পুলকের মনের খোরাক গান

Pulak Adhikariপত্রিকায় বিজ্ঞাপন দেখে প্রথমবারের ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন পুলক অধিকারী। কিন্তু সেবার সিলেকশন রাউন্ড থেকেই বাদ পড়েন। অডিশন রাউন্ডে গাওয়া মনের দুঃখ মনে রইলোরে-এর কথার সঙ্গে মিলে যায় তার জীবন। প্রথমবারের টপ টেনরা বাগেরহাটে যান প্রোগ্রাম করতে। টপ টেনের প্রোগ্রাম শুরু হওয়ার আগে পুলকের গান গাওয়ার কথা ছিল। কিন্তু কোনো একটি কারণে গান গাইতে দেয়া হয়নি পুলককে। মনের দুঃখ মনে রেখে থেমে থাকেননি পুলক। বেশি করে গানের রেওয়াজ করেছেন। আর এবারের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় মনের দুঃখকে দূর করেছেন প্রাপ্তির মাধ্যমে। স্থান করেছেন এবারের টপ টেনে।

পুলকের জন্মস্থান পিরোজপুরে। তবে তার বেড়ে ওঠা বাগেরহাটে। পুলকদের পরিবারটি ছিল সঙ্গীত পরিবার। বাবার কাছেই সঙ্গীতের হাতেখড়ি হয়েছে। তারপর গান শিখেছেন প্রদীপ দাস, সুনীল চক্রবর্তী ও সন্ধ্যা পালের কাছে। ১০ বছর ধরে শিখে চলেছেন ক্লাসিকাল গান। পুলকের জীবনধারা ছিল অন্য রকম। ইচ্ছা ছিল বাংলা বা ইংরেজিতে অনার্স ডিগ্রি নেয়ার পাশাপাশি গান-বাজনা নিয়ে থাকা। সে অনুযায়ী খুলনা বিএল ইউনিভার্সিটি কলেজ থেকে বাংলায় অনার্স পাস করেছেন। তবে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা তাকে গানের শক্ত প্ল্যাটফরম করে দিয়েছে। এ জন্য প্রতিযোগিতা সংশ্লিষ্ট সবার কাছেই তিনি কৃতজ্ঞ। এতোটুকু আসার পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছেন তার মা-বাবা ও গানের শিক্ষক উত্তম দাস।

পুলকের জন্ম তারিখ ৯ জুন। রাশি মিথুন। আধুনিক ও ফোক গান গাইতে পছন্দ করেন। তবে ইনডিয়ান আধুনিক গান শুনতে তার ভালো লাগে। তার প্রিয় শিল্পী মান্না দে, সুবীর নন্দী। প্রিয় গান সুবীর নন্দীর কেন ভালোবাসা হারিয়ে যায়।

তবে পুলকের জীবনে ভালোবাসা হারিয়ে যায়নি। বরং যোগ হয়েছে ভক্তদের ভালোবাসা। পুলক হেসে জানিয়েছেন, ভক্তদের মধ্যে মেয়ের সংখ্যাই বেশি। প্রেমের প্রস্তাবের পাশাপাশি অনেকে আবার বিয়ের প্রস্তাবও নাকি দিয়েছে তাকে।

ব্যক্তি জীবনে পুলক খুবই মজার মানুষ। এবারের ক্লোজআপের যে ক্যাম্প হয়েছিল সে ক্যাম্পের সবচেয়ে মজার মানুষটি ছিলেন এই পুলক। টিমের সবাই তাকে মাইকেল পুলক নামে ডাকতেন। কারণ তিনি হাবিজাবি ইংরেজি বলতেন। এ রকম ইংরেজি বলতেন, যেগুলোর কোনো অর্থ নেই। টিমের সবাই শুনে খুব হাসতো।

গান গাওয়ার পাশাপাশি গান লিখেন এবং সুর করেন পুলক। তার কাছে তিনটিই ভালো লাগে। তবে গান সুর করা এবং গাওয়া বেশি পছন্দ করেন তিনি।

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে পুলক বলেন, আমার ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে একটা ভালো চাকরি করা। পাশাপাশি গান ভালো করে চালিয়ে যাওয়া। গান আমার কাছে মনের খোরাক।

সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

 

Bangla Music Tags:

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms