দেশের গানের অ্যালবাম করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে : সামিনা চৌধুরী
গত স্বাধীনতা দিবসে ওয়ার্ল্ড মিউজিকের ব্যানারে বাজারে এসেছে সামিনা চৌধুরীর দেশের গানের অ্যালবাম তুমি আমার পরিচয়। জাতীয় পতাকার রঙ, চেতনা ও আবহ নিয়ে করা অসাধারণ প্রচ্ছদের এ অ্যালবামটি নজর কেড়েছে শ্রোতাদের। তুমি আমার পরিচয় ও অন্যান্য প্রসঙ্গে সামিনা চৌধুরীর সঙ্গে কথা বলেছেন টি আই অন্তর
তুমি আমার পরিচয় অ্যালবামটি নিয়ে কিছু বলুন।
প্রতিটি মানুষেরই একটা পরিচয় থাকে। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। তাই প্রিয় বাংলাদেশকে উদ্দেশ করে বলছি, বাংলাদেশ তুমি আমার পরিচয়। ২৮ বছর ধরে গানের সঙ্গে জড়িয়ে আছি। এতো বছরে একটা দেশের গানের পূর্ণাঙ্গ অ্যালবাম করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। দেশের গানের অ্যালবাম করা সত্যিকার অর্থেই সম্মানজনক ব্যাপার। আমার ভাগ্যটা খুব ভালো যে, দেশের প্রায় সব গীতিকার-সুরকার আমাকে ভালো গানগুলোই দিয়ে আসছেন। এর আগে দেশের গান খুব একটা গাওয়া হয়নি, যা গেয়েছি তা প্রাণ দিয়ে অনুভব করেই গেয়েছি। সেই গানগুলো নিয়ে তার সঙ্গে আরো কিছু নতুন গান দিয়ে দেশের গানের এ পূর্ণাঙ্গ অ্যালবামটি করেছি।
কখন, কিভাবে এ অ্যালবামের পরিকল্পনা মাথায় আসে?
আমার কিছু ভক্ত-শ্রোতা প্রায়ই দেশের গানের জন্য অনুরোধ করেন। টিভিতে বিভিন্ন সময় আমার গাওয়া দেশের গানগুলো নতুন করে শুনতে চান। আমি প্রায়ই অবাক হতাম যে, কেউ কেউ এমন কিছু গানের কথাও বলেন, যার কথা আমি নিজেও ভুলে গিয়েছি। অনেকে আবার অনুরোধ করেন একটা পূর্ণাঙ্গ দেশের গানের অ্যালবামের জন্য। তো এক সময় ঠিক করি, দেশের গান নিয়ে একটা পূর্ণাঙ্গ অ্যালবাম করবো। সেই লক্ষ্যে আমার গাওয়া দেশের গানগুলো সংগ্রহ করতে থাকি। ঠিক এমন সময় এক দিন আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই ফোন করে বলেন, তোকে দুটি দেশের গান উপহার দিতে চাই। কাকতালীয়ভাবে প্রায় কাছাকাছি সময়ে এক দিন বাসু ফোন করে বলে, আপনার জন্য একটি দেশের গান করেছি। আমার তো মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো অবস্থা। কাজেই দ্রুত গান তৈরির কাজে নেমে যাই।
গীতিকার-সুরকারদের মধ্যে কারা গান করেছেন এ অ্যালবামে?
একাত্তরের বীরবাহিনী, জানতে চেয়ো না, আজ আমাদের জোড়া দোয়েল, নামটি রেখো স্বাধীনতা, ভাইয়ের বুকে এবং ছেলেহারা এক মা- এ গানগুলো পুরনো। আর এগুলো লিখেছেন নজরুল ইসলাম বাবু, নুরুজ্জামান শেখ, শাফাত খৈয়াম ও কবির বকুল। সুর করেছেন তানসেন খান, শেখ সাদী খান, আলী আকবর রূপু, স্বপন কুমার সাহা, জালাল আহমেদ ও আবু তাহের। নতুন গানের মধ্যে রয়েছে বর্ণমালা, তুমি আমার পরিচয়, এক শহীদের বধূ, অঙ্গ তোমার এবং ঢোল। এগুলো লিখেছেন খন্দকার আবদুল মোতালেব, মাহফুজা, মোঃ রফিকুজ্জামান। সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলী ও বাসু।
অ্যালবামের কভার ডিজাইনটি দৃষ্টি কেড়েছে অনেকের। এ সম্পর্কে বলুন।
অ্যালবামটি যেহেতু দেশের গানের, তাই দেশের একটা ছাপ রাখা হয়েছে কভারে। জাতীয় পতাকার রঙ ব্যবহার করা হয়েছে চমৎকারভাবে। কভারে আমার যে ছবি ব্যবহার করা হয়েছে তার পরিকল্পনা ছিল ফ্যাশন হাউস রং- এর বিপ্লবের। অর্নামেন্টসহ সব কিছুর ব্যবস্থা করেছে বিপ্লব আর ডিজাইন করেছি আমি। সবাই ডিজাইনের খুব প্রশংসা করছে। আমারও খুব ভালো লাগছে।
আপনি একটি রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম করছেন। অ্যালবামটির কাজ কতো দূর?
প্রায় শেষের পথে। এ অ্যালবামের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করছে বাপ্পা মজুমদার। অনেক দিন ধরে অনেক সময় নিয়ে কাজ করছে সে। সব গানেরই মিউজিক অ্যারেঞ্জমেন্ট শেষ হয়েছে। এখন চলছে মিক্সিং ও মাস্টারিংয়ের কাজ। সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ওয়ার্ল্ড মিউজিকের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে।
অনেক দিন ধরে আধুনিক গানের অ্যালবাম করছেন না। শ্রোতারা কবে আপনার পরবর্তী অ্যালবাম পাবে?
এ অভিযোগ আমাকে অনেকেই করেন। বিশেষ করে আমার ভক্ত-শ্রোতারা। আমার আধুনিক গানের অ্যালবাম সংখ্যা আসলেই কম। কারণ আমি গানই করি কম। যা করি তা খুব বুঝে-শুনে করি। আমি মনে করি না যে, বছর বছর অ্যালবাম করতে হবে। প্রতিদিন নিজেকে টিভি চ্যানেলে দেখা যেতে হবে। ধীরে-সুস্থে গান করতেই ভালো লাগে আমার। পরবর্তী অ্যালবামের কাজ একটু একটু করে এগিয়ে চলছে। এ পর্যন্ত সাতটি গান শেষ হয়েছে। এগুলোর ওপর আরো কিছু কাজ করতে হবে। বাকি কাজ শেষ হলে আশা করছি চলতি বছরের শেষের দিকে শ্রোতারা অ্যালবামটি হাতে পাবে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আকবর, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ, কবির বকুল, টি আই অন্তর, বাপ্পা মজুমদার, বিপ্লব, মোঃ রফিকুজ্জামান, শেখ সাদী খান, সামিনা চৌধুরী
Post Your Comments