দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে এটিএন তারকা অন্বেষণ
এটিএন বাংলার উদ্যোগে আবারো শুরু হতে যাচ্ছে তারকা বাছাই কার্যক্রম। প্রতিভা অন্বেষণমূলক এ আয়োজনে সঙ্গীত ও অভিনয়ের সঙ্গে এবার যোগ হচ্ছে নৃত্য। বাংলাদেশ ছাড়াও এবার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন ও মিডল ইস্টে তারকা বাছাই কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ থেকে ১০ জন এবং প্রবাস থেকে চারজন করে মোট ৩০ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে। প্রাথমিক পর্যায়ে শুধু সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২ মে থেকে নৃত্য এবং ১৫ মে থেকে সঙ্গীত বিষয়ের প্রতিযোগিতার প্রাথমিক বাছাই কাজ শুরু হবে। ইতিমধ্যে চ্যানেলে এ সংক্রান্ত প্রচার-প্রচারণা শুরু হয়েছে। প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ এপ্রিল, ২০০৮। নৃত্য প্রতিযোগিতা কেবল ঢাকায় এবং সঙ্গীত প্রতিযোগিতা ঢাকাসহ ছয়টি প্রধান বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতার নামকরণ হবে ‘এটিএন আন্তর্জাতিক তারকা’। নৃত্যের ক্ষেত্রে বয়সসীমা ১৫-২৫ এবং সঙ্গীতের ক্ষেত্রে ১৮-৩০ বছর নির্ধারণ করা হয়েছে। বিচারক প্যানেলে ২ জন অভিজ্ঞ এবং ২ জন জনপ্রিয় মোট ৪ জন থাকবেন। এটিএন বাংলায় ২০০৫ এর জুন-এ প্রথম তারকা বাছাই কার্যক্রম শুরু হয়। শেষ হয় ২০০৭-এর ১৫ জুলাই। প্রথমবার এ কাজের জন্য পুরো দেশকে মোট ১৮টি অঞ্চলে ভাগ করা হয়েছিল। রাজশাহীকে বেছে নেয়া হয়েছিল প্রথম অঞ্চল হিসেবে। এবারো রাজশাহী থেকে বাছাই কার্যক্রম শুরু হবে। তবে এবার এ কার্যক্রম পরিচালিত হবে দেশের প্রধান ছয়টি বিভাগে। ঢাকায় সবশেষে বাছাই কার্যক্রম পরিচালিত হবে। এবারই প্রথম আন্তর্জাতিক পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বাইরে ইতিমধ্যে শুধু আমেরিকায় বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সঙ্গীত, অভিনয় ও নৃত্যের জন্য আলাদা বিচারক থাকবেন। নিজ নিজ ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তিরাই এবার বিচারক হিসেবে থাকবেন। এ আয়োজন সম্পর্কে এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নওয়াজীশ আলী খান বলেন, কোনোরূপ বাণিজ্যিক চিন্তাভাবনা থেকে এ আয়োজন নয়। প্রকৃত তারকাকেই খুজে বের করার চেষ্টা থাকবে আমাদের। দ্বিতীয়বারের মতো আমরা এবার এ আয়োজন করতে যাচ্ছি। দর্শক এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে অনুষ্ঠানটি দেখতে পাবে। উল্লেখ্য, এটিএন তারকা, তারকাদের তারকা-২০০৬ এর কার্যক্রমে সারা দেশ থেকে মোট ৭২ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিল। সেবার সঙ্গীতে শ্রেষ্ঠ তারকা নির্বাচিত হয়েছিল রেজওয়ানুল হক এবং অভিনয়ে তারকা নির্বাচিত হন কুইন রহমান।
সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments