প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। এনটিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক এইম ইন লাইফ-এ একসঙ্গে অভিনয় করেছেন তারা। ১৫ ডিসেম্বর বাপ্পা মজুমদারের স্টুডিওতে এইম ইন লাইফ নাটকের শুটিংয়ে অংশ নেন ফাহমিদা-বাপ্পা। এ দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী নিজ নিজ ভূমিকায় অভিনয় করেছেন বলে জানিয়েছেন নির্মাতা মাসুদ সেজান। নাটকে দেখা যাবে রওনক হাসান জীবনযুদ্ধ শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। চলচ্চিত্রটিতে রূপম বাপ্পা মজুমদারকে দুটি গানের সুর ও সঙ্গীত করার প্রস্তাব দেন। বাপ্পা মজুমদার প্রস্তাবে রাজি হন। পরে রূপম ও বাপ্পা মজুমদার মিলে সিদ্ধান্ত নেন, গানে কণ্ঠ দেবেন ফাহমিদা নবী। বাপ্পার সুর ও সঙ্গীতে ফাহমিদা নতুন একটি গানে কণ্ঠ দেন। গানটি লিখেছেন রাসেল ও’নীল। গানের কথা হচ্ছে ছুঁয়ে গেলে আনমনে/ছুঁয়ে গেলে তুমি। পাশাপাশি এ দুই সঙ্গীত তারকা রূপমের চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। অভিনয় ও গান গাওয়া প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, আমি অভিনয় করেছি মনে হয়নি। একটি গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছি। আর নির্মাতা সেজান মাসুদ যা বলেছে তাই করেছি। এইম ইন লাইফ নাটকটি আমি নিয়মিত দেখি। ভালো লাগে। এ নাটকের সঙ্গে যুক্ত হয়ে আমার আরো ভালো লাগছে। বাপ্পা মজুমদার বলেন, সঙ্গীত নিয়ে আমার যে নিত্যকর্ম আছে, তাই তুলে ধরা হয়েছে। নিজ ভূমিকাতেই নাটকে দেখা যাবে আমাকে। বাপ্পা মজুমদার এর আগে অভিনয় করলেও ফাহমিদা নবী অভিনয়ে এবারই প্রথম।
সূত্র: যায়যায়দিন, জানুয়ারী ১৭, ২০০৮
Tags: ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার
Related News:
Leave a Reply