মঞ্চই ব্যান্ডের আসল জায়গা
চ্যানেল আইয়ে আজ শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘সা টু সা’। ধারাবাহিক এ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন হাসান আবিদুর রেজা জুয়েল। পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। কথা হলো তাঁর সঙ্গে।
‘সা টু সা’ কী ধরনের অনুষ্ঠান?
সা টু সা পুরোপুরি সংগীত নিয়ে। অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে। এখানে একজন যন্ত্রশিল্পী তাঁর বাদ্যযন্ত্র নিয়ে সংগীতের সাত সুরে ঘুরে বেড়াবেন। বিভিন্ন গানের সুর পরিবেশন করবেন। তাঁকে সঙ্গ দেবেন আমাদের এলআরবির সদস্যরা। সব মিলিয়ে একটি ব্যতিক্রমী সংগীতের অনুষ্ঠান উপভোগ করতে পারবে শ্রোতারা।
আজকের পর্বে কে থাকছেন?
মিলন ভট্টাচার্য। তিনি এ দেশের বিশিষ্ট তবলাশিল্পী। সঙ্গে আমি ছাড়াও থাকবেন এলআরবির স্বপন, মাসুদ ও রোমেল। আগামী পর্বগুলোতে আসছেন গাজী আবদুল হাকীম, সুনীল চন্দ্র দাস ও ইউসুফ খান।
এর আগে তো আপনি ‘আর মিউজিক’ নামে আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। ওই অনুষ্ঠানের সঙ্গে ‘সা টু সা’র পার্থক্য কী?
আর মিউজিক ছিল কণ্ঠশিল্পীনির্ভর। আমাদের মিউজিকের সঙ্গে শিল্পীরা গান গেয়েছেন। এবার অনুষ্ঠানটি শুধু যন্ত্রশিল্পীদের নিয়ে করা। এখানে কথার চেয়ে সুর বেশি প্রাধান্য পেয়েছে।
এলআরবির নতুন অ্যালবামের খবর কী?
বেঙ্গল মিউজিক থেকে প্রকাশিত আমাদেরস্পর্শ অ্যালবামটির খুব ভালো সাড়া পেয়েছি। আসলে এ অ্যালবামের গানগুলো নিয়ে আমরা আগে থেকেই আশাবাদী ছিলাম। কেননা এলআরবির নিজস্বতা ঠিক রেখে নতুন সুর, নতুন সংগীত আয়োজনে গানগুলো করা হয়েছিল। সেই চেষ্টায় আমরা সফল হয়েছি। অন্তত এলআরবির ভক্তদের প্রতিক্রিয়া দেখে তা বুঝতে পারছি। মঞ্চে গাইতে গেলে এ অ্যালবামের গানের অনুরোধ পাই ব্যাপকভাবে।
পরের অ্যালবামটির জন্য কত দিন সময় নেবেন?
আসলে ঘন ঘন অ্যালবাম করার ইচ্ছা আমাদের কখনোই ছিল না। এলআরবি বিশ্বাস করে, মঞ্চই ব্যান্ডের আসল জায়গা। এখন আমরা বিভিন্ন মঞ্চে গান করছি। দেশে-বিদেশে আয়োজিত গানের অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছি। নতুন অ্যালবামের পরিকল্পনা আরও পরে হবে। আমাদের যন্ত্রসংগীতনির্ভর গানের একটি অ্যালবাম তৈরি আছে। এটি কিছুদিন পরই শ্রোতারা হাতে পাবে। এ ছাড়া আমার নিজের একক অ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছি।

Post Your Comments