ভালো গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করতে চান আলী পুষ্পিতা মউরি

Bangla Music

সম্প্রতি ফাহিম মিউজিকের ব্যানারে বাজারে এসেছে গায়িকা পুষ্পিতার নতুন অ্যালবাম ছোট ছোট আশা। সুন্দর কথা, সুর ও মিষ্টি গায়কীর কারণে আধুনিক গানের এ অ্যালবামটি শ্রোতাদের হৃদয়ে একটু হলেও নাড়া দিতে পেরেছে। সম্প্রতি আলী পুষ্পিতা মউরি এসেছিলেন যায়যায়দিনে। অ্যালবামসহ নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন বাবুল হৃদয় ও ছবি তুলেছেন শরীফ সারওয়ার

প্রথম অ্যালবামে কেমন রেসপন্স পাচ্ছেন?
মাত্র তো বের হলো, এখনো সেভাবে শ্রোতাদের কাছে পৌঁছেনি। তবে পরিচিত মহলের যারাই শুনেছে, সবাই পছন্দ করেছে। আমার বিশ্বাস, সব শ্রেণীর শ্রোতারা গানগুলো পছন্দ করবে।

ছোট ছোট আশা অ্যালবামটি কোন ধরনের গান দিয়ে সাজানো?
১০টি আধুনিক গান হলেও গানগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। যেমন ছোট ছোট আশা গানটি সেমি ক্লাসিকাল ও সমসাময়িক, দশ দিগন্ত-ল্যাটিন মিউজিক টাইপের, রাত্রি, হিপ হপ টাইপের, আমি প্রতিশোধ নিতে সফট টাইপের। শ্রোতারা যাতে মনের মতো কিছু অন্তত পায় সেদিকে নজর দেয়া হয়েছে।

গানের গীতিকার কারা?
আসিফ ইকবাল, শফিক তুহিন, রবিউল ইসলাম জীবন, কবির বকুল, রাজিব প্রত্যেকেরই দুটি করে গান রয়েছে।

সঙ্গীতে পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলুন।
সুরকার শওকত আলী ইমন সম্পর্কে আমার মামা। আর আমার মা রেহানা সুলতানা এদেশের একজন প্রথম সারির হাওয়াই গিটার শিল্পী। শিল্পী আবিদা সুলতানা আমার খালা। বাবা মতলুব আলী সুরকার এবং গীতিকার। মোটকথা আমার জন্মই হয়েছে একটি সংস্কৃতি পরিবারে। ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছি।

গান শিখেছেন কার কাছে?
মায়ের কাছেই সঙ্গীতে হাতেখড়ি। দুই বছর ছায়ানটে শিখেছি। দলবেঁধে গান শিখতে ভালো লাগেনি বলে কোর্স শেষ করিনি। ওস্তাদ ফুল মোহাম্মদ, খন্দকার নুরুল আলমের কাছে শিখেছি। বর্তমানে জাকারিয়া মাসুদের কাছে শিখছি।

কোন ধরনের গান আপনার পছন্দ?
সুন্দর কথা ও সুন্দর সুরের আধুনিক গান আমার ভালো লাগে। আমি রবীন্দ্র সঙ্গীতও পছন্দ করি।

আপনার মামা অর্থাৎ শওকত আলী ইমনের সঙ্গে কাজ করতে কেমন লেগেছে?
অবশ্যই ভালো। মামা একজন নামি সুরকার ও সঙ্গীত পরিচালক। অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। মামা আমাকে খুব হেল্প করেছেন। দেখা গেল একটি গান আমি গাইলাম। ভুল হয়েছে, মামা উৎসাহ দেয়ার জন্য বলতেন, খুব ভালো হয়েছে। তবে আরেকবার আরো ভালো করে গাও, ভালো লাগবে। আমাকে রাগ দেখাতেন না। আমি খুবই খুশি প্রথম অ্যালবামটি মামার কাছে করতে পেরে।

আপনার প্রিয় শিল্পী ও প্রিয় পোশাকের কথা বলবেন?
আমার প্রিয় শিল্পী আবিদা সুলতানা। খালা হিসেবে বলছি না। তার গান আমার খুবই পছন্দ। রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, আশা ভোঁসলের গানও আমার খুবই ভালো লাগে। শাড়ি আমার প্রিয় পোশাক।

টিভিতে এনলিস্টেড হয়েছেন কখন?
২০০৭ সালে, আধুনিক গানের শিল্পী হিসেবে বিটিভিতে আছি।

অ্যালবামের নাম ছোট ছোট আশা কেন? বড় কোনো আশা নেই?
ছোট আশা দিয়ে শুরু করলাম। প্রথমেই যদি বড় আশা করি কেমন দেখায় না? ছোট থেকেই বড় হতে চাই। আমি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করতে চাই। ভালো ভালো গান করতে চাই। দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেছি। গানের লিরিক আমার বাবার। সঙ্গীত পরিচালনা করছেন জাকারিয়া মাসুদ। দেশাত্মবোধক ও আধুনিক ১০টি গান থাকবে। ৫টি গান করেছি, বাকিগুলোর কাজ চলছে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms