গানের ময়না পাখি পূর্ণতা
পূর্ণতার স্বপ্নরা অপূর্ণ থাকে না। সব স্বপ্নই ডানা মেলে। মেঘের ভেতর দিয়ে নীল ছুয়ে ছুয়ে আকাশ থেকে আকাশে উড়ে বেড়ায়। পূর্ণতার নামের সার্থকতা এখানেই। বাবা-মা অবশ্য তখনো জানেননি নিজেদের অপূর্ণ স্বপ্নগুলো পূর্ণতা পাবে আদরের পূর্ণতাকে দিয়েই। এখন বরাবরই বাবা-মা স্বপ্ন দেখেন পূর্ণতা এক দিন অনেক বড় শিল্পী হবে। সাড়ে চার বছর বয়সে সম্পূর্ণ সুর-তাল-লয়ে গান করে যে মুগ্ধ করে দিতে পারে সবাইকে তাকে নিয়ে এমন স্বপ্ন দেখাটা মোটেই অমূলক নয়। সম্প্রতি সঙ্গীতার ব্যানারে বাজারে এসেছে পূর্ণতার ছড়া গানের অ্যালবাম ময়না পাখি। ১২টি ছড়া গান দিয়ে সাজানো এ অ্যালবামটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে পূর্ণতার বয়সী শিশুদের কাছে। পূর্ণতা সাউথ ব্রিজ স্কুলের ক্লাস টুর ছাত্রী। শুধু গান নয় নাচ আর ছবি আকায়ও পারদর্শী সে। গত বছর দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চিলড্রেন ফেস্টিভালে প্রশংসনীয় নৃত্য পরিবেশন করে বাংলাদেশের শিশু শিল্পীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে পূর্ণতা। বৈশাখীর পদ্মকুঁড়ি প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত, দেশের গান ও ছড়া গানে ইয়েস কার্ড পেয়েছে সে। নাচ-গান-ছবি আকায় এ পর্যন্ত যতো পুরস্কার পেয়েছে সে তা তার বয়সের তুলনায় অনেক বেশি। পূর্ণতার প্রিয় শিল্পীর তালিকায় রয়েছেন আশা ভোসলে ও সাবিনা ইয়াসমীন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আশা ভোসলে, সাবিনা ইয়াসমিন
Post Your Comments