ক্লোজআপ ওয়ান ২০০৮ - প্রথমবারের মতো একই মঞ্চে তিন বিচারক

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মূল বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহ্‌মিদা নবী ও পার্থ বড়ুয়া। অডিশন রাউন্ড শেষে ১২ মে শুরু হওয়া সিলেকশন রাউন্ডে এফডিসির ২ নম্বর ফ্লোরে প্রথমবারের মতো এ তিনজন একত্র হয়েছেন বিচারকের মঞ্চে। তাদের সঙ্গে কথা বলে লিখেছেন টি আই অন্তর

প্রথমবারের মতো আপনারা তিনজন বিচারকের মঞ্চে একত্রিত হয়েছেন। কেমন লাগছে?
আহমেদ ইমতিয়াজ বুলবুল : স্বাভাবিকভাবেই ভালো লাগছে। এতোদিন আমাদের বিচারকের মঞ্চে একসঙ্গে দেখা না গেলেও আমরা একত্রিত হয়েছি বেশ কয়েকবার। এছাড়াও আমাদের মধ্যে ইন্টার্নাল যোগাযোগ ছিল নিয়মিত।
ফাহ্‌মিদা নবী : বুলবুল চাচার সঙ্গে প্রায়ই কথা হতো। পার্থর সঙ্গেও। দুজনই চমৎকার মানুষ। অডিশন রাউন্ড চলাকালে দুজনের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে বেশ কয়েকবার। তবে ১২ মে আমরা প্রথমবারের মতো বিচারকের মঞ্চে একত্রিত হয়েছি। প্রতিযোগিতার প্রাণশক্তিতে আরো কিছুটা গতিময়তা এসেছে।
পার্থ বড়ুয়া : যে কোনো প্রয়োজনে আমি বুলবুল ভাই এবং ফাহ্‌মিদা আপাকে ফোন করেছি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে তারাও আমাকে ফোন করেছেন। এছাড়া যখনই আমাদের কারো সঙ্গে দেখা হয়েছে তখনই আমরা প্রতিযোগিতার খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেছি। এখন একই মঞ্চে একত্রিত হয়েছি বলে কথা বলা, আলাপ-আলোচনা করা আরো সহজ হয়েছে।

অডিশন রাউন্ড শেষ হয়ে সিলেকশন রাউন্ড চলছে। এ পর্যায়ে এসে আপনাদের উপলব্ধি কি?
আহমেদ ইমতিয়াজ বুলবুল : অডিশন রাউন্ডে প্রতিযোগীরা গান করেছে নির্ধারিত প্যানেলে দুজন বিচারকের সামনে। সিলেকশন রাউন্ডে তাদের গান করতে হচ্ছে মূল বিচারকদের সামনে। ফলে কিছু কিছু প্রতিযোগীর মধ্যে নার্ভাসনেস থাকা স্বাভাবিক। প্রথম দিন সিলেকশন রাউন্ডে অংশ নিয়েছিল চট্টগ্রাম ও কুমিল্লার ইয়েস কার্ড পাওয়া ৩৯ প্রতিযোগী। তাদের মধ্য থেকে সিলেকশন রাউন্ড উত্তীর্ণ হয়েছে ৯ প্রতিযোগী। তাদের মধ্যে ছিল ৩ জন ছেলে ও ৬ জন মেয়ে প্রতিযোগী। দ্বিতীয় দিন ময়নমসিংহ, রংপুর ও সিলেটের ৬৩ প্রতিযোগী অংশ নিয়েছিল। তাদের মধ্য থেকে উত্তীর্ণ হয়েছে ১৫ জন। এর মধ্যে ৭ জন ছেলে ও ৮ জন মেয়ে। আজকের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রাজশাহী ও কুষ্টিয়ার ৩২ প্রতিযোগী।
ফাহ্‌মিদা নবী : তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে রবিবার বিয়াম মিলনায়তনে শেষ হয়েছে প্রতিযোগিতার প্রথম ধাপ অডিশন রাউন্ড। অডিশন রাউন্ডে সারা দেশ থেকে অংশ নিয়েছিল প্রায় ৮৬ হাজার প্রতিযোগী। তাদের মধ্য থেকে সিলেকশন রাউন্ডের জন্য ইয়েস কার্ড পেয়েছে ৫৪০ প্রতিযোগী। গত দুদিনে সিলেকশন রাউন্ডে উত্তীর্ণ হয়েছে ২৪ প্রতিযোগী। আজ কতোজন উত্তীর্ণ হচ্ছে এটা এখনো বলা যাচ্ছে না। কারণ, আজকের প্রতিযোগিতা এখনো শেষ হয়নি।
পার্থ বড়ুয়া : ইয়েস কার্ড পাওয়া এ ৫৪০ প্রতিযোগীকে এবার মূল মঞ্চে আমাদের সামনে গান করতে হচ্ছে। তবে এ পর্বেও তাদের সঙ্গে কোনো মিউজিশিয়ান থাকছে না। তাদের মাইক্রোফোনে খালি কণ্ঠে গাইতে হচ্ছে। তাদের গাওয়া গান, গায়কী, থ্রোয়িং, কণ্ঠের শ্রুতিমাধুর্যসহ বিভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা প্রতিযোগীদের সিলেক্ট করছি। এ যাবৎ যতোজন সিলেক্ট হয়েছে, তাদের সবাই বেশ ভালো গান করেছে। তাদের মধ্যে টপ টেনে আসার মতো কয়েকজন রয়েছে। আমি আশা করবো, তারা গ্রুমিং সেশনের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে, নিজেদের আরো ভালো করে তৈরি করবে। আর আমরা তিনজন মূল বিচারক ছাড়াও বিচারকের দায়িত্বে আরো দুজন খ্যাতিমান সঙ্গীতজ্ঞ রয়েছেন। তারা হলেন অনুপ বড়ুয়া ও সুজেয় শ্যাম।

সিলেকশন রাউন্ড থেকে মোট কতোজনকে সিলেক্ট করা হবে? পরবর্তী রাউন্ড কি কি?
আহমেদ ইমতিয়াজ বুলবুল : এটার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত নেই। যারা ভালো গাইবে তাদের মধ্য থেকে আমরা বাছাই করে নেবো।
পার্থ বড়ুয়া : অল্পসংখ্যকও হতে পারে, আবার বেশিও হতে পারে। এটা নির্ভর করছে প্রতিযোগীদের ওপর। তাদের পারফরম্যান্স অনুযায়ীই আমরা সিলেক্ট করবো।
ফাহ্‌মিদা নবী : সিলেকশন রাউন্ড চলবে ১৯ মে পর্যন্ত। এ রাউন্ডে যারা সিলেক্ট হবে তাদের নিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে সেকেন্ড রাউন্ড। তারপর গ্রুমিং সেশন এবং সবশেষে টপ টেন প্রতিযোগিতা।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms