বাংলা গানের কারাওকে
চার-পাচজনের অর্কেস্ট্রা ছাড়াই যদি গান গাওয়া যেতো তাহলে কেমন হতো? আর যদি অর্কেস্ট্রার সব ধরনের মিউজিক একটি যন্ত্রের মধ্যেই থাকতো তাহলেইবা কেমন হতো একবার ভাবুন তো। এমনটি হলে হয়তো অনেক সঙ্গীতপ্রেমী নিজে নিজেই হয়ে উঠতে পারতেন শিল্পী। বাংলাদেশের অসংখ্য সঙ্গীতপ্রেমীর জন্য অর্কেস্ট্রা ছাড়াই সব বাদ্যযন্ত্রের বাজনাসহ গান গাওয়ার সুযোগ এসেছে। আর এ কাজটিকে সহজ করে দিয়েছে কারাওকে নামে একটি যন্ত্র। কারাওকে জাপানিজ শব্দ। কারা অর্থ খালি আর অর্কেস্ট্রা থেকে এসেছে ওকে। অর্থাৎ অর্কেস্ট্রা ছাড়াই সব বাদ্যযন্ত্রের সুরের মজা নিয়ে গান করা। জাপান এবং অন্যান্য দেশে কারাওকে খুবই জনপ্রিয় একটি নাম। ২০ বছর আগে তাদের বাজারে আসা এ যন্ত্রটিতে আগে ইংরেজি, জাপানিজসহ অন্যান্য ভাষার গান থাকলেও এই প্রথমবারের মতো বাংলা গানের কারাওকে বাজারে এনেছে পিক্সাটেক। কারাওকের মধ্যে রয়েছে ২৫০টি গানের মিউজিক ট্র্যাক।
মাইক্রোফোনের মধ্যেই প্রাথমিকভাবে বিল্ট ইন পদ্ধতিতে দেয়া আছে এ ট্র্যাক। পরে আলাদা ২৫০টি করে গানের ট্র্যাক বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। যা ক্রেতারা কিনে রিসিভারের সঙ্গে সংযুক্ত করতে পারবেন। ফোক, লোকগীতি, রবীন্দ্র সঙ্গীত, আধুনিক, ব্যান্ডসহ সব ধরনের গান দিয়েই সাজানো হয়েছে এ গানের সম্ভার। তারবিহীন মাইক্রোফোনের মাধ্যমে কারাওকে দিয়ে যে কেউই গান করতে পারবেন। আর এ জন্য আরসিএ জ্যাক দিয়ে টিভির ভিডিও ইন ফাংশনে সংযুক্ত করতে হবে। করলেই সুরের সঙ্গে টিভি পর্দায় ভেসে উঠবে গানের কথা। গান গাওয়ার সঙ্গে সঙ্গে যে কেউ কারাওকের মাধ্যমে নিজের গাওয়া গান রেকর্ডও করতে পারবেন। আর নিজে কেমন গাইলেন তা দেখার জন্য রয়েছে স্কোর। যা দিয়ে অনেকেই গান গাওয়ার অনুপ্রেরণা পাবেন। ঘরের বাইরে শিল্পীরা কারাওকে দিয়ে শো করতে চাইলেও পারবেন। কেননা যে কোনো সাউন্ড সিস্টেমের সঙ্গেই সংযুক্ত করা যাবে এ যন্ত্রটিকে। বাণিজ্য মেলায় নিজেদের স্টলে কারাওকে বাজারজাত করছে পিক্সাটেক। পিক্সাটেকের চেয়ারম্যান মেনন এন হুদা বলেন, বিভিন্ন ভাষায় কারাওকে থাকলেও বাংলা ভাষায় এ যন্ত্রটি নেই এ চিন্তা থেকেই আমি কারাওকে বাজারে নিয়ে এসেছি। এখন আমি বাংলা গানকেই প্রাধান্য দিচ্ছি। আগামীতে কারাওকেতে হিন্দি এবং ইংরেজি গান থাকবে। তবে আগে বাংলা গানের তালিকাটাকেই সমৃদ্ধ করতে চাই। এ যন্ত্রের মাধ্যমে যে কেউ অনায়াসে শিল্পী হয়ে উঠতে পারবেন বলে আমার বিশ্বাস।
পিক্সাটেক ম্যাজিক সিং নামে এ কারাওকের সঙ্গে মাইক্রোফোন ছাড়াও রয়েছে আরসিএ কেবল, ইউজার ম্যানুয়াল, বহন করার জন্য ব্যাগ, গানের তালিকা এবং রিসিভার। বিয়ে, জন্মদিন, যে কোনো আনন্দঘন পুনর্মিলনী, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিশিয়াল পার্টি, পিকনিক, ক্লাব, রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে সঙ্গীতপ্রেমীদের জন্য কারাওকে হয়ে উঠতে পারে বিনোদনের জনপ্রিয় একটি মাধ্যম। পিক্সাটেকের সঙ্গে আগ্রহীরা ০১৭১৫-০৪২২৮৯ নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন কারাওকে সম্পর্কে যে কোনো তথ্য।
সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments