ফ্রেন্ডশিপ ডের অডিও বাজার

Friendship-Dayপ্রতি বছরের মতো এবারো ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সরগরম হয়ে উঠছে অডিও বাজার। তবে অন্যান্য বছরের চেয়ে এ বছর ফ্রেন্ডশিপ ডের অ্যালবাম সংখ্যা অনেক কম। কারণ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক অস্থিরতা এবং দেশের সার্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতিকে দায়ী করেন অডিও প্রযোজকরা। এ প্রসঙ্গে গানচিলের ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিৎ বলেন, দেশের যে অবস্থা তাতে প্রাণ থাকতেই প্রাণ ওষ্ঠাগত মানুষের। এ অবস্থায় মানুষ বিনোদন উপভোগ করবে কিভাবে, যেখানে মানুষের তিন বেলা খাওয়া-পরারই নিশ্চয়তা নেই। যার ফলে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে আমরা তেমন কোনো বিশেষ আয়োজন রাখিনি। এখন আমাদের সব পরিকল্পনা আগামী ঈদকে ঘিরে। ঈদে আমরা বেশ কিছু অ্যালবাম বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছি। তবে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কিছুদিন আগে গানচিল বাজারে এনেছে ক্লোজআপ ওয়ান তারকা সালমার একক অ্যালবাম বন্ধু আইও আইও। বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের পাশাপাশি লালন ফকির, শাহ আবদুল করিম, দুরবিন শাহ প্রমুখের গান দিয়ে সাজানো এ অ্যালবামটি ইতিমধ্যে শ্রোতাদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। ফ্রেন্ডশিপ ডে থেকে শুরু করে আগামী ঈদ পর্যন্ত এ অ্যালবামটি অডিও বাজার চাঙ্গা করে রাখবে বলে আশা প্রকাশ করেন গানচিল কর্তৃপক্ষ।

অডিও ইন্ডাস্ট্রির বর্তমান লিডিং কম্পানি জি-সিরিজ ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ইতিমধ্যে বাজারে এনেছে প্রতিভাবান কম্পোজার ফুয়াদের অ্যালবাম বন্য। লাবনী, রাহাত, জিশাফ, জোহান, অ্যানিলা, সিমিন, শান্ত, উপল, এলিটা, পুনম, মিলা, শূন্য, আরবোভাইরাস, আরাফাত কাজী ও ফুয়াদের গাওয়া এ অ্যালবামটি ইতিমধ্যে শ্রোতারা লুফে নিয়েছে বলে জানিয়েছে জি-সিরিজ কর্তৃপক্ষ। এছাড়া দুই-তিনদিনের মধ্যেই জি-সিরিজ ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে বাজারে আনতে যাচ্ছে আরো কয়েকটি অ্যালবাম। এর মধ্যে রয়েছে নোমানের তত্ত্বাবধানে তাহসান, রাজিব, নোপেল, নোমন, রোমেল, আশিক, তমাল, সুমন ও আনিতার মিক্সড অ্যালবাম উৎসর্গ। আটটি ব্যান্ড নিয়ে শিরোনামহীন ব্যান্ডের জিয়ার তত্ত্বাবধানে মিক্সড অ্যালবাম নিয়ন আলোয় স্বাগতম। এ অ্যালবামের ব্যান্ডগুলো হলো শিরোনামহীন, মেঘদল, বাংলা, আজব, স্ট্রাইকিং, কনক ও কার্তিক, কার্নিশে ম্যাগপাই ও রোড হাউস। এছাড়া জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে বাজারে আসছে হামিন আহমেদ, খালিদ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, টিপু, এস আই টুটুল ও তাহসানের অ্যালবাম কে আকে অন্য ছবি।

ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সঙ্গীতার ব্যানারে আইয়ুব বাচ্চু ও আসিফের দ্বৈত অ্যালবাম স্বপ্নের দুয়ারে বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সঙ্গীতা কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে সঙ্গীতার মার্কেটিং ম্যানেজার তারেকুল ইসলাম বলেন, ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে এবার আমাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে আগামী কয়েক দিনের মধ্যেই আমরা স্বপ্নের দুয়ারে অ্যালবামটি বাজারে আনবো। এ অ্যালবামটি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে করা না হলেও প্রায় কাছাকাছি সময়ে পড়ে যাওয়ায় এটি ফ্রেন্ডশিপ ডের অ্যালবাম হিসেবেই বাজারে যাচ্ছে।
সিএমভি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে তেমন কোনো আয়োজন করেনি। তবে কয়েক দিন আগে এ ব্যানার থেকে বাজারে এসেছে নাজির মাহমুদের সুরে সুমন বাপ্পির একক অ্যালবাম বুকে ব্যথার ঢেউ এবং সাত্তার মাহমুদের সুর ও সঙ্গীত পরিচালনায় মমতাজের একক অ্যালবাম এক দুই তিন। অ্যালবাম দুটি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে করা না হলেও মমতাজ এবং সুমন বাপ্পির শ্রোতাদের জন্য ফ্রেন্ডশিপ ডের অ্যালবাম হিসেবেই এ দুটির বাজার কাটতি রয়েছে বলে জানালেন সিএমভির কর্ণধার পাপ্পু আহমেদ।

বিউটি কর্নার ফ্রেন্ডশিপ ডের অ্যালবাম হিসেবে বাজারে এনেছে আসিফ ও মনির খানের দ্বৈত অ্যালবাম আমরা দুজন। এ প্রসঙ্গে বিউটি কর্নারের কর্ণধার নিলু আহসান বলেন, বিভিন্ন দিবস কিংবা উৎসব উপলক্ষে আমরা কখনোই খুব বেশি অ্যালবাম মুক্তি দেই না। এবারো আমাদের অ্যালবাম সংখ্যা মাত্র একটি। তবে আমরা আশাবাদী, আমাদের এ একটি অ্যালবামই ফ্রেন্ডশিপ ডের অডিও বাজার ধরে রাখবে।

উল্লেখ্য, সাউন্ডটেক, এটিএন মিউজিক, লেজার ভিশনসহ আরো কিছু অডিও কম্পানি এবার ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কোনো অ্যালবামই মুক্তি দেয়নি।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

One Response to “ফ্রেন্ডশিপ ডের অডিও বাজার”

  1. hm_palash | August 18th, 2007

    wow

Post Your Comments

Bangla Music : Incoming search terms