেছেন সম্মুখপানে। ছোট্টটি থাকাকালে নারায়ণগঞ্জেই কেটেছে সাবরিনার সব সময়। আর তাইতো নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর হয়ে অংশ নিয়েছেন বেশ কিছু জাতীয় অনুষ্ঠানে। পরবর্তী সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গান করেছেন তিনি। আর গানের ভাললাগায় নিজ ললাটের পাশে জুড়ে নিয়েছেন কতনা পুরস্কার। গেল ঈদে অগ্নিবীনা থেকে প্রকাশিত হয়েছে সাবরিনার প্রথম একক ‘সাবরিনা’। নিজের নাম দিয়ে অ্যালবাম করার প্রসঙ্গে সাবরিনা বলেন, ‘মূলত গানের ভুবনে নিজের নামটাকে প্রতিষ্ঠিত করতে চাই, অনেকটা সেই আকুতি থেকেই অ্যালবামের এমন নাম রাখা।’ অ্যালবামটির মূল আয়োজক হচ্ছেন ব্যান্ডদল মাইলস্‌’র ইকবাল আসিফ জুয়েল। তিনি ছাড়াও এই অ্যালবামে আরও সংগীতায়োজন করেছেন এস আই টুটুল ও ফুয়াদ আল মুক্তাদির। অ্যালবামের নয়টি গানের মধ্যে চারটি গানের কথা লিখেছেন শাহান কবন্ধ, বাদ বাকী চারটি গানের মধ্যে দুটি করে গান লিখেছেন টিআই অন্তর ও সাগর চৌধুরী। এছাড়া সংগৃহীত গান রয়েছে একটি। মূলত রোমান্টিক, সফট আর হিপহপ ঘরনার এই গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মনটা আমার, সেই কবে চলে গেলে, যে মানুষ মন বুঝে না, তাকে চিনি না, স্বর্গ থেকে আসে ভালোবাসা ও আমি তার ছলনায় ভুলবো না। পুরনো দিনের এই গানটির রিমেক করেছেন ফুয়াদ আল মুক্তাদির। বর্তমানে সাবরিনা ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন স্টেজশো করে। আর ভাললাগার ভালোবাসার নজরুল গীতির চর্চাটাতো আছেই। নারায়ণগঞ্জ কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী সাবরিনা স্বপ্ন দেখেন গানকে আলিঙ্গন করে আগামীর দিনে বহুদূর হেঁটে যেতে। যেখানে আছে শুধু সুর আর নিসর্গের রূপ। সেখানেই সাবরিনা হয়ত গানে গানে রচনা করবেন সুরের নিজ ভুবন। শুভকামনা সাবরিনা, সুরের পথের নবীন পথিক হওয়ায়।

সূত্র: দৈনিক ইত্তেফাক, অক্টোবর ০৮, ২০০৯

Tags: , , , , , ,

Related News:

Leave a Reply

Login with Facebook:

Bangla Music : Incoming search terms

অনুরণন (3) - মনের (1) -
Advertisement