ঢাকায় মান্না দে, সঙ্গে অরুন্ধতী
‘আমি এ সময় এখানে গান গাওয়ার জন্য আসতে চাইনি। এই দেশটার ওপর দিয়ে এত বড় এক দুর্যোগ বয়ে গেল! কিন্তু আয়োজকেরা ছাড়লেন না। তাই আর না এসে পারলাম না। দেখি আমাকে দিয়ে এ দেশের দুর্গত মানুষগুলোর কোনো উপকার হয় কি না।’ বললেন মান্না দে। ঘূর্ণিঝড় সিডর দুর্গতদের সাহায্যার্থে আয়োজিত দুটি অনুষ্ঠানে তিনি গান গাইবেন।
মান্না দে ঢাকায় এসেছেন গতকাল সোমবার বিকেলে। রাতে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেন। তাঁর সঙ্গে আরও ছিলেন কণ্ঠশিল্পী অরুন্ধতী হোম চৌধুরী। তিনি দুটি অনুষ্ঠানেই গান গাইবেন মান্না দের সঙ্গে।
ঢাকায় মান্না দে থাকছেন গুলশানের এক বাড়িতে। সংবাদ সম্মেলনে ঢুকেই বললেন, এতটুকু রাস্তা আসতে দেড় ঘণ্টা লেগেছে! কিন্তু এর পরও তাঁর কাছে যখন জানতে চাওয়া হলো, বাংলাদেশে এসে কেমন লাগছে? বললেন, ‘মনে হচ্ছে এ পাড়া থেকে ও পাড়ায় এসেছি।’
আর অরুন্ধতী বললেন, ‘আমার জ্ন আগরতলায়। নদীর ওপার থেকে সেই ছোটবেলা থেকে বাংলাদেশটা দেখেছি। এবার আসতে পেরে ভালো লাগছে।’
মান্না দে আর অরুন্ধতী হোম চৌধুরী আজ গান গাইবেন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আর কাল হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে। দুটি অনুষ্ঠানই শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক এমব্রোজার ফিল্মসের মেজবাউল ইসলাম তালুকদার, প্রিয়ন্তীর মনোয়ার হোসেন পাঠান, এটিএন বাংলার এম শামছুল হুদা ও মান্না দের সফরসঙ্গী সতীনাথ মুখোপাধ্যায়।
সূত্রঃ প্রথম আলো।
Bangla Music Tags: অরুন্ধতী হোম চৌধুরী, মান্না দে, সতীনাথ মুখোপাধ্যায়

Post Your Comments