গানের কোনো ধরনের মধ্যে আবদ্ধ থাকতে চান না মুহিন
২০০৬-এর ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার প্রথম রানার আপ মুহিন। প্রতিযোগিতা শেষে মুহিনের এ রেজাল্টে মেনে নিতে পারেননি অনেকেই। তারা আশা করেছিলেন মুহিনই হবেন ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন। এ নিয়ে অবশ্য মুহিনের কোনো আক্ষেপ নেই। কারণ, পহেলা বৈশাখে সঙ্গীতার ব্যানারে বাজারে এসেছে তার প্রথম একক অ্যালবাম তোমার জন্য। তোমার জন্য এবং অন্যান্য প্রসঙ্গে মুহিনের সঙ্গে কথা বলেছেন টি আই অন্তর।
তোমার জন্য আসলে কার জন্য?
নির্দিষ্ট কারো জন্য নয়। তোমার জন্য এ দেশের সব শ্রোতার জন্য- যারা গান শোনেন, গান ভালোবাসেন, গানের সঙ্গে নিজেদের প্রাণ বেধে রাখেন। সেই সব মানুষ, যারা প্রতিযোগিতা চলাকালে আমার গান শুনে পছন্দ করেছেন। এসএমএসের মাধ্যমে আমাকে ভোট দিয়েছেন। যাদের উৎসাহ-প্রেরণায় আমি ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় রানার আপ হতে পেরেছি। তাদের প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ তোমার জন্য।
তোমার জন্য অ্যালবামে কি ধরনের গান করেছেন?
আমার নির্দিষ্ট কোনো ধরন নেই। কোনো একটা ধরনের মধ্যে আবদ্ধ থাকাও আমার পছন্দ নয়। তাই আমি বিভিন্ন ধরনের গান করেছি। তার মধ্যে মেলোডি নির্ভর গানই বেশি। ২/১টি রিদ্মিক গানও রেখেছি, বিশেষ কিছু শ্রোতার কথা চিন্তা করে, যারা এ ধরনের গান শুনতে পছন্দ করেন। তাছাড়া, বর্তমানে যে ধরনের গান শুনছেন আমাদের শ্রোতারা, তার সঙ্গে সামঞ্জস্য রেখে গান করা হলেও কথা এবং সুরের দিক থেকে যাতে পরিচ্ছন্ন, পরিশীলিত আর সাবলীল থাকে, সেদিকেও খেয়াল রেখেছি।
কথা-সুরে কারা কারা ছিলেন?
কথায় ছিলেন রাসেল ও’নীল, সকাল, টি আই অন্তর, রানা, আগুন, সানভীর হুদা শান্ত, জোহান ও শাহান কবন্ধ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, আগুন, সানভীর হুদা শান্ত ও জোহান। পার্থ দা, বাপ্পা দা ও আগুন ভাইয়ের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ, বিশেষ করে পার্থ দা’র কাছে। রাতের পর রাত জেগে পার্থ দা আমার জন্য গান করেছেন। আমার অনেক জ্বালা-যন্ত্রণা সহ্য করেছেন। আমি দাদার স্টুডিওতে গিয়ে সারাক্ষণ বসে থাকতাম। আমার যন্ত্রণায় দাদা নিজের কাজগুলো ঠিক মতো করতে পারেননি। জোহান এবং শান্ত ভাই আমার জন্য আমেরিকা থেকে গান করে নিয়ে এসেছেন। সেই গানগুলোও আমি পার্থ দা’র স্টুডিওতে নামিয়েছিলাম এবং এ গানগুলোতেও পার্থ দা বাজিয়েছেন। জোহান এবং শান্ত ভাইয়ের গানও মিক্স করে দিয়েছেন তিনি। সত্যি বলতে কি, পার্থ দা শ্রম না দিলে এই বৈশাখে অ্যালবামটি আলোর মুখ দেখতো না।
এক ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা শেষ হয়ে আরেক ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা শুরু হলো, আপনার অ্যালবাম তৈরিতে এতো দেরি হলো কেন?
মাঝখানের সময়টাতে আমি প্রায় ৭ মাস বিদেশ টুরে ছিলাম। আমেরিকা, কানাডা, লন্ডনসহ বিভিন্ন দেশে কনসার্ট করেছি। দেশে ফিরেও আবার কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। যার ফলে গান করার দিকে ঠিক মতো মনোযোগ দিতে পারিনি। প্রতিযোগিতা শেষ হওয়ার প্রায় ১ বছর ৪ মাস পর আমার প্রথম অ্যালবাম বের হলো। এর মাঝে অবশ্য দুটি মিক্সড অ্যালবামে গান করেছি। একটি প্রিন্স মাহমুদের সুরে বোকা, অন্যটি পার্থ বড়ুয়ার সুর-সঙ্গীতে হ্যালো বৃষ্টি।
চলমান ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা নিয়ে আপনার মন্তব্য কি?
যে কোনো কিছুর আকর্ষণ প্রথম দিকে একটু বেশি থাকে। এবারের প্রতিযোগিতা হচ্ছে তৃতীয়বারের মতো। আগের তুলনায় এবারের প্রতিযোগিতা নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা কিছুটা কম। তারপরও এ ধরনের প্রতিযোগিতার জনপ্রিয়তা দিন দিনই বাড়ছে। এর প্রমাণ, এবার একই সঙ্গে তিন তিনটি প্রতিযোগিতা শুরু হয়েছে। আমি এটাকে পজিটিভলি দেখছি। কারণ, এ ধরনের সঙ্গীত প্রতিযোগিতা যতো বেশি হবে নতুনদের জায়গা ততো বাড়বে। তবে সত্যিকারের প্রতিভা যেন বেরিয়ে আসে সেদিকে সবারই লক্ষ্য থাকতে হবে।
বর্তমানে কি করছেন?
অ্যালবামটা তো সবেমাত্র বের হলো। অ্যালবামের প্রমোশন নিয়ে কিছু কাজ করছি। আর সেই সঙ্গে কনসার্ট নিয়ে ব্যস্ত আছি। সাম্প্রতিক সময়ে ঢাকার নন্দন পার্ক, টাঙ্গাইল স্টেডিয়াম, রাজশাহী মেডিকাল কলেজ, সাভার, ফেনীসহ আরো কিছু জায়গায় কনসার্ট করেছি। সামনেও বেশ কিছু কনসার্ট আছে। সেই সঙ্গে সোলস্-এর কি-বোর্ডিস্ট মাসুম ভাইয়ের সুর ও সঙ্গীতে পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, এস আই টুটুল ও ফাহমিদা নবীর সঙ্গে একটি মিক্সড অ্যালবামে কাজ করছি। এছাড়া রফিকুল আজিজ টিটোর সুর ও সঙ্গীতে এন্ড্রু কিশোরের সঙ্গে একটি দ্বৈত অ্যালবামে কাজ করছি।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আগুন, এন্ড্রু কিশোর, এস আই টুটুল, টি আই অন্তর, পার্থ বড়ুয়া, প্রিন্স মাহমুদ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, মুহিন, শান্ত, সোলস
Post Your Comments