প্রথমবারের মতো একই অ্যালবামে বাপ্পা মজুমদার ও এস আই টুটুল

এই প্রথমবারের মতো একই অ্যালবামে গান করছেন বাপ্পা মজুমদার ও এস আই টুটুল। এর আগে এ দুজন বিভিন্ন টিভি প্রোগ্রাম, চলচ্চিত্রে প্লে-ব্যাকসহ অনেক মিশ্র অ্যালবামে গান করলেও দ্বৈতভাবে একই অ্যালবামে একত্র হচ্ছেন এই প্রথম। আর এ দুজনকে একত্র করার কাজটি করছেন সুরকার ও সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার। পার্থ মজুমদারের সুর ও সঙ্গীত পরিচালনায় ইতিমধ্যেই তৈরি হয়েছে বাপ্পার জন্য পাঁচটি ও টুটুলের জন্য পাঁচটি গান। আর গানগুলো লিখেছেন কবির বকুল, টি আই অন্তর, মাস্ মাসুম ও টি হোসেন অশ্রু।
বাপ্পা ও টুটুল প্রসঙ্গে পার্থ মজুমদার বলেন, বাপ্পা-টুটুল, দুজন দুই ধরনের গান করলেও দুজনের মধ্যে একটা জায়গায় বেশ মিল রয়েছে। সেটা হচ্ছে দুজনই পরিচ্ছন্ন কথা, শ্রুতিমধুর সুর আর পরিমিত মিউজিক পছন্দ করেন। দুজনের কণ্ঠেই রয়েছে অসম্ভব মেলোডি। এর আগে আমি বিভিন্ন মিশ্র অ্যালবামে দুজনের গানেরই সুর করেছি। শিল্পী হিসেবে দুজনকেই আমার ভালো লাগে। আমি চেষ্টা করেছি, দুজনের গানের ধরনটাকে ঠিক রেখে আমার মতো করে গান করার। জানি না, কতোটা সফল হয়েছি। তবে আমার বিশ্বাস, এ অ্যালবামে শ্রোতারা ভিন্ন আঙ্গিকের স্বাদ পাবে। বাপ্পা মজুমদার বলেন, দাদার সুরে এর আগে আমি যে কয়েকটি গান করেছি, তার সবই আমার শ্রোতারা পছন্দ করেছে। দাদার সুর, সঙ্গীত দুটিই আমার ভালো লাগে। আমি আশাবাদী, এ অ্যালবামটি শ্রোতাদের মধ্যে সাড়া জাগাবে। এস আই টুটুল বলেন, দাদা আমার ব্যান্ড লিডার। এ পর্যন্ত প্রকাশিত আমার গানগুলোর অধিকাংশই দাদার কম্পোজিশন করা। বেশকিছু গান দাদার সুর। আমার খুব ভালো লাগছে যে, দাদা আমাকে নিয়ে নতুনভাবে কাজ করার উদ্যোগ নিয়েছেন। জানি না, দাদার কাজের প্রকৃত মর্যাদা রাখতে পারবো কি না। তবে সাধ্যমতো চেষ্টা করবো, গান গেয়ে যেন দাদাকে তৃপ্ত করতে পারি।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: এস আই টুটুল, কবির বকুল, টি আই অন্তর, পার্থ মজুমদার, বাপ্পা মজুমদার

band.song.bangla all
band song