নিজের জনপ্রিয় বাংলা গানকে এবার হিন্দি করবেন জেমস
বাংলাদেশ আর ইনডিয়া যাওয়া-আসার মধ্যেই রয়েছেন তারকা শিল্পী জেমস। তার সর্বশেষ অ্যালবাম তুফান-এর পর আপাতত অ্যালবাম নিয়ে ভাবছেন না তিনি। দেশে এখন শুধু মঞ্চেই টুকটাক পারফর্ম করছেন তিনি। আগামী ছয় মাস কোনো বাংলা গানের রেকর্ডিংয়ে সময় দিচ্ছেন না। তবে শীতের স্টেজ শোগুলো শেষ করেই চলে যাবেন মুম্বাই। সেখানে কি কাজ করবেন তা এখনি ঠিক করে ফেলেছেন জেমস। নিজের জনপ্রিয় বাংলা গানগুলো এবার হিন্দি করছেন। তার মা, মীরা বাই, তেরো নদী সাত সমুদ্দুরসহ জনপ্রিয় ১০টি গান নিয়ে এবার বাংলা গানকেই হিন্দিতে গাইবেন জেমস। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্টে সনি এন্টারটেইনমেন্ট থেকে তার এ অ্যালবামটি রিলিজ হবে। তবে এ গানগুলোর মিউজিক করছেন না তার মুম্বাইয়ের সাম্প্রতিককালের বন্ধু প্রিতম। মুম্বাইয়ের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর প্রিতম এ অ্যালবামটির সরাসরি মিউজিক কমপোজিশন না করলেও প্রিতমেরই পছন্দের কাউকে নিয়ে মাঠে নামছেন বাংলাদেশের তথা হালের মুম্বাইয়ের জনপ্রিয় গায়ক জেমস।


Post Your Comments