আজ আমাদের বিজয়ের দিন। আজ আমাদের উৎসবের দিন। আজ আমাদের আনন্দ-উল্লাসের দিন। দেশের মানুষের এ আনন্দ-উল্লাসকে আরো মুখরিত, আরো উচ্ছল, আরো বেগবান করতে দেশের প্রায় সব স্থানেই আয়োজন করা হয়েছে কনসার্টের। যায়যায়দিন পাঠকদের জন্য উল্লেখযোগ্য কয়েকটি কনসার্টের খোজ-খবর নিয়েই এ ফিচার।
এবার বিজয় দিবসের সবচেয়ে বড় কনসার্টটির আয়োজন করেছে গ্রামীণফোন। আমি গাইবো বিজয়ের গান শিরোনামের এ কনসার্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের লেজেন্ড শিল্পী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে আরো থাকছেন শাকিলা জাফর, অর্ণব, সুবীর নন্দী, কবির সুমন, ফাহমিদা নবী ও রেনেসা ব্যান্ড। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্লেনারি হলে আজ বিকাল ৫টায় অনুষ্ঠিতব্য এ কনসার্টের টিকেটের মূল্য রাখা হয়েছে ৫০০ ও ৭০০ টাকা। টিকেট পাওয়া যাবে যে কোনো গ্রামীণফোন সেন্টারে। টিকেট থেকে অর্জিত অর্থ সিডরে ক্ষতিগ্রস্তদের সাহাযার্থ্যে চিফ অ্যাডভাইজরের রিলিফ ফান্ডে প্রদান করা হবে। বাংলালিংকের সৌজন্যে ফ্যান্টাসি কিংডমে বিকাল ৪টায় অনুষ্ঠিত হচ্ছে বিজয় দিবসের ব্যান্ড কনসার্ট। এ কনসার্টে অংশ নিচ্ছে নগর বাউল, এলআরবি ও যাত্রী ব্যান্ড। টিকেটের মূল্য ধার্য করা হয়েছে বড়দের জন্য ১৮০ টাকা ও ছোটদের জন্য ৯০ টাকা। আর ভিআইপিদের জন্য প্রবেশ ও আসনসহ ২৫০ টাকা। তবে পার্কের দর্শনার্থীদের জন্য কনসার্টটি একদম ফ্রি। ইউনিলিভার তাদের চিটাগং অফিসে আয়োজন করেছে বিজয় দিবসের বিশেষ কনসার্ট। এ কনসার্টে অংশ নিচ্ছেন ক্লোজআপ তারকা সালমা ও মুহিন। বিকালে অনুষ্ঠিতব্য এ কনসার্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারি প্রাইভেট চ্যানেল এনটিভি আয়োজন করেছে পার্থ বড়ুয়া, ক্লোজআপ তারকা রাজীব, সোনিয়া ও নিশিতার কনসার্ট। এ কনসার্টটি দেখার জন্য কোনো টিকেটের প্রয়োজন নেই। কারণ এটি নারায়ণগঞ্জবাসীর জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, রায়েরবাজার বধ্যভূমির পাদদেশসহ আরো কিছু উল্লেখযোগ্য স্থানে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজন করেছে বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান। গতকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। গান, কবিতা আবৃত্তি, নৃত্য, ছোট নাটিকাসহ নানা রকম আয়োজনের এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঙ্গনের প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীরা।
সূত্রঃ যায়যায়দিন।
Tags: Arnob Chowdhury, Fahmida Nabi, Kabir Suman, Muhin, Nishita Barua, Sabina Yasmin, Salma Akter, Shakila Jafor, Sonia, Subir Nandi, অর্ণব চৌধুরী, কবির সুমন, নিশিতা বড়ুয়া, ফাহমিদা নবী, মুহিন, রাজীব, রেঁনেসা, শাকিলা জাফর, সাবিনা ইয়াসমিন, সালমা আক্তার, সুবীর নন্দী, সোনিয়া
Related News:
hi how are u?