জমে উঠেছে পাইরেসি ব্যবসা
ঢাকায় ছোট-বড় ৫০টির বেশি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে৷ বিভিন্ন সময় এসব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শিল্পীর অ্যালবাম বাজারে আসছে৷ বছরে কয়েক হাজার অ্যালবাম বাজারে আসে৷ তার মধ্যে হাতে গোনা কিছু অ্যালবাম শ্রোতারা গ্রহণ করে৷ গত বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসে হৃদয়ের কথা নামে একটি অ্যালবাম৷ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যানারে বাজারে আসে অ্যালবামটি৷ শ্রোতারা ভালো সাড়া দিয়েছিল এতে৷ কিন্তু অ্যালবামটি পাইরেট করে ছাড়া হয়েছে ওই সময়৷ যার ফলে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানটি ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে৷ হৃদয়ের কথা অ্যালবামটি হুবহু কভার করে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের নাম না দিয়ে লোকাল ডিস্কে বাজারে ছেড়েছে প্রতারক চক্র৷ এছাড়া একই প্রতিষ্ঠান থেকে হাবিব ওয়াহিদের প্রথম সলো অ্যালবাম শোনো বের হয়েছিল৷ শ্রোতারা অ্যালবামটির জন্য দীর্ঘদিন প্রতীক্ষায় ছিল৷ বিভিন্ন কম্পানি অ্যালবামটি বাজারে ছাড়ার চেষ্টা করলেও লেজার ভিশন বাজারে ছেড়েছে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করে৷ কিন্তু বাজারে আসামাত্রই অ্যালবামটি পাইরেসি হয়ে যায়৷ অ্যালবামের নাম পরিবর্তন করে নতুন নামে ছেড়েছে প্রতারক চক্র৷ অ্যালবামটির নাম দিয়েছে বেস্ট অফ হাবিব৷ এই পাইরেটকৃত অ্যালবামগুলো বিভিন্ন ফুটপাথ ছাড়াও দোকানে পাওয়া যাচ্ছে৷ পাইরেটকৃত অ্যালবামগুলো শ্রোতাদের আকৃষ্ট করার জন্য অনেক গান রাখে৷ বিভিন্ন শিল্পীর সমগ্র গান নিয়ে একটি অ্যালবাম বাজারে ছাড়ে তারা৷ অ্যালবামে ব্যবহার করে বেস্ট অফ আসিফ, মনির খান, আইয়ুব বাচ্চু অথবা অন্য কোনো জনপ্রিয় শিল্পীর নাম৷ এতে করে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান দিন দিন লোকসান দিচ্ছে৷ গত রোজার ঈদে বাজারে এসেছিল দেড়শ’টির মতো অ্যালবাম৷ ঈদুল আজহায় বাজারে এসেছে মাত্র ৫০টির মতো অ্যালবাম৷ এতো কম আসা প্রসঙ্গে অনেকে অডিও পাইরেসির কারণ বলে উল্লেখ করেছেন৷ অ্যালবামগুলো পাইরেসি হয় মূলত ঢাকার নির্দিষ্ট কয়েকটি স্থান থেকে৷ তার মধ্যে ঢাকার জাতীয় স্টেডিয়াম মার্কেট, ফার্মগেটের কয়েকটি মার্কেট, নিউ মার্কেট ও হাতিরপুলের কয়েকটি মার্কেট উল্লেখযোগ্য৷ পোস্টার তৈরি করে ফকিরাপুলের কয়েকটি প্রেস থেকে৷ অ্যালবামগুলো বিক্রি হচ্ছে প্রকাশ্যে৷ এই অ্যালবামগুলো যারা কিনছেন তারা প্রতারিত হচ্ছেন৷ অ্যালবামের নামের সঙ্গে ভেতরের কোনো মিল থাকে না৷
প্রতারক চক্র প্রতিটি শিল্পীর অ্যালবামই পাইরেসি করছে বাজারে আসামাত্র৷ অনেকবার অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অ্যালবাম পাইরেট ঠেকাতে মাঠে নেমেছিল৷ শিল্পীরাও পাইরেসি ঠেকাতে মাঠে নেমেছেন৷ কিছুদিন আগে মনির খান বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যালবাম পাইরেট করা অবস্থায় ধরতে গেলে স্টেডিয়াম মার্কেটের লোকজন তাকে তাড়া করে৷ পুলিশ এই দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখেছে বলে জানান তিনি৷ পাইরেটকৃত অ্যালবামগুলো বাজারে সরবরাহ করছে একটি নির্দিষ্ট টিম৷ তারা ঢাকার বিভিন্ন ফুটপাথের অস্থায়ী দোকানে সেল করছে৷ ঢাকার বাইরে সেল করছে একটি চক্র৷ পাইরেটকৃত অ্যালবামগুলো বিক্রি হচ্ছে গুলিস্তানের কয়েকটি জায়গায়, নিউ মার্কেটের বলাকা হলের সামনে, ফার্মগেট, মহাখালীসহ কয়েক স্থানে৷ নিউ মার্কেটের বলাকা হলের সামনে ফরিদ নামে এক বিক্রেতা জানায়, প্রতি অ্যালবাম ৯-১০ টাকা দিয়ে কিনে আনে এবং ১৫ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি করে৷ লাভের একটি অংশ পুলিশ ও স্থানীয় লোকজনকে দেয়৷
সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন স্থানে ফুটপাথের দোকান উচ্ছেদ করেছে প্রশাসন৷ কিন্তু সিডি বিক্রেতারা এখনো বিক্রি করছে প্রকাশ্যে৷ এছাড়া অডিও পাইরেসির পাশাপাশি ভিডিও পাইরেসি হচ্ছে৷ একটি মুভি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে হল বা অন্য কোনো উপায়ে পাইরেসি হয়ে যাচ্ছে৷ এছাড়া সম্প্রতি মুক্তি পাচ্ছে অশ্লীল মুভি৷ এসব মুভির অশ্লীল দৃশ্যগুলো নিয়ে তৈরি করছে একটি অ্যালবাম৷ যার গানের কথাগুলো অশ্লীল৷ একটি অশ্লীল নাম দিয়ে বাজারে ছাড়ছে তারা৷ যা দিন দিন ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে যুব সমাজকে৷ অডিও পাইরেসি সম্পর্কে প্রযোজনা সংস্থা সংগীতার ব্যবস্থাপনা পরিচালক সেলিম খান বলেন, পাইরেসির কারণে দিন দিন ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা৷ পাইরেসি ঠেকাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি৷ চন্দ্রিমা মার্কেট থেকে বিপুল পরিমাণ পাইরেটকৃত অ্যালবাম ধরেছি৷ এছাড়া বিভিন্ন জায়গা থেকেও ধরেছি৷ কিন্তু কি লাভ ধরে? প্রশাসন টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে৷ আমি মনে করি, যারা পাইরেসি করছে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া উচিত৷ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান আরশীর প্রতিষ্ঠাতা ও শিল্পী এসআই টুটুল বলেন, এখন ব্যান্ডের অ্যালবাম বাজারে আসছে খুব কম৷ কারণ ব্যান্ডের অ্যালবাম পাইরেসি হয় বেশি৷ একটি ব্যান্ডের অ্যালবাম করতে সবচেয়ে বেশি খরচ পড়ে৷ তাই কোনো কম্পানি ব্যান্ডের অ্যালবাম বের করতে চায় না পাইরেসির ভয়ে৷ পাইরেসি এখন এইডসের মতো ভয়াবহ হয়ে দাড়িয়েছে৷ যা শিল্পী সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে৷ তাই সবার এর বিরুদ্ধে রুখে দাড়ানো দরকার৷
উত্সঃ দৈনিক যায়যায়দিন।
Bangla Music Tags: Habib WahidRelated posts
Bangla Music : Incoming search terms
- পাইরেসি (1) -

Post Your Comments