ভালোবাসা দিবসের অডিও
প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম হয়ে ওঠে অডিও বাজার। বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি অনেক নতুন শিল্পীর একক, ডুয়েট ও মিক্সড অ্যালবাম মিলিয়ে শতাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। সে তুলনায় এবারের ভালোবাসা দিবসের অ্যালবাম সংখ্যা খুবই কম।
শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা মুক্তি দিয়েছে হাবিবের একক অ্যালবাম বলছি তোমাকে। গত কয়েক বছরের অডিও বাজারের সর্বোচ্চ ব্যয়বহুল অ্যালবাম এটি। সময়ের সেরা ক্রেজ হিসেবে হাবিবের এ অ্যালবামটি নিয়ে প্রচণ্ড আশাবাদী সঙ্গীতা কর্তৃপক্ষ। এছাড়াও এ প্রযোজনা প্রতিষ্ঠানের অন্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে আসিফ আকবর ও ডলি সায়ন্তনীর দ্বৈত অ্যালবাম যায় দিন যায়। শম্পা হকের রসিয়া কোকিল এবং এস জে রতনের ফেরারি হৃদয়।
সাউন্ডটেক মুক্তি দিয়েছে সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, খালিদ, হাসান আবিদুর রেজা জুয়েল ও সানবীমের মিশ্র অ্যালবাম প্রতীক্ষা। ডলি সায়ন্তনী ও এস ডি রুবেলের দ্বৈত অ্যালবাম চান্দের জোছনা। শাহনাজ বেলী ও পলাশের দ্বৈত মন বেপারী। লালন শাহ, শাহ আবদুল করিম, রাধা বর্মণ প্রমুখের গান নিয়ে কালা মিয়া ফকির শাহাবুদ্দিনের গাওয়া দ্বৈত অ্যালবাম পানাপিল্লা। ডলি সায়ন্তনী ও ক্লোজআপ তারকা সোনিয়ার দ্বৈত অ্যালবাম রঙ্গে রঙ্গে। এ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বাপ্পা মজুমদার, এস আই টুটুল ও টিপুর মিশ্র অ্যালবাম নক্ষত্র মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মুক্তি পায়নি বলে জানা গেছে।
গানচিল মুক্তি দিয়েছে গতবারের ক্লোজআপ তারকা রুমির একক অ্যালবাম তারছেড়া, এবারের তারকা কিশোরের প্রথম একক অ্যালবাম নিখোজ সংবাদ এবং কুমার বিশ্বজিৎ, রুমি, রাশেদ, রাজীব, মাহাদী, টি ডাবলিউ সৈনিক, তৃষিতা, রিংকু ও নিশিতার ভিডিও অ্যালবাম দুনিয়া। তারছেড়া অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। আর নিখোজ সংবাদের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ, নকীব খান, প্রিন্স মাহমুদ ও সুমন কল্যাণ।
জি-সিরিজ ও এর অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা মুক্তি দিয়েছে তপুর একক অ্যালবাম বন্ধু ভাবো কি। গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং রুবাবাদৌলা মতিন, মডেল কন্যা তিন্নি, রিজিয়া পারভীন, কানিজ সুবর্ণা, সিনথিয়া ও তাপসের মিশ্র অ্যালবাম যাবি যদি চল। হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, তাহসান, কানিজ সুবর্ণা, জুয়েল, রক স্টার শুভ, জুয়েল, রমা ও রাসেলের মিশ্র অ্যালবাম জুয়েল উইথ স্টার টু।
লেজার ভিশন মুক্তি দিয়েছে বাংলা মুভি চন্দ্রগ্রহণের অডিও সিডি এবং দুরবিন ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম দুরবিন টু পয়েন্ট জিরো ওয়ান। চন্দ্রগ্রহণ অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ও ইমন সাহা। গান গেয়েছে সুবীর নন্দী, সামিনা চৌধুরী, বারী সিদ্দিকী, হাবিব, ন্যান্সি ও সুমি।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আবিদ, আসিফ আকবর, ইমন সাহা, এস আই টুটুল, এস ডি রুবেল, কানিজ সুবর্ণা, কিশোর, কুমার বিশ্বজিৎ, খালিদ, টিপু, ডলি সায়ন্তনী, তাহসান, নকীব খান, পলাশ, প্রিন্স মাহমুদ, বাপ্পা মজুমদার, বারী সিদ্দিকী, রাজীব, রাশেদ, রিংকু, রিজিয়া পারভীন, সামিনা চৌধুরী, সুবীর নন্দী, সুমন কল্যাণ, সোনিয়া, হাসান
Post Your Comments