বছরের টপ টেন অ্যালবাম
অডিও পাইরেসি আর রাজনৈতিক ডামাডোলের মধ্যেও ২০০৬ সাল অডিও ইন্ডাস্টৃর জন্য মোটামুটি একটি ব্যবসা সফল বছর৷ প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে, এ বছর প্রায় ৩৫০টি অ্যালবাম রিলিজ পেয়েছে৷ আর নতুন করে আত্মপ্রকাশ করেছে বেশ কিছু অডিও প্রযোজনা প্রতিষ্ঠান৷ এগুলো হলো ইমপ্রেস অডিও ভিশন, গানচিল, এফএম টিউনস, যাদু মিউজিক ইত্যাদি৷
বসুন্ধরা সিটি, রাইফেলস স্কয়ার, স্টেডিয়াম মার্কেটসহ বেশ কিছু অডিওশপ ঘুরে জানা গেল, এ বছর বিক্রি তালিকায় সবার ওপরে ছিল লেজার ভিশন থেকে রোজার ঈদে রিলিজ পাওয়া হাবিবের একক অ্যালবাম শোন৷ অ্যালবামের প্রায় সব ক’টি গানই হিট করে৷ এর মধ্যে মেয়ে তুমি তো আমার নও চেনা ও স্বপ্নের চেয়েও মধুর গানটি বেশ জনপ্রিয়তা পায়৷ শোনো ছাড়াও এ বছর লেজার ভিশন থেকে মোট ২৪টি অ্যালবাম রিলিজ পায়৷ ডুয়েট আটটি, একক ১৫টি ও ব্যান্ড অ্যালবাম একটি৷ বিক্রি তালিকার সেকেন্ড পজিশনে ছিল সাউন্ডটেক থেকে রিলিজ পাওয়া আসিফের সংসার অ্যালবামটি৷ সংসার ছাড়াও এ বছর অডিও প্রযোজনা সংস্থা সাউন্ডটেক থেকে রিলিজ পেয়েছে মোট ৭১টি অ্যালবাম৷ এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক একক অ্যালবাম ২৭, ডুয়েট অ্যালবাম ১৯, মিক্সড অ্যালবাম ২৩ ও ব্যান্ড অ্যালবাম দুটি৷
বেস্ট অডিও সেলের দিক থেকে এ বছর তিন নাম্বার পজিশনে ছিল লেজার ভিশন থেকে রিলিজ পাওয়া হৃদয়ের কথার অডিও অ্যালবামটি৷ অ্যালবামে হাবিবের গাওয়া ভালোবাসবো বাসবো রে বন্ধু গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়৷ যার কারণে শেষ পর্যন্ত এস এ হক অলিক পরিচালিত হৃদয়ের কথা মুভিটিও বছরের ব্যবসা সফল মুভির খ্যাতি অর্জন করে৷
এ বছরের চতুর্থ বেস্ট সেলার অ্যালবাম ছিল প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা থেকে রিলিজ পাওয়া বেবী নাজনীনের একক অ্যালবাম ডাকপিয়ন৷ এ অ্যালবাম ছাড়াও সঙ্গীতা থেকে এ বছর মোট ১৩৩টি অ্যালবাম রিলিজ পায়৷ এর মধ্যে একক অ্যালবাম ৫৫, দ্বৈত অ্যালবাম ৩৭, মিক্সড অ্যালবাম ৪০ ও ব্যান্ড অ্যালবাম একটি৷
প্রখ্যাত গীতিকার ও সুরকার কমল দাশ গুপ্তের একগুচ্ছ গান নিয়ে তৈরি শাফিনের গাওয়া অ্যালবামটি ছিল এ বছরের পঞ্চম বেস্ট সেলার অ্যালবাম৷ এ অ্যালবামটিও প্রযোজনা সংস্থা ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে রিলিজ পেয়েছিল৷
অডিও প্রযোজনা সংস্থা গানচিলের ব্যানারে রিলিজ পাওয়া ক্লোজআপ ওয়ান তারকা রিংকুর বাউল মন ছিল এ বছরের ষষ্ঠ বেস্ট সেলার অ্যালবাম৷ একই প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাওয়া বারী সিদ্দিকীর একক অ্যালবাম মাটির মালিকানা ছিল এ বছরের সপ্তম বেস্ট সেলার অ্যালবাম৷ এছাড়াও গানচিল থেকে এ বছর মোট ১০টি অ্যালবাম প্রকাশ পায়৷ আরশী থেকে রিলিজ পাওয়া এক মুঠো গান অ্যালবাম ও জি-সিরিজ থেকে রিলিজ পাওয়া স্টক ব্লিসের ব্যান্ড অ্যালবাম এ বছর যৌথভাবে অষ্টম স্থান দখল করে৷ আরশী থেকে এ বছর মোট সাতটি অ্যালবাম রিলিজ পায়৷
মেহরাব-রুমী জুটির প্রথম অ্যালবাম আড্ডা এ বছর বেস্ট সেলের দিক থেকে নবম স্থান দখল করে৷ এছাড়াও একতার থেকে রিলিজ পাওয়া হায়দার আলীর ফাইস্যা গেছি অ্যালবামটিও যৌথভাবে নবম স্থান দখল করে৷ একতার এ বছর মোট পাচটি অ্যালবাম রিলিজ দেয়৷ এর মধ্যে একক ও ব্যান্ড অ্যালবাম দুটি করে ও মিক্সড অ্যালবাম ছিল একটি৷
এ বছর দশম বেস্ট সেলার ছিল কায়ার রিমিক্স অ্যালবাম আনন্দ নো লিমিট৷ এছাড়াও সাজেদ ফাতেমীর পরিকল্পনায় লেজার ভিশনের ব্যানারে বিবিসির সেরা ২০ গান, শাওনের না মানুষি বনে, জি-সিরিজের স্বপ্নচূড়া-৩ ও যাত্রী অ্যালবামগুলোর বিক্রি বেশ ভালো ছিল৷
উত্সঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Baby Naznin, Bari Siddiqui, Closeup1, Habib Wahid, Kamol Das Gupta, Kaya, Mehrab, Rinku, Rumi, Shafin Ahmed, কমল দাশ গুপ্ত, কায়া, ক্লোজআপ ওয়ান, বারী সিদ্দিকী, বেবী নাজনীন, মেহরাব, রিংকু, রুমী, শাওন, শাফিন আহমেদ, হাবিব ওয়াহিদ, হায়দার-আলী
Post Your Comments