কে হচ্ছেন ক্লোজআপ ওয়ান
ক্লোজআপ ওয়ান গাও বাংলাদেশ গাও- গানের প্রতিভা খোজার প্রতিযোগিতাটি এখন শেষ পর্যায়ে৷ গেল জুন থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের গান গত শুক্রবার প্রচারিত হয়েছে৷ ফাইনাল রাউন্ডের তিন প্রতিযোগী সালমা, মুহিন এবং নিশীতা প্রত্যেকেই দুটি করে গান গেয়েছেন৷ এর মধ্যে একটি মৌলিক গান এবং অন্যটি প্রচলিত জনপ্রিয় গান৷ গানের পর্বটি প্রচার হওয়ার পর থেকেই শুরু হয়েছে এসএমএস ভোটিং৷
বিচারকদের নাম্বার এবং এসএমএস ভোটের নাম্বার মিলিয়ে ঘোষণা করা হবে ক্লোজআপ ওয়ান ২০০৬৷ এখন সবখানেই আলোচনা- কে হতে যাচ্ছেন এবারের ক্লোজআপ ওয়ান৷ কেউ বলছেন সালমাই হতে যাচ্ছেন এবারের ক্লোজআপ ওয়ান৷ আবার কেউবা বলছেন মুহিনই হবেন ক্লোজআপ ওয়ান৷ আবার নিশীতার সম্ভাবনাকেও কেউ উড়িয়ে দিচ্ছেন না৷ তবে যে কোনো বিতর্কের আগে চলুন জেনে নিই তিন প্রতিযোগী ক্লোজআপ ওয়ান নিয়ে কি ভাবছেন৷ মুহিনের মতে, সালমাই হতে যাচ্ছেন এবারের ক্লোজআপ ওয়ান৷ সঙ্গে সঙ্গে মুহিনের কাছে পাল্টা প্রশ্ন, কেন?
সালমার দর্শক-জনপ্রিয়তা অনেক বেশি৷ এছাড়া সে অনেক ভালো গান গায়৷ আগের পর্বগুলোর ফলাফল তার অনুকূলে৷ তবে আরেক প্রতিযোগী নিশীতা বললেন, মুহিন হবে এবারের ক্লোজআপ ওয়ান৷ কারণ বলতে গিয়ে নিশীতা জানান, মুহিনের গায়কীতে ভার্সেটাইল রূপ আছে৷ সেরা চার পর্বে তিনি প্রায় সাড়ে চার লাখ ভোট পেয়েছেন৷ তার জনপ্রিয়তা এখন অনেক বেড়ে গেছে৷ তবে কনিষ্ঠ প্রতিযোগী সালমা বলেছেন নিশীতার কথা৷ তার মতে, নিশীতার কণ্ঠে অনেক ধরনের গান মানায়৷ এছাড়া তিনি সুন্দর করে গান গাওয়ার চেষ্টা করেন৷
সেরা চারের পর্বটি ছাড়া এর আগের সব পর্বে শীর্ষস্থানে ছিলেন সালমা৷ তবে গত পর্বে চমক দেখিয়ে মুহিন উঠে এসেছেন শীর্ষস্থানে৷ বরাবরই সালমা বিচারকদের কাছ থেকে কম নাম্বার পাচ্ছেন৷ তবে দর্শকদের এসএমএস পাচ্ছেন প্রচুর৷ এ সম্পর্কে সালমা বলেন, হয়তো গান শুনিয়ে বিচারকদের মন জয় করতে পারছি না৷ এ কারণে নাম্বার কম পাচ্ছি৷ তবে দর্শকরা আমাকে এসএমএস করছেন, এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ৷
অপরদিকে সেরা চারের পর্বটিতে সাড়ে চার লাখের মতো ভোট পেয়েছিলেন মুহিন, এর পাশাপাশি বিচারকদের ৫০ নাম্বার পেয়েছেন৷ এ সাফল্যের রহস্য কি? আসলে দেশের গান যতোটা আবেগ দিয়ে গাইতে হয় আমার মনে হয় গত পর্বে সেভাবে গাইতে পেরেছি৷ এজন্য এ সফলতা এসেছে৷
ক্লোজআপ ওয়ান ২০০৬ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে প্রতিযোগীদের নানা সময়ই বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে৷ প্রায় ৫৫ হাজার প্রতিযোগী থেকে অডিশন এবং সিলেকশন রাউন্ড শেষে উঠে এসেছেন সেরা ৯৯ জন৷ আরেকটি রাউন্ড শেষে তা নেমে যায় ৪০-এ৷ সেরা ৪০ জনকে নিয়ে চলে গ্রুমিং সেশন৷ সেখান থেকে প্রতিযোগী বিদায় শেষে থাকেন সেরা ১৬৷ তারপর বিভিন্ন রাউন্ড শেষে সেরা তিন নির্বাচিত হন৷ এই সেরা তিনের ক্লোজআপে রেজিস্ট্রেশন নিয়ে রয়েছে মজার ঘটনা৷ প্রতিযোগীরা ফলাফলের প্রাক্কালে যায়যায়দিনের পাঠকদের সঙ্গে শেয়ার করেছেন একদম শুরুর সময়গুলোর কথা৷ মুহিনের রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল ডঞএ ০৪২৭১৷ অর্থাত্ এটি একটি ওয়েটিং রেজিস্ট্রেশন ছিল৷ তাই মুহিন শঙ্কায় ছিলেন, তিনি প্রতিযোগিতায় গান গাইতে পারবেন কি না৷ অডিশন রাউন্ডে মুহিন ১০-১১টা গান গেয়েছেন৷ ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় গাওয়া তার প্রথম গান আলগা কর গো খোপার বাধন৷ সালমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখন তিনি নিজেই ভুলে গেছেন৷ তিনি অডিশন দিয়েছিলেন খুলনায়৷ সালমা অডিশন রাউন্ডে মোট চারটি গান গেয়েছিলেন৷ তার গাওয়া প্রথম গান ছিল, ‘বেদনায় যে রূপ রেখা’৷ আরেক প্রতিযোগী নিশীতার রেজিস্ট্রেশন নাম্বার ০০২১৯৷ তিনি চট্টগ্রাম থেকে অডিশনে অংশগ্রহণ করেন৷ অডিশন রাউন্ডে মাত্র দুটি গান গেয়ে পার পেয়ে যান নিশীতা৷ তার গাওয়া প্রথম গানটি হলো, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’৷
আগামী ২৯ ডিসেম্বর গ্র্যান্ড ফাইনাল পর্বের মাধ্যমে ঘোষণা করা হবে ক্লোজআপ ওয়ান৷ অনুষ্ঠানটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে৷ সেই অনুষ্ঠানেই দেশ পাবে এ প্রতিযোগিতার সেরা তারকাটিকে৷
সালমা
সৃষ্টিকর্তা প্রদত্ত কণ্ঠ সালমার৷ ওস্তাদ শফি মণ্ডলের কাছ থেকে গান শিখেছেন৷ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে বাদ দিয়েছিলেন পড়াশোনা৷ এখন আবার নতুন করে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছেন৷ কুষ্টিয়ার অপরিচিত মেয়ে সালমাকে আজ সারা বাংলাদেশের মানুষ চিনছে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার কারণে৷ ফোক গান সালমার খুবই পছন্দ৷ ‘আমি কোথায় ছিলাম, এলাম যেথা, যাব কার সনে’ তার প্রিয় গান৷ প্রিয় শিল্পী ফরিদা পারভীন৷ তবে সালমা গান গাওয়ার সময় আব্বাসউদ্দীনকে অনুসরণ করেন৷ তার জন্ম তারিখ ১ জানুয়ারি৷ প্রিয় ব্যক্তিত্ব তার বাবা৷ সালমা অবসরে টিভি দেখতে পছন্দ করেন৷ ভবিষ্যতে অনেকদূর পড়াশোনা করার পাশাপাশি জাতীয় শিল্পী হিসেবে পরিচিতি পেতে চান সালমা৷
মুহিন
রাজশাহীর ছেলে মুহিন নিজের আত্মবিশ্বাস দিয়ে উঠে এসেছেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার সেরা তিনের তালিকায়৷ তিনি গান শিখেছেন নূর হালিম রিজভী (বীরপ্রতীক) এর কাছে৷ এ ছাড়া রফিকুল আজিজ টিটোর কাজ থেকে নিয়মিত সহযোগিতা পেয়েছেন৷ কুম্ভ রাশির জাতক মুহিনের প্রিয় ব্যক্তিত্ব তার বাবা-মা এবং হজরত মুহাম্মদ (সা.)৷ আমি বৃষ্টির কাছে কাদতে শিখেছি- মুহিনের প্রিয় গান৷ তার প্রিয় গায়ক সুবীর নন্দী, সৈয়দ আবদুল হাদী ও পার্থ বড়ুয়া৷ মুহিনের জন্মতারিখ ৬ ফেব্রুয়ারি৷ দারুল ইহসান ইউনিভার্সিটিতে বিবিএতে পড়াশোনা করছেন তিনি৷ মাসুদ রানা সিরিজের বইগুলো মুহিনের কাছে খুবই ভালো লাগে৷ ইদানীং মুহিন ‘তুমি ছাড়া এ দেহটা’ গানটা গুনগুন করে বেশ গাইছেন৷ বাংলার গানকে বিশ্বের দরবারে পৌছে দেয়া এবং দেশের জন্য কিছু করার স্বপ্ন লালন করেন মুহিন৷
নিশীতা
চট্টগ্রামের মেয়ে নিশীতা চার বছর বয়স থেকেই গান শিখেছেন৷ শ্রাবণী সাহার কাছে প্রাতিষ্ঠানিক শিখেছেন৷ আধুনিক গান গাইতে খুবই পছন্দ করেন তিনি৷ নিশীতার প্রিয় শিল্পী হাবিব, পার্থ বড়–য়া, কনকচাপা৷ বাপ্পা মজুমদারের গাওয়া ‘ফিরে এসো’ নিশীতার প্রিয় গান৷ সিংহ রাশির জাতিকা নিশীতার প্রিয় ব্যক্তিত্ব তার বাবা৷ জন্মতারিখ ১৭ আগস্ট৷ বর্তমানে এইচএসসিতে চট্টগ্রাম কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন৷ অবসর সময়টুকুতে ঘুমাতে পছন্দ করেন নিশীতা৷ পড়ালেখা চালিয়ে যাওয়ার পাশাপাশি আজীবন গান গেয়ে যেতে চান নিশীতা৷


Post Your Comments