ডিভিডিতে ‘মুক্তির গান’
‘মুক্তির গান ছবিটির জন্ম হয়েছিল আজ থেকে ঠিক এক যুগ আগে। তখন যাদের বয়স ছিল ১৩-১৪, আজ তারা ২৫-২৬ বছর বয়সের। তাদের অনেকেই এই ছবিটি দেখতে পারেনি। যেমন তারা দেখেছে আমার মাটির ময়না কিংবা অন্তর্যাত্রা চলচ্চিত্রগুলো। আমি মনে করি, ডিভিডিতে আসার ফলে এখন আমাদের নতুন প্রজ্নের ছেলেমেয়েরা মুক্তির গান ছবিটি দেখতে পারবে। আমাদের সবাইকে আবার মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে, একতাবদ্ধ হতে হবে। আর এখনই তার উপযুক্ত সময়।’ বললেন তারেক মাসুদ, মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা।
তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত মুক্তির গান চলচ্চিত্রের ডিভিডি বাজারে আসছে। এ উপলক্ষে শাহবাগ গণ গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আজ বিকেল সাড়ে চারটায় আয়োজন করা হয়েছে ডিভিডিটির প্রকাশনা অনুষ্ঠানের।
কী থাকছে মুক্তির গান ছবির ডিভিডিতে? তারেক মাসুদ বললেন, ‘যুক্তরাষ্ট্রের প্রামাণ্যচিত্র নির্মাতা লিয়ার লেভিন মুক্তির গান ছবির দৃশ্য ধারণ করেছিলেন ১৯৭১ সালে, মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার কয়েকজন সদস্যের সঙ্গে ক্যামেরা হাতে তিনি ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন শরণার্থী শিবির, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প, মুক্তাঞ্চলসহ বিভিন্ন স্থানে। তাঁর কাছে মোট ২০ ঘণ্টার ফুটেজ ছিল। আমরা সেখান থেকে মুক্তির গান ছবিতে মাত্র ৪০ মিনিটের ফুটেজ ব্যবহার করেছি। এবার মুক্তির গান ডিভিডিতে থাকছে দেড় ঘন্টার মূল ছবির পাশাপাশি এটি নির্মাণের নেপথ্য ইতিহাস নিয়ে মেকিং অব মুক্তির গান। এখানে রয়েছে লিয়ার লেভিনের সেই অব্যবহৃত ও অপ্রকাশিত দুর্লভ ফুটেজের আরও কিছু অংশ। মুক্তির গান ছবিতে যে মুক্তিযোদ্ধাদের দেখা গেছে, তাঁদের মধ্য থেকে ১২ জনের স্মৃতিচারন; শিল্পীদের সাক্ষাৎকার, বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সঙ্গে জড়িত ও যাঁরা তখন এর নেতৃত্ব দিয়েছেন, তাঁদের স্মৃতিচারন। এখানে লিয়ার লেভিনের ফুটেজের পাশাপাশি আরও থাকছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত থেকে চড়া দাম দিয়ে সংগ্রহ করা মুক্তিযুদ্ধের দুর্লভ কিছু ফুটেজ।’
লেজার ভিশন সূত্রে জানা গেছে, তিন ঘণ্টার মুক্তির গান ডিভিডিটির মোড়ক উন্মোচন করবেন ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সভাপতি ডঃ সনজীদা খাতুন।
সূত্রঃ দৈনিক প্রথম আলো।

Post Your Comments